আনন্দ বেদনার কাব্য
এই তো সেদিন, অক্টোবর মাসের প্রথম সপ্তাহের কথা। ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতাল থেকে ফোন করলেন ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। জানালেন, তাঁদের হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি আছে অনামিকা নামের পাঁচ বছরের একটি শিশু। তাঁদের ভাষায়, ‘অ্যাকিউট স্ট্রোক সিনড্রোম’—সেই সঙ্গে নিউমোনিয়া। ভেন্টিলেটর মেশিনে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) লাইফ সাপোর্টে আছে। কিন্তু দরিদ্র মা-বাবার সব সম্বল শেষ। এবার খুলে নিতে চান কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের যন্ত্রটি। তাঁদের বোঝানো হলো, এই যন্ত্র খুলে নেওয়া মানে তাদের সন্তানের চিরতরে চলে যাওয়া। চাঁদপুরের মতলব থেকে আসা অসহায় মা-বাবার তবু কিছুই করার নেই। ডাক্তার আশীষ এরপর বললেন, ‘আমরা সিদ্ধান্ত নিলাম, কোনোভাবেই এই যন্ত্র খুলব না। চিকিৎসা চালিয়ে নিতেই হবে। প্রথমেই মনে হলো প্রথম আলোর নাম। তাই ফোন করলাম। আপনারাই বাঁচিয়েছিলেন হূদয়, অরূপ কিংবা অমিতদের মতো জীবন।’ বললাম, ‘যে হূদয় দিয়ে যে ভাষায় আপনি কথাগুলো বললেন, সেভাবেই লিখে পাঠান।’ প্রজাপতির মতো উড়ে বেড়ানোর বয়সেই কি চলে যাবে অনামিকা? মা-বাবা গরিব, শুধু এই অপরাধেই? তাকে নিয়ে লেখাটি ছাপা হলো প্রথম আলোর সম্পাদকীয় পাতা খোলা কলমের ফিচারে ৭ অক্টোবর। দুপুর নাগাদ ডা. আশীষের আবার ফোন। কণ্ঠস্বরের উত্তেজনা চেপে রাখতে পারলেন না। ‘অসংখ্য ধন্যবাদ। প্রথম আলোর পাঠকদের কাছ থেকে যা সাড়া পাচ্ছি, তাতে মনে হচ্ছে, ছোট্ট অনামিকা হয়তো আবার ফিরে যেতে পারবে বাবা-মায়ের কোলে।’২৮ অক্টোবর সর্বশেষ খবরে জানলাম, অনামিকা এখনো হাসপাতালে, কৃত্রিম যন্ত্রটি আর লাগছে না তার। নিজেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছে...। গত ১২ বছরে প্রথম আলোর প্রতিবেদন, উপসম্পাদকীয়, ফিচারের পাতায় পাতায় ছিল অনেক মানবিক আবেদননির্ভর আয়োজন। বেশ কয়েক বছর আগের কথা, ‘প্লিজ চিঠিটা পড়ুন’ এই শিরোনামে এক নিম্নমধ্যবিত্ত অসহায় মা (পোশাক কারখানার ফ্লোর ইন চার্জ) তাঁর ছোট্ট মেয়ে ইমুকে বাঁচানোর জন্য আবেদন করেছিলেন নারীমঞ্চের পাতায়। তাঁর বক্তব্য শুনে চিঠি আকারে তা প্রকাশ করা হয়। এক লাখ টাকার অভাবে তাঁর মেয়ের অস্ত্রোপচার হচ্ছিল না। যেদিন চিঠিটা ছাপা হলো (৯ মে, ২০০১), সেদিন সন্ধ্যার মধ্যেই টাকা উঠে গেল। ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসকেরা, প্রথম আলোর সাংবাদিকেরা, মেয়েটির পরিবার—সবাই মিলে যেন একটা টিম হয়ে গেল। এমনটিই হয় অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু দুর্ভাগ্য, পরদিন অস্ত্রোপচারের টেবিলে নেওয়ার আগেই মেয়েটি মারা যায়। এই খবর ছাপা হওয়ার পর পাঠকদের যে মন খারাপ করা ফোন এবং চিঠি, তা ছিল ভাবনাতীত। যেন তারা হারিয়েছিল বড়ই আপনজন। অসুস্থ মানুষের জন্য মানবিক আবেদনসম্পন্ন প্রতিবেদন, ফিচার বা বিশেষ লেখার সবগুলো থেকেই যে সমান সাড়া এসেছে তা হয়তো নয়। কিন্তু এ ধরনের খবর যে মাত্রায়, যে সংখ্যায় প্রথম আলোতে আসে তাতে সহজেই বোঝা যায়, প্রথম আলোর প্রতি, প্রথম আলোর পাঠকদের প্রতি মানুষের আস্থা এবং প্রত্যাশা কতটুকু। কাকে রেখে কার খবর দেব? সবারই যে সমান বেদনা, জরুরিও সবার। সাহায্যের আবেদননির্ভর খবরের সংখ্যাধিক্যের কারণে বাস্তবতা এবং সংবাদপত্রের স্থানসংকট সব মিলিয়ে শেষমেশ প্রথম আলোর বার্তা বিভাগের উদ্যোগে একটি নির্দিষ্ট স্থান নির্ধারণও করতে হলো। যদিও এই সীমানাপ্রাচীর ভেঙে যায় প্রায়ই। অন্যের জুতোয় পা গলিয়ে দেওয়ামুন্সিগঞ্জে পদ্মা নদীতে ২০০ যাত্রী নিয়ে বিকল হয়ে গেছে লঞ্চ। ১০ কিলোমিটার ভেসেও গেল লঞ্চটি। যাত্রীদের মধ্যে একজন ফোন করলেন প্রথম আলোর বার্তা বিভাগে। বার্তা বিভাগের কর্মীরা শুধু খবর প্রকাশের উদ্যোগই নেননি, বরং ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, মুন্সিগঞ্জ প্রশাসনকে ত্বরিত খবর পৌঁছে দিয়ে লঞ্চ উদ্ধার ত্বরান্বিতও করেছেন। ২০০৮ সালের ২৫ আগস্ট প্রথম আলোর প্রথম পাতায় খবরটি আছে। শিরোনাম ছিল ‘২০০ লঞ্চযাত্রী যেভাবে উদ্ধার পেল’।নানির কাছে থাকে ছেলেটি। চোখের সামনে মা মারা গেল, নাকি মাকে মেরে ফেলা হলো? ঢাকার মোহাম্মদপুরের ছোট্ট তানভীরের পরিবার মনে করে, তানভীরের জীবনই এখন ঝুঁকিপূর্ণ। ছোট্ট তানভীর এখন তাই পুলিশ প্রহরায় থাকে। হায়রে শিশুর জীবন! এ কাহিনি ছাপা হয়েছে প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ২২ আগস্ট ২০০৪।বিশ্ববিদ্যালয়-পড়ুয়া ছেলেটি মাকে প্রচণ্ড ভালোবাসে। মা-ই যে তাদের সব। পাছে খরচ বাড়ে কিংবা কাজের ক্ষতি হয়, তাই অসুস্থতা চেপে রাখতেন এই কর্মজীবী মা। কিন্তু কর্কট ব্যাধি কি কাউকে ক্ষমা করে? একদিন না একদিন উঁকি তো সে দেবেই। অতঃপর জোরেশোরেই আত্মপ্রকাশ। বন্ধুদের সঙ্গে মিলে অভি নামের ছেলেটি এল প্রথম আলোয়। সবাই মিলে একসঙ্গে কথা বলে ওঠে। ওদের পদভারে কাঁপে যেন নতুন পৃথিবী। যে পৃথিবীতে বন্ধুর মাকে হারাতে দেবে না কেউ। ‘কী করতে চাও তোমরা?’ ‘মাকে বাঁচাতে চাই।’ ‘ঠিক আছে, চেষ্টা তো করি।’ সেই মাকে নিয়ে একাধিক ফিচার পাতায় ফিচার ছাপা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা মিলে দর্শনীর বিনিময়ে চলচ্চিত্র প্রদর্শন করল। অভাবনীয় সাড়া! এত শোকেও ছেলেটি কৃতজ্ঞ হাসি হাসে। হাসবে না? ওর পাশে যে বন্ধুরা আছে। প্রথম আলোর পাঠকেরা আছেন। ও জানে, একদিন মা থাকবেন না। তবু চিকিৎসাটা হোক। যত দিন ধরে রাখা যায়। অন্তত এই প্রক্রিয়ায় শুভাকাঙ্ক্ষীদের যেন চিনে নিল ছেলেটি। মনে মনে জেনে নিল, একা তো নয় সে। ঘটনাটি ২০০৯-এ।উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, পুরান ঢাকার একজন ব্যবসায়ীর ছোট ছেলে বাপ্পী হত্যা, বিশ্ববিদ্যালয়ের গোলাগুলিতে পড়ে মেধাবী ছাত্রের নিভে যাওয়া জীবন, বখাটেদের অত্যাচারে পুকুরে ঝাঁপ দিয়ে তলিয়ে যাওয়া গাইবান্ধার ছোট্ট মেয়ে তৃষা, কিংবা চালকের বেপরোয়া চালনার খেসারত নবীনগরে যাত্রীসহ ডুবে যাওয়া বাস—প্রতিদিন এমন দুর্ঘটনার খবর সংবাদপত্রের পাতায় পাতায়। দিনের ঘটনা, কী-কেন-কোথায়-কীভাবে-কে? সে তো ছিলই।গত ১২ বছরেই প্রথম আলোর সাংবাদিকেরা চেষ্টা করেছেন এসব ঘটনার সোজাসাপটা বর্ণনার পাশাপাশি মানবিক আবেদনের দিকটি আলাদা করে তুলে ধরতে। যার যায় তারই যায়। সবচেয়ে বেশি কষ্ট পান পরিবারের সদস্যরা। বন্ধুরা। তাঁদের মনের ক্ষত তুলে ধরে আমরা চেয়েছি সেই কথাটাই বলতে—এমন ঘটনা আর যেন কোনো পরিবারে না ঘটে। যোগাযোগ বিশেষজ্ঞ বারলো বলেছিলেন, অন্যের জুতোয় পা গলিয়ে দেওয়াই সমানুভূতি (empathy)। চেয়েছি সেই সমানুভূতি দিয়ে আপনজন হারানোর বেদনা স্পর্শ করতে। হরিধান থেকে গলফ চ্যাম্পিয়ন ২০০৩ সালে আলোকিত দক্ষিণে (দেশের দক্ষিণাঞ্চলের পাঠকদের জন্য প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্র) ছাপা হলো আট কলামজুড়ে শিরোনাম ‘হরিধান: হরিপদর সোনালি সন্তান’। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানালেন, হরিপদ কাপালি নামে এক কৃষক এমন একটি ধানের চাষ করেছেন, যার উৎপাদন এতই ভালো যে এলাকার কৃষকেরা অন্য ধান বাদ দিয়ে এ ধানেরই চাষ করছেন। নামহীন এই ধান এলাকায় হরিধান নামেই পরিচিত হয়েছে। এমন চমৎকার খবর শুধু আলোকিত দক্ষিণে ছাপা হবে? সম্পাদক বললেন, ‘কায়দা করে আবার প্রথম পাতায় নিয়ে আসো। আর খুঁজে দেখো এমন ইতিবাচক কাহিনি আরও পাওয়া যায় কি না।’ অতঃপর বার্তা পৌঁছে গেল সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রথম আলোর প্রতিনিধিদের কাছে। তেমন খোঁজ পাওয়া গেলে গুরুত্ব বিচারে ঢাকা থেকেও ছুটে যেতেন সাংবাদিকেরা। সারা দেশের জেলা প্রতিনিধির খবরের গন্ধ শোঁকা নাক আর বার্তা বিভাগের সুসম্পাদনা করা হাত—এই মিলে তৈরি হলো টিম। পাওয়া গেল চাঁপাইনবাবগঞ্জের বৃক্ষপ্রেমিক কার্তিক পরামাণিককে। সে বছরই ২ ডিসেম্বর প্রথম পাতায় ছাপা হলো ‘বিশাল বিশাল বৃক্ষগুলো যেন একেকটি কার্তিকনামা’। প্রতিনিধিদের উদ্যোগ আর ঢাকা থেকে বার্তা বিভাগের লাগাতার চাপ...খোঁজ খোঁজ খোঁজ। হ্যাঁ, এবার একের পর এক পরিকল্পনা করে আলাদা লোগো দিয়ে ছাপা শুরু হলো সাধারণ মানুষের অসাধারণ সাফল্যের গল্প। ২৬ ডিসেম্বর ছাপা হয়েছিল ‘টাঙ্গুয়ার হাওরে নতুন সম্ভাবনা...’। যা হয়, একবার যদি একধরনের প্রতিবেদন আলোচনায় চলে আসে, তখন পরপর সে পথ ধরেই হাঁটতে চায় অন্যরা। ফলে কৃষিবিষয়ক সাফল্যের কাহিনি আসতে থাকল একের পর এক। তবে, মাঝেমধ্যেই নদীর গতিপথের মতো সংবাদের গতিপথেও পরিবর্তন এসেছে। এসেছে শিক্ষা, সমবায় উদ্যোগসহ নানা বিষয়।সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পাওয়া গেল একজন শিক্ষককে—কৃষ্ণকান্ত তালুকদার—যিনি জাগিয়ে তুলছেন ছাত্রছাত্রীদের অন্তর্চক্ষু। ছাত্রছাত্রীদের চোখ বন্ধ করে কল্পনাশক্তি বৃদ্ধি করে পড়ান। ২০০৪ সালের ২৬ আগস্ট ছাপা হলো ‘কৃষ্ণকান্তের মনোছবির জগৎ’। দিনে এক মুষ্টি চাল, সপ্তাহে সাত মুষ্টি। রংপুরের প্রত্যন্ত গ্রামে ৪০ জন দুস্থ নারী এভাবে ২৮০ মুষ্টি চাল জমিয়ে হাঁস-মুরগি কেনেন। একসময় লটারির মাধ্যমে মালিক হন হাঁসমুরগির। অতঃপর ১০ টাকা জমিয়ে সাত দিন পর দুই হাজার ৮০০ টাকায় কেনেন ছাগল। এবং একই কৌশলে একদিন ছাগলের মালিক। অবিশ্বাস্য হলেও স্বামী পরিত্যক্তা বুদ্ধিমতী আরজিনা খাতুনের নেতৃত্বেই এই ঘটনা ঘটে। ২০০৬ সালের ১০ ফেব্রুয়ারি ছাপা হলো ‘মুষ্টিচালে দারিদ্র্যজয়’। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের শিবরাম শ্রেষ্ঠ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুশৃঙ্খল পরিবেশ, আকর্ষণীয় শিক্ষাপদ্ধতি, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ১৯৯৬ সালে স্কুলটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। ১৯৮১ সালে প্রধান শিক্ষক নূরুল আলম স্কুলটিতে যোগ দিয়ে একপর্যায়ে পাল্টে দিতে শুরু করেন এর চেহারা। এই স্কুলের