আনন্দ বেদনার টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলে; তাহলে বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রিতে কেন প্রযুক্তির ব্যবহার করল না? টানা ২৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেছি, কিন্তু একটা টিকিট পাইনি।’ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর কোনো টিকিট না পেয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী মো. মেহেদী হাসান। গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত সিটি ব্যাংকের কারওয়ান বাজার শাখায় লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি।আবার নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মৌসুমী রহমান বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট পেয়ে আনন্দে আত্মহারা। সিটি ব্যাংকের ধানমন্ডি শাখার সামনে মৌসুমী বলেন, ‘মনে হচ্ছে, কী যেন একটা জয় করে ফেলেছি।’ আর দুপুরে কারওয়ান বাজার শাখা থেকে টিকিট পেয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইফুল বললেন, ‘কেমন লাগছে তা ভালো করে বলতে পারব না। তবে বিশ্বকাপ খেলা যাঁরা দেখবেন, সেই গর্বিতদের একজন হব আমিও।’টিকিট পাওয়া না-পাওয়ার আনন্দ আর ক্ষোভ-বেদনার যুগপৎ বহিঃপ্রকাশ ঘটেছে গতকাল রাজধানীতে সিটি ও অগ্রণী ব্যাংকের নির্ধারিত শাখাগুলোর সামনে। ব্যাংক দুটির নির্ধারিত আটটি শাখার সামনে গত শনিবার বিকেল থেকে টিকিটের জন্য শত শত ক্রিকেটপ্রেমী অবস্থান নেয়। ক্রিকেট-ভক্তদের সামলাতে হিমশিম খেয়েছে পুলিশ। মিরপুরের ১ নম্বর গোলচত্বরে একটি গাড়ি ভাঙচুর করেছে টিকিটপ্রত্যাশী কয়েকজন বিক্ষুব্ধ।ক্রিকেট-ভক্ত ও টিকিটপ্রত্যাশীরা বলেন, বিগত কয়েকটি বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে। এবার নিজ দেশে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন হচ্ছে। তাই মাঠে থেকে সাকিব বাহিনীর খেলা দেখা আর নিজ দলকে উৎসাহ জোগানোর সুযোগ কেউই হাতছাড়া করতে রাজি নন। কিন্তু এমন এক জটিল প্রক্রিয়ায় টিকিট বিক্রি করা হচ্ছে, যা সবাইকে বিরক্ত ও ক্ষুব্ধ করছে। যে কারণে জটিলতা: গতকাল সকাল ১০টায় শুরু হয়ে টানা সন্ধ্যা ছয়টা পর্যন্ত টিকিট বিক্রি করা হয়। প্রতিটি শাখায় লাইন থেকে পাঁচজন করে ঢোকানো হয়। এঁদের সবাইকে একটি করে ফরম দেওয়া হয়। ফরমে নিজের নাম, মোবাইল নম্বর, পরিচয়পত্রের ধরন এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখে যে খেলাটি দেখতে ইচ্ছুক, সেই ঘর পূরণ করে জমা দিলে একটি স্বাক্ষর করা রসিদ দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এই প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লেগে যায়। আর বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন রীতিমতো ক্লান্ত হয়ে পড়ছিল।ব্যাংকের কর্মকর্তারা জানান, খেলা শুরুর এক সপ্তাহ আগে ব্যাংকের স্বাক্ষর করা রসিদটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ঢাকার বাইরে বিভাগীয় ক্রীড়া সংস্থায় জমা দিয়ে মূল টিকিট সংগ্রহ করতে হবে। এ ব্যাপারে সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ক্লাস্টার (ঢাকা-২) মোহাম্মদ সালেক উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা এই জটিলতা নিরসনের চেষ্টা করেছিলাম। কিন্তু উদ্যোক্তারা বলছেন, পদ্ধতিটি নির্ধারণ করা হয়ে গেছে। এখন আর এটি পরিবর্তন করা সম্ভব নয়।’বিক্ষুব্ধ ভক্ত, উৎকণ্ঠিত কর্মকর্তা: কারওয়ান বাজার শাখায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে টিকিটের জন্য অপেক্ষমাণ লোকজন একপর্যায়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি দেখে বিকেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ব্যাংক কর্মকর্তাদের বলেন, ‘একেকজন ১৬টি করে টিকিট নিচ্ছেন। এভাবে টিকিট নিলে বাইরের শত শত মানুষকে টিকিট দেবেন কীভাবে? মানুষ সকাল থেকে অপেক্ষা করছে। টিকিট না পাওয়া লোকদের আমরা থামাব কীভাবে? একটা সুষ্ঠু ব্যবস্থা করেন, যাতে বেশির ভাগ লোক টিকিট পায়।’জবাবে ব্যাংক কর্মকর্তা মো. সালেক উদ্দিন বলেন, ‘প্রতিটি খেলার দুটি করে আটটি খেলার ১৬টি পর্যন্ত টিকিট একজন নিতে পারবেন। এটিই নিয়ম করা হয়েছে। আমি তো আর নিয়ম ভাঙতে পারব না।’ তিনি বলেন, ‘আমরাও খুব উৎকণ্ঠায় আছি। আপনাদের লোকজনকে বাইরে প্রস্তুত রাখুন।’ সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক হাজার টিকিটপ্রত্যাশী সিটি ব্যাংকের মিরপুর দারুসসালাম শাখায় লাইনে দাঁড়িয়ে আছে। মানুষকে সামাল দিতে পুলিশ ও ব্যাংকের নিরাপত্তাপ্রহরীরা হিমশিম খাচ্ছেন। একপর্যায়ে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে একদল তরুণ আরেক দলকে ধাওয়া দেয়। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিপেটা করে। যুবকদের কয়েকজন মিরপুর ১ নম্বর গোলচত্বরে একটি গাড়ি ভাঙচুর করে। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।দীর্ঘ অপেক্ষার পর টিকিট না পাওয়া এবং টিকিট বিক্রিতে ধীরগতির কারণে সিটি ব্যাংকের ধানমন্ডি শাখার সামনে অপেক্ষমাণ লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তরায়ও এমন ঘটনা ঘটে। র্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সন্ধ্যায় আবার লাইন: এত ভোগান্তির পরও গতকাল সন্ধ্যায় আবারও লাইনে অপেক্ষা করতে শুরু করেছে টিকিটপ্রত্যাশীরা। আজ আবার তারা টিকিট পাওয়ার জন্য চেষ্টা করবে।