আনন্দ মেলার খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির পাশে (সাবেক নর্থ সাউথ রোড) সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একচিলতে মাঠে বসেছে ঈদমেলা, যা ‘ঈদ মীনা বাজার’ নামে পরিচিত। ঈদের দিন থেকে শুরু হয়েছে এই আয়োজন। পথচারী ও যাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য পথের ধারে রয়েছে দুটি ঢাউস সাউন্ডবক্স। তাতে কখনো বাজছে ঈদের গান, আবার কখনো শুধুই ঢাকঢোলের বাদ্য। বাদ্য শুনে এ-মুখো হয় না—এমন পথচারী মেলা ভার। টিকিট কেটে এখানে ‘ঢুঁ’ মারছেন অনেকেই। তবে বেশির ভাগ দর্শনার্থীই ‘ঢাকাইয়া’।সেই মোগল আমল থেকেই ঈদ উপলক্ষে ঢাকায় মেলা বসার রীতি চলে আসছে। আগের সেই জৌলুস না থাকলেও এখনো পুরান ঢাকার কোথাও কোথাও ঈদের মেলা বসেছে। তাতে থাকছে কিছু ঢাকাই বৈশিষ্ট্য।সুরিটোলার ঈদ মীনা বাজারে ঢুকতেই অন্য এক রাজ্য। চারদিকের কংক্রিটের দালানের মধ্যে ছোট্ট মাঠে ঘুরছে চরকি। রয়েছে নাগরদোলাও। এ মেলায় সব বয়সের মানুষই দেখা গেল।সুরিটোলা ঈদ মীনা বাজারের আকর্ষণ ছিল ‘কাব-জাব’ নামের দুটি দোকান। একটিতে রয়েছে শুধু ঢাকাই হরেক পদের খানাপিনার আয়োজন; অন্যটিতে ছিল কবুতরের সমাহার। ঢাকাই পরিবারগুলোয় কবুতর পোষার শখ বহু দিনের। এই শখের কারণেই মেলায় কবুতর এনেছেন মালিক মোহাম্মদ জাভেদ। তাঁর দোকানে আছে ২৫ হাজার টাকা দামের রেসার কবুতর। এ ছাড়া হোমা, সিরাজি, ম্যাগপাইয়ের মতো সেরা জাতের কবুতরও তিনি এনেছেন। সুরিটোলা ঈদ মীনা বাজারের আয়োজনকারীদের একজন আনোয়ার হোসেন জানান, এলাকার স্কুলমাঠে ১২ বছর ধরে মেলার আয়োজন করছে এলাকাবাসী। আজ মেলাটি শেষ হবে।সুরিটোলা মেলা পেরিয়ে তাঁতীবাজারের মোড়ে আসতেই চোখে পড়বে মালিটোলা ঈদমেলার একটি টাওয়ার। এখানকার ইংলিশ রোড পৌর পার্কে বসেছে আরেকটি ঈদমেলা। নাগরদোলা, চরকি আর দোলনার পাশাপাশি এখানে ছিল পুতুলনাচের আয়োজন। আছে জাদু দেখা ও শেখার আয়োজন।মালিটোলা মেলার পাশেই চোখে পড়ে সুন্দর করে সাজানো টমটম গাড়ির। ঈদ উপলক্ষে পুরান ঢাকার একাধিক এলাকায় টমটম গাড়িতে ভ্রমণের আয়োজন ছিল। নানা রঙের জরি আর নেটের বাহারি কাপড়ে সাজানো হয়েছিল এগুলো।এদিকে ধোলাইখালের ট্রাকস্ট্যান্ডেও বসেছে ঈদের আনন্দমেলা। মেলায় ছিল ঢাকাই নানা পদের খাবারের পসরা। ছিল কুচি বরফের বানানো বাহারি রঙের আইসক্রিমের দোকান। লক্ষ্মীবাজার ডিসিসি মার্কেটে (সাবেক ডিআইটি মার্কেট) বসেছিল একটি মেলা। বহু বছর ধরেই চকবাজারে বসে ঈদমেলা। এবারও বসেছিল। ঐতিহ্য আর বনেদিয়ানায় মেলাটি এখনো সেরা। ভোজনরসিক ঢাকাইয়াদের জন্য এখানে ছিল বাহারি সব খাবারের পদ। চকের ঈদমেলায় ছিল মাষকলাইয়ের ডাল দিয়ে বানানো বড়া, মুড়ালি, খই, মুড়ির মোয়া আর বিভিন্ন ফল দিয়ে বানানো আচার। চকের মেলায় আবদুল মতিন এনেছিলেন ২০ পদের আচার।ঈদ উপলক্ষে বংশাল পুকুর আর নবাববাড়ির গোল তালাবে (পুকুর) ছিল নৌভ্রমণের আয়োজন। বংশালের বাসিন্দা নাজির হোসেন জানান, এখানে দুই বছর ধরে পুকুরের চারধারে বসছে ঈদ মিলনমেলা। এলাকার নবীন-প্রবীণ বাসিন্দাদের উপস্থিতিতে চলে এ অনুষ্ঠান। এমন ঈদ পুনর্মিলনীর আয়োজন ছিল কায়েতটুলি, সিদ্দিকবাজার, আলুবাজার, ইসলামপুর, কাগজিটোলা, নাজিরাবাজার আর বেচারাম দেউড়িতে। ঈদের এসব আনন্দ আয়োজনে ঢাকাই পরিবারগুলো মেতে থাকবে পুরো সপ্তাহ। যে কেউ ঘুরে আসতে পারেন পুরান ঢাকার কোনো একটা ঈদ আয়োজনে।