আনন্দ-উৎসবে ঈদ উদযাপন (ভিডিওসহ)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ-উৎসব আর যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সোমবার সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের নামাজ আদায় করতে ঈদগাহ এবং মসজিদে সমবেত হন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে মহান আল্লাহ তাআলার উদ্দেশে যে যার সাধ্যমতো পশু কোরবানি দেবেন।

ঈদ উপলক্ষে রাজধানীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপে টাঙানো হয়েছে রং-বেরঙের পতাকা। পাশাপাশি সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা ও ঈদ মোবারকখচিত পতাকা উত্তোলন করা হয়েছে।ঈদে রাজধানীর বহু মানুষ গ্রামের বাড়ি যাওয়ায় রাজধানী এখন অনেকটাই ফাঁকা। আজ প্রধান প্রধান সড়ক দিয়েও রিকশা চলাচল করতে দেখা গেছে। বড়দের সঙ্গে নতুন আর বাহারি পোশাক পরে আনন্দে মেতেছে শিশুরা। পাড়ামহল্লার সঙ্গে আছে শিশুপার্কসহ নানা জায়গায় ঘুরে বেড়ানোর আনন্দ।ঈদ উপলক্ষে হাসপাতাল, জেলখানা, ভবঘুরে কেন্দ্র, বৃদ্ধাশ্রম ও শিশুসদনে আজ বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেশের সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওগুলো আয়োজন করেছে কয়েক দিনব্যাপী ঈদ অনুষ্ঠানের।সকাল সাড়ে আটটায় হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হক, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের সদস্য, কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ। জাতীয় ঈদগাহের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন নগরের ৯০টি ওয়ার্ডের প্রতিটিতে চারটি করে মোট ৩৬০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। নারীদের জন্য পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে।