আনন্দ-বেদনার মহাকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ মানেই ৩২ দল আর ৬৪টি ম্যাচ নয়। সেই গণ্ডি ছাড়িয়ে বিশ্বকাপ হয়ে ওঠে বর্ণিল মহোৎসব। বিশ্বকাপ কাভার করতে গিয়ে কাছ থেকে সেই উৎসব দেখেছেন পবিত্র কুন্ডু। সেই অভিজ্ঞতা নিয়ে এই ধারাবাহিক রচনার শেষ পর্ব আজগ্যারেথের মাথায় লাল সাদা নীল রঙের রাজকীয় টুপি। গায়ে কমলা জার্সি। কিন্তু কেসি পরেছেন ‘শত্রু’ শিবিরের সাজ। মাথায় লাল-হলুদ টুপি। গায়ের জার্সি গাঢ় লাল রঙের। স্বামী-স্ত্রীর পাশ দিয়ে যেতে যেতে আমি ওদের জিজ্ঞেস করি, কার দল জিতবে? গ্যারেথ চিৎকার করে ওঠেন, ‘ওরাঞ্জে, হল্যান্ড!’ কেসির গলাও সপ্তমে চড়ে, ‘এসপানিওল...!’ দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল। প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম (সিরিয়াস অবশ্য নয়)। আমি হাসতে হাসতে বলি, ‘ঝগড়া-বিবাদ না করে আমরা তো টস করেই দেখতে পারি কারা চ্যাম্পিয়ন হবে।’ তথাস্তু! রাজি হয়ে যান আমস্টারডাম থেকে ফাইনাল দেখতে চলে আসা তরুণ ডাচ দম্পতি। টসে উঠল ‘হেড’, মানে গ্যারেথের হল্যান্ড জিততে চলেছে! গ্যারেথ দুপায়ের ওপর লাফ দিয়ে হাসলেন অট্টহাসি, ‘হল্যান্ডই চ্যাম্পিয়ন হবে। তৃতীয় ফাইনালে আমরা আর খালি হাতে ফিরব না।’ কিন্তু ফাইনালটা গ্যারেথের জন্য শেষ পর্যন্ত হলো বিষাদময়। স্টেডিয়াম থেকে ফেরার পথে কেসি কি স্পেনের বিজয়ে উদ্বেল হয়ে উত্ত্যক্ত করেছিলেন স্বামীকে? এই দৃশ্য আর দেখা হয়নি।আমি দেখেছি পরাজয়ের পর ওয়েসলি স্নাইডারের বিষণ্ন মুখ। দুচোখের কোণে চিকচিক করছে অশ্রু, ডাচ দলকে ফাইনালে তোলার নায়ক কোমরে দুহাত ঠেকিয়ে তাকিয়ে রইলেন কোন সুদূরপানে। আমি বিজয়ী অধিনায়কের চোখেও দেখলাম জলের ধারা। শেষ বাঁশি বাজতেই দুহাতে চোখ ঢেকে কাঁদছেন ইকার ক্যাসিয়াস। তাহলে জয় আর পরাজয়ে, আনন্দ কিংবা বেদনায় মানুষের অনুভূতি কোনো একটা সময় একাকার হয়ে যায়!বিজয়ের আনন্দ কতটা বাঁধভাঙা হতে পারে সেটিও কিন্তু খানিক পরে দেখিয়েছেন ক্যাসিয়াস। বিজয়ী স্পেন অধিনায়কের সাক্ষাৎকার নিতে গেলেন টেলেসিনসো টিভির রিপোর্টার সারা কারবোনেরো। বিপুল ভোটে জয়ী বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারী ক্রীড়া সাংবাদিক। আবেগাপ্লুত ক্যাসিয়াস কথাই বলতে পারছিলেন না। গুছিয়ে প্রশ্নও করতে পারছিলেন না সারা। কয়েক দফা প্রশ্নোত্তরের পর পেশাদারি খোলসটাকে বড্ড ভারী মনে হলো ক্যাসিয়াসের কাছে। সারাকে আলিঙ্গনে বেঁধে চুমু এঁকে দিলেন তাঁর ঠোটে। সাংবাদিক-খেলোয়াড়ের পেশাদার দূরত্ব একেবারে শূন্যে নেমে বড় হয়ে উঠল দুটি হূদয়ের দাবি। ইউটিউবে এটা বছরে সর্বাধিক দেখা ভিডিওর রেকর্ড করে বসল। বিশ্বকাপের অনেক আগেই দুজনের মন বিনিময় হয়েছে। কিন্তু এ জন্য তাঁদের কম যন্ত্রণা সইতে হয়নি বিশ্বকাপে এসে। সুইজারল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে