আনন্দ-উৎসবে ঈদ উদযাপন
সারা দেশে আজ সোমবার যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সকালে নতুন পোশাক পরে ছোট-বড় সবাই ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করেছেন। শুরু হয়েছে ঘোরাঘুরি। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ এ-বাড়ি ও-বাড়িতে চলছে আনাগোনা আর শুভেচ্ছা বিনিময়।মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় এই উৎসব উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।প্রতিবারের মতো এবারও দেশের বৃহত্তম ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ঢাকায় সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। বৃষ্টি উপেক্ষা করে ছোট-বড় নানা শ্রেণী ও পেশার মানুষ শামিল হয়েছেন ঈদের নামাজে।ঈদ উপলক্ষে রাজধানীর সড়কদ্বীপগুলো ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও এফএম রেডিওগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।