আনন্দ মোহন কলেজের ঘটনা তদন্তে কমিটি
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শতবর্ষপূর্তি উত্সব অনুষ্ঠানে বিচ্ছৃঙ্খলা ও মেয়েদের লাঞ্ছিত করার ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। ঘটনার ১০ দিন পর গতকাল মঙ্গলবার কলেজের এক বিজ্ঞপ্তিতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।ময়মনসিংহ জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক প্রথম আলোকে জানান, এ ঘটনা তদন্তে বেশ কয়েকটি দল কাজ করছে। ভিডিও ও স্থিরচিত্রসহ সব ধরনের গোপন তথ্য দিয়ে সহযোগিতার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।কলেজ সূত্র জানায়, গতকাল দুপুরে কলেজের অধ্যক্ষ মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে এ ঘটনা নিয়ে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ৩০ জানুয়ারির সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বিশদ আলোচনা শেষে কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল কদ্দুসকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ব্রজলাল চক্রবর্তী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও শহীদ জননী জাহানারা ইমাম ছাত্রীনিবাসের সুপার জান্নাতুল ফেরদৌস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও নতুন ছাত্রীনিবাসের সুপার মো. আজাহারুল ইসলাম, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. নূরুল আফছার, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রাবাসের সুপার মো. জাহাঙ্গীর কবীর এবং উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক ও শহীদ জননী জাহানারা ইমাম ছাত্রীনিবাসের সহকারী সুপার নাহিদ আলম।কলেজের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জানুয়ারি অনুষ্ঠান চলাকালে আসন দখল নিয়ে কয়েক মিনিটের জন্য কিছুটা হুড়োহুড়ি হলেও তা তাত্ক্ষণিকভাবে উদ্যাপন কমিটি, কলেজ কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করেন। পরে যথারীতি অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়। কিন্তু একাধিক পত্রিকায় অনুষ্ঠানের কয়েক দিন পর ৩০ তারিখের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বিচ্ছৃঙ্খল ঘটনার বিবরণ প্রকাশ করে। তবে অনুষ্ঠান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা কলেজ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়নি। তার পরও এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।আনন্দ মোহন কলেজ শিক্ষক পরিষদের গাজী হাসান কামাল বলেন, ‘এ বিষয়ে কিছুটা সময় নিয়ে পর্যবেক্ষণ শেষে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। এই তদন্ত কমিটি ১২ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন অধ্যক্ষের কাছে জমা দেবেন।’সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা কাজ করছি। এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন।’বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন ও সাধারণ সম্পাদক মনিরা বেগম এক বিবৃতিতে এ ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন।