আনন্দ-উৎসবে ঈদ উদযাপন
আনন্দ-উৎসব আর যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ বুধবার সারা দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের নামাজ শেষে যে যার সাধ্যমতো পশু কোরবানি দিয়েছেন।ঈদ উপলক্ষে রাজধানীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপে টাঙানো হয়েছে রং-বেরঙের পতাকা। পাশাপাশি সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা ও ঈদ মোবারকখচিত পতাকা উত্তোলন করা হয়েছে।ঈদে রাজধানীর বহু মানুষ বাড়ি যাওয়ায় রাজধানী এখন অনেকটাই ফাঁকা। আজ বড় বড় সড়ক দিয়ে রিকশা চলছে। বড়দের সঙ্গে নতুন আর বাহারি পোশাক পরে শিশুরা মেতেছে আনন্দে। পাড়ামহল্লার সঙ্গে আছে শিশুপার্কসহ নানা জায়গায় ঘুরে বেড়ানোর আনন্দ।ঈদ উপলক্ষে হাসপাতাল, জেলখানা, ভবঘুরে কেন্দ্র, বৃদ্ধাশ্রম ও শিশুসদনে আজ বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেশের সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওগুলো আয়োজন করেছে কয়েক দিনব্যাপী ঈদ অনুষ্ঠানের।সকাল আটটায় হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন এতে ইমামতি করেন। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের সদস্য, কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ। জামাতে প্রায় পাঁচ হাজার নারীও শরিক হন। জাতীয় ঈদগাহের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।এ ছাড়া রাজধানীতে ৩৬১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।এদিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে আটটায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী এবং এলাকার সাধারণ মানুষ জামাতে নামাজ আদায় করেন।নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি ও জাতীয় অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে স্পিকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।