আনন্দ বিলানো
জুলাইয়ের শেষ দিনটিতে সকাল থেকেই অবিরাম বৃষ্টি। নন্দনের প্রাঙ্গণে কৃতী শিক্ষার্থীদের ওপর প্রকৃতি দেবী যেন ছিটাচ্ছিলেন আশীর্বাদের বারি। শিক্ষার্থীদের তাই সোনালি দিনে সোনালি সুখের সাড়া দিতে মঞ্চে এলেন চিরতরুণ কুমার বিশ্বজিৎ। তাঁর গানের তালে নন্দনের ঘাসে বৃষ্টির মাতমকেও ছাপিয়ে গেল জিপিএ-৫ পাওয়া ছেলেমেয়েদের উল্লাস। বিশ্বজিতের গানে কেবল শিক্ষার্থীরাই নন, তাঁদের মা-বাবারাও কোমর দুলিয়ে সাড়া দিলেন। অবশ্য কুমার বিশ্বজিৎও কম যাননি। তিনিই তো চিকিৎসককে ওপেন হার্ট সার্জারির অনুমতি দিয়ে প্রিয় মানুষকে পুতুলের মতো করে সাজিয়ে এই দুই প্রজন্মকে এক আসরে নাচিয়ে ছাড়লেন। দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস আর আনন্দের রংকে বাঙালিয়ানার রঙে রাঙিয়ে তিনি সর্বশেষে গাইলেন ‘একদিন বাঙালি ছিলাম রে...’।বাঙালি বর-বধূর বেশে না এলেও নববিবাহিত তিশা-ফারুকীকে করতালি দিয়ে শুভকামনা জানাল ঢাকার কৃতী শিক্ষার্থীরা। বিয়ের পর এই প্রথম এত মানুষের সামনে হাজির হওয়া তিশাও তাই তাঁর ভক্তদের মন রাখতে গেয়ে শোনালেন তাঁর ভেতর-বাইরের খবর। এরপর ফজলুর রহমান বাবু হাজির হলেন গায়কবেশে। তাঁর ‘নিথুয়া পাথারে’ গানে মুগ্ধ দর্শকেরা এত সহজেই ছাড়তে নারাজ। তাই গেয়ে জানালেন মন চুরি করা ‘অল্প বয়সী সখিনা ছেড়ি’র কথা। মনচোরা এই মোহিনীর বাড়ি কোন জেলায়? সে প্রশ্নের উত্তরে মাথা চুলকানোর আগেই মঞ্চে এসে সবাইকে চমক লাগিয়ে দিলেন বেদের মেয়ে জোছনার নায়ক ইলিয়াস কাঞ্চন। চেনা-জানা অভিভাবকের সুরে তিনি বললেন দেশকে ভালোবাসার কথা, দেশের মানুষকে ভালোবাসার কথা। বারবার মনে করিয়ে দিলেন, দেখে-শুনে রাস্তা পার হওয়া কতটা জরুরি। সময়ের চেয়ে জীবনের মূল্য যে অনেক বেশি, তা মেধাবীদের মনে করিয়ে দিলেন নিরাপদ সড়ক চাওয়া এই নায়ক। পরক্ষণেই মঞ্চে মোশাররফ করিমের নাম ঘোষণামাত্রই শিক্ষার্থীদের চিৎকার জানান দিল, তিনি তরুণদের মধ্যে কতটা জনপ্রিয়। তরুণদের উচ্ছ্বাস দেখতে আসা এই সব্যসাচী অভিনেতা তাদের গেয়ে শোনালেন, ‘সোনা বউদিদিগো দরজা খোল’ ও ‘যা দেখি তার সবই ভালো, ভালো ভালো লাগে না’ গান দুটি। বনলতার ভালো চুলের প্রশংসা করে নিজের চুলের ধুলোর কথা বলে তিনি বিদায় নিতেই মঞ্চে উপস্থিত সুকেশী গায়িকা ন্যান্সি। সদ্য কলেজে ওঠা ছেলেমেয়েদের মনের ভেতরকার ‘দ্বিধা’ কাটানোর গান গাওয়ার পর শোনালেন ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই/ আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই’। ন্যান্সি যতই ভালোবাসার পরিমাপ করতে যান না কেন, এফএম রেডিও শোনা এই প্রজন্মের পরিচিত শিল্পী শফিক তুহিনের সোজাসাপ্টা কথা, ‘ভালোবাসি বড় ভালোবাসি, এর চেয়ে ভালোবাসা যায় না’। তাঁর প্রাণপাখি ময়নাকে মেধাবীদের মধ্যে উড়িয়ে দিয়ে তিনি বিদায় নিলেন। ততক্ষণে মঞ্চে পা ফেলেছেন তারুণ্যের জয়গান গাওয়া জাঁদরেল শিল্পী ফাহমিদা নবী। বৃষ্টিমুখর নন্দনে হাজারো মেধাবীর মধ্যে ‘মন পবনের ঘুড়ি’ উড়িয়ে তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে মাঠটাকে নিজের করে নিয়ে সবাইকে শোনালেন ‘লুকোচুরি লুকোচুরি গল্প’।সংবর্ধনার দ্বিতীয় দিনে মঞ্চে এসে শিক্ষার্থীদের গান শুনিয়ে গেলেন ক্লোজআপ ওয়ান তারকা আবিদ শাহরিয়ার। ঢাকার শীর্ষস্থানীয় মেধাবীদের সংবর্ধনা জানাতে ঝলমলে সাদা শাড়ি পরে মঞ্চে এসে দাঁড়ালেন নন্দিত শিল্পী শাকিলা জাফর। তাঁর গানের শুরু এবং শেষ যে বাংলাদেশ, সেই কথাটা মনে করিয়ে গেয়ে উঠলেন, ‘আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশ...’। এরপর শিক্ষার্থীদের মাতাতে দলবেঁধে হাজির হলেন দলছুটের বাপ্পা মজুমদার। দলছুটদের দেখার জন্য মঞ্চের আশপাশে থাকা সব শিক্ষার্থীই মঞ্চের সামনে পড়িমরি করে ছুটে এল। বাপ্পাও তাদের নাচিয়ে ছাড়লেন ‘চাঁদের শহর, দিন বাড়ি যায়’ গেয়ে। তবে নন্দনের চার হাজার শিক্ষার্থী উল্লসিত হয়ে উঠেছিল দলছুটের সবাই যখন একত্রে গেয়ে উঠলেন, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে...’। বিদ্যুতের হাতছানি দিয়ে দলছুট বিদায় নেওয়ার পরই মঞ্চে আসেন চিত্রনায়ক ফেরদৌস। ফেরদৌস তাঁর অভিনীত শুভ বিবাহ-এর গান গেয়ে শোনান গানটির গীতিকার কবির বকুল ও শিল্পী বাপ্পা মজুমদারকে সঙ্গে নিয়ে। নায়ক থেকে প্রযোজনায় আসা ফেরদৌস তাঁর প্রথম ছবি এক কাপ চা চেখে দেখার আমন্ত্রণ জানালেন। মাথার ওপর গনগনে রোদে পোড়া শিক্ষার্থীদের শেষবারের মতো ধিকি ধিকি আগুনের উত্তাপে পোড়াতে ‘রিদম অব লাইফ’ নিয়ে মঞ্চে হাজির হলেন শাফিন আহমেদ। স্টাইলিশ এই গায়ক প্রথমেই পাথুরে নদীর জলে, পাহাড়ি মেয়েকে নামিয়ে তারপর গানে গানে প্রেয়সীর রূপের বন্দনা করলেন, ‘চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝরনা’ গেয়ে। শাফিনের গানে উন্মাতাল নন্দনের মাঠটাকে আরও একটু নাচাতে তিনি গেয়ে শোনালেন বনজোভির দুনিয়া কাঁপানো ‘ইটস মাই লাইফ’ গানটি। ‘রিদম অব লাইফ’-এর বাজনা আর গানের ছন্দে মাতাল মেধাবীদের শাফিন আবারও শোনালেন তাঁর তুমুল জনপ্রিয় গান ‘ফিরিয়ে দাও; আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও/ এভাবে চলে যেয়ো না।’ আসলেই চলে না যেতে চাইলেও বোধ হয় চলে যেতে হয়। তাই দিন শেষে বিকেলের সোনারঙে রাঙা পথে যে যার মতো বাসে ওঠা শুরু করল শিক্ষার্থীরা। নন্দনের মাঠে পড়ে থাকল তাদের পায়ের ছাপ।