আনন্দ মিছিলের নগর চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ডের বিপক্ষে জয়ের পর চট্টগ্রামের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করেছেন সমর্থকেরা। জাতীয় পতাকা হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে এসব মিছিল বের করা হয়। ঢোল ও নানা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান সমর্থকেরা।নগরের জিইসি মোড়, মেহেদিবাগ, কাজীর দেউড়ি, জামালখান, আসকার দীঘির পাড়, আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাট, এনায়েতবাজার, মোমিন রোড, বাকলিয়া পাঁচলাইশসহ বিভিন্ন এলাকায় মিছিল চলতে থাকে। ট্রাক ও মোটরসাইকেল নিয়েও আনন্দ মিছিল করতে দেখা গেছে।গতকাল সোমবার সন্ধ্যার দিকে প্রায় ২০টি মোটরসাইকেলের একটি মিছিল নগরের জিইসি মোড়, কাজীর দেউড়িসহ বিভিন্ন এলাকা ঘোরে। লাল-সবুজ রঙে রাঙানো তরুণদের কণ্ঠে ছিল ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ ধ্বনি। শিহাব নামে এক তরুণ বলেন, ‘বাংলাদেশ চট্টগ্রামে সত্যিই টাইগারের মতোই খেলেছে। তাদের স্যালুট।’খেলা শেষে সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ দলের হোটেলে ফেরার সময় রাস্তার দুই পাশে সমর্থকেরা দাঁড়িয়ে ছিলেন। তবে নিরাপত্তাকর্মীদের বাধার মুখে তাঁদের কেউ কাছে ঘেঁষতে পারেননি। সাগরিকা জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম থেকে ক্রিকেটারদের বহনকারী বাস দুটি বের হওয়ার সময় সাগরিকা থেকে জিইসি মোড় পর্যন্ত পুরো সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়। তবে এ সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকা সমর্থকেরা পতাকা ও হাত নেড়ে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের অভিনন্দন জানান। খেলা শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামের আশপাশের সড়কে ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগান দিয়ে জড়ো হতে থাকেন ক্রিকেট-ভক্তরা। তাঁরা বাংলাদেশ দলের বিভিন্ন খেলোয়াড়ের নামেও স্লোগান দেন। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গ্যালারি ছেড়ে বেরিয়ে আসা তরুণ-তরুণীদের মুখেও ছিল বাংলাদেশকে শুভ কামনা জানিয়ে স্লোগান। খণ্ড খণ্ড মিছিলগুলো সাগরিকা রোডে গিয়ে বড় হতে থাকে। আস্তে আস্তে আনন্দ মিছিল ছড়িয়ে পড়ে সড়ক-উপসড়কে। ১১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর চট্টগ্রাম মিছিলের নগরে পরিণত হয়েছিল। সাগরিকাসহ বিভিন্ন সড়ক ও হোটেল পেনিনসুলার সামনে ভক্তদের ভিড়ের কারণে ক্রিকেটারদের স্টেডিয়াম থেকে হোটেলে ফিরতে দুই ঘণ্টার বেশি সময় দেরি হয়। পরে পুলিশ সমর্থকদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।বিভাগীয় স্টেডিয়ামে গতকাল গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। কারণ এ ম্যাচ জিতলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালের ভাগ্যনির্ধারক। তাই মাঠে বসে এ ম্যাচ দেখার জন্য সকাল সাতটা থেকে দর্শকেরা ভিড় করতে থাকেন স্টেডিয়ামে। তাঁরা লাইনে দাঁড়িয়ে ট্রান্সটেল গেট দিয়ে গ্যালারিতে ঢোকেন। নিরাপত্তা ও যানজট এড়াতে প্রায় এক কিলোমিটার দূরে পাসহীন যানবাহন বন্ধ করে দেওয়া হয়। ফলে দর্শকদের অনেক দূর থেকে পায়ে হেঁটে স্টেডিয়ামে আসতে হয়। কিন্তু বিশ্বকাপ ও নিজ দেশের খেলা দেখার ইচ্ছার কাছে এসব কষ্ট ম্লান হয়ে যায়।পশ্চিম গ্যালারির গেটে দাঁড়ানো উজ্জ্বল ও তাহিন নামে দর্শকেরা জানান, ‘অনেক দূর থেকে হেঁটে এসেছি। কিন্তু বিশ্বকাপ দেখব, এটাই সবচেয়ে বড় কথা। একটু কষ্ট তো সহ্য করতে হবে।’