কাহিনি ২০০৪ সালের ৩ জানুয়ারি ‘প্রথম আলোর বিশেষ প্রতিবেদন’ শিরোনামে এবং ২০০৮ সালের ৪ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যায় দুই দফায় ছাপা হয়। ২০০৯ সালের ৩ নভেম্বর আবারও বিশেষ ফলোআপ প্রতিবেদনে জানা গেল, শিবরাম বিদ্যালয়ের আদলে এখন আড়াই হাজার বিদ্যালয় গড়ে উঠেছে! এ বছর ১৮ সেপ্টেম্বর প্রথম আলোয় ছাপা হলো ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের এক মহিলা ফুটবল দলের কথা। প্রত্যন্ত অঞ্চলে এমন দৃশ্য, ভাবা যায়! মেয়েরা ফুটবল খেলছে, দৌড়াচ্ছে, কসরত করছে। যে মানুষ এ কাজটি করলেন তিনি বাদশারুল ইসলাম। শিরোনাম ছিল ‘করে দেখালেন বাদশারুল’। শুরুর দিকে এই প্রতিবেদনগুলো ছাপা হতো শুক্রবারে। পরবর্তীকালে এই ইতিবাচক সাফল্যগাথার নাম হলো ‘শনিবারের বিশেষ প্রতিবেদন’। এমন কিছু নির্বাচিত বিশেষ প্রতিবেদন নিয়ে প্রথম আলো এবং স্বচেষ্টায় উন্নয়ন নেটওয়ার্ক ২০০৭ সালে একটি বইও প্রকাশ করেছে। বইটির নাম এগিয়ে চলেছে বাংলাদেশ। শুধু প্রথম পাতাতেই নয়, প্রথম আলোর বিশাল বাংলা বিভাগে কিংবা বিভিন্ন ফিচার পাতায়ও গত ১২ বছরে খুঁজে খুঁজে তুলে আনা হয়েছে নানা সাফল্যের কাহিনি। ‘দুঃসংবাদই বড় সংবাদ’—প্রতিদিনের সংবাদপত্রের এই চেহারায় আমরা যখন সন্ত্রাস, দুর্ঘটনা, হতাশার খবরে ডুবে যেতে থাকি, তখন একজন আরজিনা খাতুন কিংবা হরিপদ অথবা কৃষ্ণকান্ত তালুকদার আমাদের কিছুটা হলেও সাহস জুগিয়েছেন এগিয়ে চলার।এখনো মনে পড়ে, রাজশাহীর বাগমারার ৮৪ বছরের এক বৃদ্ধের নতুন করে লেখাপড়া করার উদ্যোগের কাহিনি। শিরোনাম ছিল ‘বয়স এইট্টি ফোর, পড়ি ক্লাস ফোর’। ছাপা হয়েছিল বিশাল বাংলা পাতায়। মাইলের পর মাইল পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে বই পড়ান পলান সরকার। তাঁকে নিয়ে মূল প্রতিবেদন ছাপা হলো শনিবারের ম্যাগাজিন ‘ছুটির দিনে’তে (১৭ ফেব্রুয়ারি, ২০০৭)। খবরে জানা গেল, বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান জিতেছেন এশিয়ান ট্যুর। তিনি ছিলেন বলবয়। তাঁকে নিয়ে ছুটির দিনে এই শনিবারেই মূল প্রতিবেদন করল—‘শূন্য থেকে শিখরে’। ধামালকোট বস্তি থেকে কুর্মিটোলায় গলফ ক্লাবে বল কুড়াতে আসা একটি ছেলে কীভাবে একদিন গলফ চ্যাম্পিয়ন হয়ে নিজের আর পরিবারের মুখে হাসি ছড়িয়ে দিল—এই কাহিনি কি আমাদের উৎসাহ জাগায় না?