আনন্দ-বেদনায় লিবীয়দের ‘মুক্তি’ উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় কর্নেল মুয়াম্মার গাদ্দাফির শাসনের ৪২ বছর পূর্ণ হওয়ার কথা ছিল ১ সেপ্টেম্বর। কিন্তু তার আগেই বিদ্রোহীদের হাতে ত্রিপোলির পতনের মধ্যে দিয়ে গাদ্দাফি যুগের অবসান হয়েছে। লিবিয়ার মানুষ নতুন করে পেয়েছে মুক্তির স্বাদ। এ উপলক্ষে লিবিয়ার পথে পথে এখন আনন্দ। তবে সে আনন্দেও খুঁজে পাওয়া যায় প্রিয়জন হারানো বেদনা। গাদ্দাফির পতনের পর রাজধানী ত্রিপোলিসহ বিভিন্ন শহরের রাস্তায় লোকজন ঘুরে ফিরছে। কেউ কেউ আনন্দে ফাঁকা গুলি ছুড়ছে। আবার এ গুলিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে সেখানে। তবে এত উত্সবের মধ্যে তাদের মনে এখনো সেই পুরোনো ভীতি বাসা বেঁধে আছে। উত্সবে যোগ দেওয়া মানুষের মুখে হাসি, কিন্তু সেই হাসির নিচেই বেদনার নীল রং।রাস্তার পাশের দেয়ালগুলো হয়ে উঠেছে একেকটি ক্যানভাসে। সেখানে নানা রঙের কালিতে লিবিয়ার তরুণেরা ফুটিয়ে তুলেছে গাদ্দাফি আমলের অরাজকতার নানা চিহ্ন। এসবের বাইরে তাদের জীবন এখনো নানা সমস্যায় জর্জরিত। রাস্তাঘাটের সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে আবর্জনা। সেগুলো পরিষ্কারেরও নেই কোনো উদ্যোগ। কোথাও কোথাও জ্বলছে আগুন।নিরাপত্তাব্যবস্থাও নিয়েও চিন্তিত সবাই। লিবিয়ার লোকজনের জন্য এখন নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উদ্বেগের আরেক কারণ। গাদ্দাফি বাহিনী পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করেছে। তা ছাড়া এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারীরা নিরাপত্তার ভয়ে এখনো কাজে যোগ দিচ্ছে না। অনেক মানুষই এখনো নিখোঁজ রয়েছে। বিদ্রোহীদের হিসাবে, লিবিয়ায় ৪০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। এসব বিষয় লিবিয়ানদের নতুন করে পাওয়া স্বাধীনতার সুখকে মলিন করে দিচ্ছে। বিবিসি অবলম্বনে।