গেল স্পেন। স্পেনজুড়ে সমালোচনা আর নিন্দার ঝড় বইল, মাঠের পাশে ‘বুম’ হাতে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটাই যত নষ্টের মূলে। ও-ই সব মনোযোগ কেড়ে নিচ্ছে ক্যাসিয়াসের, তাই পোস্টের নিচে দাঁড়িয়ে হাত কাঁপছে বিশ্বসেরা গোলরক্ষকের! কিন্তু শেষে তো দেখা গেল ‘লেডি লাক’ বলে যদি কিছু থাকে, তার কিছুটা সারা কারবোনেরোর উপস্থিতিরও ফল। ক্যাসিয়াস হয়তো সেটাই জানিয়ে দিলেন সারা বিশ্বকে। তাহলে জাভির কাছেও একটা সৌভাগ্যের পরশপাথর ছিল। ক্যাসিয়াস-সারা উপাখ্যান হয়তো অনপনেয় স্মৃতি হয়ে থাকবে বিশ্বকাপ ইতিহাসে। কেননা ইউটিউব ওটার সাক্ষী! কিন্তু জাভি ফাইনাল জিতে যা করেছেন সেটি কোনো ক্যামেরা ধরতে পেরেছে কি না জানা নেই। পুরস্কার বিতরণীর আগ মুহূর্তে নিরাপত্তারক্ষীরা সারা মাঠ হাত ধরে ঘিরে রয়েছে। সেই জাল ছিঁড়ে কারও গ্যালারি থেকে মাঠে বা মাঠ থেকে গ্যালারিতে ছুটে যাওয়ার উপায় নেই। কিন্তু স্পেনের এই জাদুকর মিডফিল্ডার জাদুকরি একটা দৌড় দিয়ে নিরাপত্তারক্ষীদের পায়ের ফাঁক গলে পৌঁছে গেলেন উত্তর-পূর্ব কোণের গ্যালারিতে। যেখানে ছিলেন তাঁর বান্ধবী। তাঁকে বাঁধলেন বাহুডোরে, ঠোঁটে-মুখে দিয়ে এলেন উপহার, একটা ‘স্টিপল চেজ’ দিয়ে ফিরে এলেন মাঠে।কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিধ্বংসী জয়ের পর স্টেডিয়ামের বাইরে স্মিট ও আঞ্জেলা দেখালেন আনন্দ-বেদনার এপিঠ-ওপিঠ। জার্মান তরুণ স্মিট জার্মানির জয়ে দুহাত তুলে আনন্দ করছেন, তাঁর আর্জেন্টাইন বান্ধবী আঞ্জেলা বারবার সতর্ক করে দিয়েও থামাতে পারছিলেন না এই ‘অসহ্য উল্লাস’। শেষে উল্টোদিকে হনহন করে হাঁটা শুরু করে দিলেন। হাঁটা তো নয়, যেন দৌড়ানো। স্মিটের সেদিকে চোখ ছিল না। হঠাৎ করে চোখ পড়তেই দেখেন আঞ্জেলা চলে গিয়েছেন অনেকদূর। শুরু করলেন দৌড়। কাছে গিয়ে যতই বান্ধবীর দুহাত ধরেন মিনতি করে, ফিরে আসে তাঁর হাত। বুঝতে পারি, একটা জয় এবং পরাজয় দুজনের পথের গন্তব্য এঁকে দিয়েছে দুদিকে। স্মিট ও আঞ্জেলা কি আবার পরস্পরের হাত ধরে ফিরে এসেছিলেন? জানা হয় না। ভরা রাস্তায় কতক্ষণ আর একজোড়া মানব-মানবীর আনন্দ-বেদনার ইতিবৃত্ত দেখার আশায় দাঁড়িয়ে থাকা যায়? কেপটাউনের ওই রাতে তো অসংখ্য-অজস্র মানুষের হূদয় ভেঙে চূর্ণ হয়ে গেছে। যুগলে যুগলে যূথবদ্ধ সমাবেশে।বিশ্বকাপ ফুটবলই এমন। আনন্দ-বেদনার মহাকাব্য। কেউ হাসে, কেউ কাঁদে। খেলার বৃত্ত ভেঙে বিশ্বকাপ জীবনেরই যেন প্রতিচ্ছবি হয়ে ওঠে। যেখানে সাফল্যের পূজারি সবাই। ব্যর্থকে কেউ মনে রাখতে চায় না। চার বছর পর ব্রাজিল বিশ্বকাপেও নিশ্চিত করেই এই আনন্দ-বেদনার ছবি দেখা যাবে। রিও ডি জেনিরো, কুরিতিবা, পোর্তো আলেগ্রে, সাও পাওলো বা ব্রাসিলিয়ার স্টেডিয়ামে কান্না-হাসির দোল দোলানো এই মেলা দেখার জন্য সময় গুনতে থাকুন। (শেষ)