আনন্দ-বেদনার মিশ্র অনুভূতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ত্যাগের এই উৎসবে পশু কোরবানির চেয়ে বড় কোরবানি বোধহয় নিজের খুশি আর আনন্দ বিলিয়ে দেওয়া। আর আমরা ঈদের দিন নির্জন হলে পরিবারের সঙ্গ ছাড়া একা একা যে সময় কাটালাম এর চেয়ে বড় কোরবানি কী হয়?’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের ছাত্র আশিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ঈদের ছুটিতে বাড়ির পানে ছুটলেও অনেকেই সে পথে পা বাড়াননি। ঈদের পর পরই পরীক্ষা থাকায় কিংবা ঈদের সময় যানবাহনের টিকিট প্রাপ্তির ঝক্কি এড়াতেই তাঁরা থেকেছেন বিশ্ববিদ্যালয়ের হলে। যেমনটি বলছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ৪১০ নম্বর কক্ষনিবাসী রুহুল আমিন। তাঁর ভাষ্য, ‘ঈদের পর পরই আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। দু-তিন দিনের জন্য বাড়ি গিয়ে আবার ফিরে আসার এই ঝামেলা এড়াতেই বাড়ি যাওয়া হয়নি।’ ওদিকে জসীমউদ্দীন হলের এক আবাসিক শিক্ষার্থী তো বলেই ফেললেন, ‘ঈদের একদিন আগে রংপুর যাওয়ার জন্য সকাল থেকে সায়েদাবাদ গিয়ে বসে থেকেও কোনো গাড়ির দেখা পেলাম না। তাই কী আর করা, ফিরে এলাম ক্যাম্পাসে।’শিক্ষার্থী মুখরিত হলগুলো ঈদের সময় কেমন যেন ফাঁকা হয়ে পড়ে। হলের মেস, ক্যানটিন, লন্ড্রি থেকে শুরু করে হলের নিচের চায়ের দোকানগুলোতেও ঝুলছে তালা। তাই তো হলের ছেলেমেয়েদের সময়টা কাটে বোধহয় মৌসুমী ভৌমিকের এই গান শুনে, ‘এক একটা দিন বড় একা লাগে।’ ঈদের দিনটা যাতে বিমর্ষ মনে না কাটাতে হয়, সে জন্য হলের হাউস টিউটর আর প্রভোস্টরা বেশ তৎপর ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও কম তৎপরতা দেখায়নি। তাই তো হলে থাকা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের খাওয়ার জন্য একটি আস্ত গরুর ব্যবস্থা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে ঈদের আগের দিন গিয়ে দেখা যায়, কোরবানি দেওয়ার জন্য গরু এনে রাখা হয়েছে। হলের হাউস টিউটর কাজী মাহবুবুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, হলের ছেলেদের জন্য সকালে সেমাই আর দুপুরে উন্নতমানের খাবারের আয়োজন তাঁরা করেছেন। গোটা পঞ্চাশেক শিক্ষার্থীর জন্য পোলাও, গরুর মাংস আর কোমল পানীয় ছিল দুপুরের খাবারের মেন্যুতে।‘ঘুম থেকে উঠে দেখি প্রায় পৌনে একটা বাজে। ততক্ষণে হলের নিচে ছেলেদের গলার আওয়াজ শুনে বুঝলাম, খাবারের পর্ব শুরু হয়েছে বোধহয়। তাড়াতাড়ি নিচে এসে যা পেলাম তাতে কোনোমতে খাওয়াদাওয়া শেষ করলাম।’ বলছিলেন জিয়া হলের ৪০৬ নম্বর কক্ষের আবাসিক ছাত্র মোস্তাফিজুর রহমান। নির্ধারিত সময়ের মধ্যে এসেও না খেয়ে ফিরে গিয়েছেন, এ রকম দু-একজনের দেখাও পাওয়া গেল। বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত উন্নতমানের খাবার প্রদানের কথা জিয়া হলের নোটিশবোর্ডে থাকলেও সোয়া দুইটা গিয়ে দেখা যায়, পাতিলে কেবল পোলাও অবশিষ্ট আছে। আর ৪০ কেজি গরুর মাংসের পুরোটাই নাকি পয়তাল্লিশ মিনিটে খেয়ে সাবাড় করে দিয়েছে হাতেগোনা কয়েকজন ছাত্র!অবশ্য হলে হলে আবার খাওয়ার মেন্যুতেও দেখা গেল তফাৎ। এফ রহমান হলের খাবারের মেন্যুতে পোলাও, গরুর পাশাপাশি মুরগির ঠ্যাংও ছিল বলে জানালেন হলের এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য প্রতিটি হলের আয়তন অনুযায়ী ঈদখরচের বাজেট দিয়েছেন। যেমন—জিয়া হলের জন্য বরাদ্দ ছিল ৪০ হাজার টাকা।