একাত্তরের পরাজিত শক্তি রাজাকার-আলবদরদের প্রতিহত করার দৃঢ়প্রত্যয় এবং যুদ্ধাপরাধীদের শাস্তি কার্যকর করার দাবি নিয়ে জাতি আজ স্বাধীনতার ৪২তম বার্ষিকী পালন করছে। জেগে উঠেছে তরুণ প্রজন্ম। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিরুদ্ধে চক্রান্তকারী ও হানাদার পাকিস্তানিদের সহযোগীদের প্রতিহত করতে দেশ এখন ঐক্যবদ্ধ। স্বাধীনতার এই মহান দিনে জাতি আজ বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করবে দেশমাতৃকার পরাধীনতা ঘোচাতে আত্মদানকারী বীর সন্তানদের। শ্রদ্ধা নিবেদন করবে স্বাধীনতার স্থপতি বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় নেতা, নৃশংস গণহত্যার শিকার লাখো সাধারণ মানুষ ও সম্ভ্রম হারানো মা-বোনের প্রতি। ২৬ মার্চ দিনটি জাতির জীবনে একই সঙ্গে আনন্দ ও বেদনার। স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির প্রতি ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার সেনারা যে বর্বর গণহত্যা চালিয়েছিল, সেই মৃত্যুর বিভীষিকা থেকে মাথা তুলে দাঁড়িয়েছিল দেশের মুক্তিপাগল বীর সন্তানেরা। ২৫ মার্চের গভীর রাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে গ্রেপ্তার হওয়ার আগেই বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে প্রশিক্ষণহীন নিরস্ত্র বাঙালিরা যেভাবে একটি সুশৃঙ্খল অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত সামরিক বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, পৃথিবীর ইতিহাসে তেমন সংগ্রামের দৃষ্টান্ত বিরল। জীবন উৎসর্গ করে শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে দীর্ঘ নয় মাসের মুক্তির সংগ্রাম শেষে বাঙালি পরাজিত করেছিল হানাদারদের। ছিনিয়ে এনেছিল বিজয়। কিন্তু সেই সংগ্রামে এ দেশেরই কিছু কুলাঙ্গার হাত মিলিয়েছিল নিজের ভাই, নিজের মা-বোনের ওপর হামলাকারীদের সঙ্গে। স্বাধীনতার পর উদ্যোগ নেওয়া হয়েছিল সেই রাজাকার-আলবদরদের বিচারের। ক্ষমতার পটপরিবর্তনের মধ্য দিয়ে সেই বিচারের উদ্যোগ বন্ধ হয়ে যায়। সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সেই পরাজিত শক্তিকে সংগঠিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়। এমনকি দিনে দিনে তারা রাষ্ট্রীয় ক্ষমতারও অংশীদার হয়ে ওঠে। পাশাপাশি গণদাবি উঠতে থাকে তাদের প্রতিহত করার। ধর্মের নামে তাদের রাজনীতি নিষিদ্ধ করার।অবশেষে চার দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। একাত্তরের মানবতাবিরোধীদের বিচার করার প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য বিচার-প্রক্রিয়া শুরু করে। এর মধ্যে তিনজনের বিচারের রায়ও ঘোষিত হয়েছে। কিন্তু সেই পরাজিত সাম্প্রদায়িক শক্তি আবার দেশজুড়ে শুরু করেছে সন্ত্রাস-হানাহানি। হামলা করছে সংখ্যালঘুদের ঘরবাড়ি, উপাসনালয়ে। তবে তাদের প্রতিহত করতে জেগে উঠেছে তরুণ প্রজন্ম। সারা দেশ সংহতি প্রকাশ করে ঐক্যবদ্ধ হয়েছে একাত্তরের ঘাতকদের প্রতিহত করার প্রত্যয়ে জেগে ওঠা তরুণদের সঙ্গে। এ কারণেই এবারের স্বাধীনতা দিবস পেয়েছে এক বিশেষ মাত্রা।দিনটি সরকারি ছুটি। দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় পত্রপত্রিকা বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। সরকারি ও বেসরকারি বেতার ও টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। ডাক বিভাগ প্রকাশ করবে স্মারক ডাকটিকিট। উপাসনালয়গুলোতে হবে বিশেষ প্রার্থনা। সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাতে হবে আলোকসজ্জা।বাণী: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে দলমত-নির্বিশেষে গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে এবং গণতন্ত্র ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বানচাল করতে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক ও চিহ্নিত প্রতিক্রিয়াশীল শক্তি মরিয়া হয়ে উঠেছে। তাদের অপতৎপরতা নস্যাৎ করতে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তাঁর বাণীতে গণতন্ত্রের পতাকা সমুন্নত রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। কর্মসূচি: যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বরাবরের মতোই এবারও সরকারি ও বেসরকারি পর্যায়ে সারা দেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজধানীতে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর বীরশ্রেষ্ঠ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করবেন। পর্যায়ক্রমে বিরোধীদলীয় নেতা, বিদেশি কূটনীতিকেরা এবং সর্বস্তরের মানুষ ফুলে ফুলে শ্রদ্ধা জানাবেন বীর শহীদদের প্রতি। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ। প্রধানমন্ত্রী এতে প্রধান অতিথি থাকবেন।এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমজীবী, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাদের নিজ নিজ কর্মসূচি নিয়েছে।