মানুষের মুখ থেকে অসুস্থ পেঁচা একজন মানুষের মুখের হাসি। এর চেয়ে পৃথিবীর সুন্দর দৃশ্য আর কী-ই বা থাকতে পারে? আর উল্টো দিকে একজন মানুষ বড় দুঃখী। ভাবুন তো? ‘কে হায় হূদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে’? গত ১২ বছরে এই সব মানুষের মুখগুলোই খুঁজে ফিরেছে প্রথম আলো। কখনো প্রতিবেদন বা ফিচারে, কখনো আলোকচিত্রে। তবে হ্যাঁ, যে মানবিক সে একই সঙ্গে প্রকৃতি-পশুপাখি সব বেলাতেই হয়তো মানবিক। তাই হয়তো টেলিফোনে পাঠকদের নানা মত, নানা অভিযোগ, নানা পরামর্শ, নানা তথ্য, নানা সমস্যার কথা শোনার জন্য প্রথম আলোতে যে ‘ইনফরমেশন ডেস্ক’ চালু করা হয়েছে, সেখানে একদিন ঢাকা থেকে একজন নারী ফোন করে বললেন, ‘আমাদের বাসার কাছে দু-দিন ধরে একটা পেঁচা দেখছি। মনে হচ্ছে ও অসুস্থ। প্রথম আলোকে জানালাম।’ হয়তো এটাই প্রথম আলোর শক্তি। এই নাগরিক ব্যস্ত জীবনে কে কার?মানবিক পাঠকএ কথা চোখ বন্ধ করে বলা যায়, প্রথম আলোর পাঠকেরা আসলে খুব মানবিক পাঠক। পত্রিকার পাতায় আনন্দ-বেদনার যেকোনো কাহিনি পড়ে তাঁরা সঙ্গে সঙ্গে সাড়া দেন। কখনো ফোন করে, কখনো চিঠি লিখে, কখনো সশরীরে এসে। অধুনা ই-মেইলে। পোশাক-কারখানার কর্মী মায়ের মেয়ে ইমুকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন অনেকেই। তার মধ্য থেকে ড. সেলিম আনসারীর পরিবার থেকে পাঠানো একটি ই-মেইল বার্তা সে সময় ছাপা হয়েছিল (১৬ মে ২০০১, নারীমঞ্চ)। এত বছর পর আবার সেই বার্তাটি তুলে দিচ্ছি:...Our resources are small but still we want to help her. We are all human being, and we should at least give some respect to the humanity...মেয়েকে হারিয়েও ইমুর মা বলেছিলেন, ‘ইমুর জন্য প্রথম আলোর পাঠকেরা অনেক করেছেন। ইমুর কপালে নাই। আমি দোয়া করি, তাঁদের সবার ছেলেমেয়েরা ভালো থাকুক। সুস্থ থাকুক। আরেকটু আগে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ হইত...।’ এর-ওর কাছ থেকে চেয়েচিন্তে সন্তানকে পড়িয়েছেন মা। অষ্টম শ্রেণীতে বৃত্তি পেল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের হাওয়া বেগমের সন্তান রবিউল্লাহ। খবরটি ছাপা হলো প্রথম আলোয়। অতঃপর এই অদম্য মেধাবী ছাত্র এসএসসি, এইচএসসিতে একের পর এক ভালো ফল করে আজ ভর্তির সুযোগ পেয়েছে ঢাকা মেডিকেল কলেজে। দুই বাক্স মিষ্টি হাতে, এগাল-ওগাল হাসি নিয়ে রবি এসেছিলেন প্রথম আলোয় গত সপ্তাহে। এই হাসির নেপথ্যে, রবির শিক্ষাজীবনের পুরো পথে সঙ্গে ছিলেন প্রথম আলোর পাঠকেরা। ১২ বছরে এমন অসংখ্য, অজস্র উদাহরণ রয়েছে। হ্যাঁ, প্রথম আলোর পাঠকেরা এমনই।