আনন্দ-উৎসবে ঈদুল ফিতর উদ্যাপিত
এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে গত শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করেছে দেশের মুসলমান সম্প্রদায়। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।জাতীয় ঈদগাহে সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদসহ বিশিষ্ট ব্যক্তিরা এ জামাতে শরিক হন। প্রতিবারের মতো এবারও দেশে ঈদুল ফিতরের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ঈদের কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ঈদগাহ এবং জাতীয় মসজিদে নারীদের নামাজের জন্য ছিল বিশেষ ব্যবস্থা।রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ঈদুল ফিতরের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত-নির্বিশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মো. মোজ্জামেল হোসেন, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরা যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিন সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক ও বিশিষ্টজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা আয়োজন করে। সংবাদপত্রগুলো প্রকাশ করে ঈদের বিশেষ সংখ্যা। ঈদের ছুটির পরপরই হরতাল থাকায় এবার ঢাকার অনেকেই গ্রামের বাড়ি যেতে পারেননি। ফলে অন্যবারের মতো এবার ঢাকা একেবারে ফাঁকা হয়নি। তাই নগরবাসীকে ঈদের দিনও রাস্তায় যানজটে পড়তে হয়েছে। নগরের চিড়িয়াখানা, শিশুপার্কসহ বিনোদন কেন্দ্রগুলোতে ছিল সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়। পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়া তো ছিলই। অনেকেই ঢুঁ মেরেছেন নতুন উদ্বোধন হওয়া কুড়িল উড়ালসেতুতে। হাতিরঝিলেও ছিল মানুষের ভিড়। ঢাকাবাসী সংগঠন গত শনিবার শিশু একাডেমী থেকে ঈদ আনন্দ মিছিল ও র্যালি বের করে। এবারের স্লোগান ছিল ‘ঢাকার পণ্য কিনে হও ধন্য, বাংলাদেশের পণ্য সকলের জন্য’। র্যালিটি হাজারীবাগ গিয়ে শেষ হয়।