আনন্দ শিপইয়ার্ড ইসলামী ব্যাংকের প্রতিবাদ ও জবাব
‘ইসলামী ব্যাংকের গুরুতর সব ঋণ অনিয়ম’ শীর্ষক ২২ জুলাই প্রকাশিত প্রতিবেদনে প্রতিবাদ করেছে ইসলামী ব্যাংক ও আনন্দ শিপইয়ার্ড। ইসলামী ব্যাংক বলেছে, তারা জাহাজনির্মাণ শিল্পের বিকাশে প্রভূত সম্ভাবনার দিক বিবেচনায় রেখে এ খাতে বিনিয়োগ করেছে। গ্রাহকের বিনিয়োগ প্রস্তাব যথাযথ নিয়ম মেনে স্বচ্ছতার সঙ্গে মূল্যায়ন করা হয়েছে। কোনো নিয়ম ভঙ্গ করা হয়নি। ইসলামী ব্যাংক বলেছে, আনন্দ শিপইয়ার্ড অপর একটি ব্যাংকে বন্ধক থাকায় তা মর্টগেজ নেওয়া যায়নি। তাই সহায়ক জামানত হিসেবে শিপইয়ার্ডসংলগ্ন ১০ কোটি টাকা মূল্যের জমি, টঙ্গী, নয়াপল্টন ও নারায়ণগঞ্জে চার কোটি ৭৬ লাখ টাকার সম্পত্তি জামানত হিসেবে এবং জেরিনা টেক্সটাইল মিলের ১৩৬ কোটি ৫০ লাখ টাকার মূল্যের সম্পত্তির ওপর অতিরিক্ত চার্জ সৃষ্টি করা হয়েছে।ব্যাংকটি আরও বলেছে, জাহাজগুলোর নির্মাণকাজ শেষ হলে উপযুক্ত ক্রেতা খুঁজে বিক্রি করার চেষ্টা করা হবে। এতে বিনিয়োগ আদায় করতে তারা সক্ষম হবে। ইসলামী ব্যাংক দাবি করেছে, জেরিনা কম্পোজিট টেক্সটাইলে সব বিনিয়োগ ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে হয়েছে। সাবিকুন্নাহার বস্ত্র বিতানের পুরো টাকা আদায় হয়েছে। প্রতিবাদলিপিতে ইসলামী ব্যাংক বলেছে, আমার দেশ পাবলিকেশনে ১০ কোটি টাকার বিনিয়োগ ২০১১ সালের ২৭ ডিসেম্বর অনুমোদন হয়। নবায়ন হয় এক বছর পর। এরপর ২০১৩ সালের ৩ মার্চ এক লাখ ২৪ হাজার ডলারের এলসি খোলা হয়। ডকুমেন্ট আসার পর যথা নিয়মে মুনাফা ধার্য করা হয়েছে। আর বিলট্রেড কালার কোট এর দায় নিয়মিত হয়েছে দাবি করেছে ইসলামী ব্যাংক।আনন্দ শিপইয়ার্ড: কোম্পানি বলেছে, তারা দেশ থেকে জাহাজ রপ্তানির দ্বার উন্মুক্ত করেছে। আটটি জাহাজ রপ্তানির চুক্তি বাতিল করে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান অর্থ ফেরত নিয়ে গেলেও তা চ্যালেঞ্জ করা হয়েছে এবং জার্মানের আদালত এই অর্থ জব্দ করে রেখেছে। আইনি লড়াই চলছে। আর অর্থ ফেরত গেলেও, এই অর্থে ক্রয় করা মালামাল আনন্দ শিপইয়ার্ডের আওতায় রয়েছে। সুতরাং অর্থ হাতিয়ে নেওয়ার কোনো সুযোগ, ক্ষেত্র বা অভিপ্রায়ের অভিযোগটি অবান্তর।তারা বলেছে, যেকোনো ব্যবসায় চুক্তি বাতিল হওয়া অস্বাভাবিক নয়। বিশ্বমন্দার কারণে ইউরোপের আর্থিক প্রতিষ্ঠানগুলো অনেক বিনিয়োগ থেকে সরে আসে। জাহাজনির্মাণ শিল্পও এর বাইরে নয়। জাহাজ কোনো পচনশীল দ্রব্য নয় যে এর মূল্যমান অতিদ্রুত কমে যাবে। আনন্দ দাবি করেছে, বৈদেশিক গ্যারান্টি প্রদানে কোনো বিধিমালা লঙ্ঘন করা হয়নি। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ঋণের বিপরীতে শতভাগ জামানত নিতে হয়। শতভাগের বেশি জামানত রয়েছে।জেরিনা টেক্সটাইলে ঋণ প্রদানে ও গ্রহণে কোনো অনিয়ম হয়নি। কোম্পানির শেয়ার ধারণ কোম্পানি আইনের বিধি অনুযায়ী করা হয়েছে। প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোর পুরো প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো একটি পরিপালন প্রতিবেদন থেকে। শুধু আগের ঘটনা উপ-শিরোনামের অংশটি প্রতিবেদনের বাইরের তথ্য। বাংলাদেশ ব্যাংক তার প্রতিবেদনে আদালতের স্থগিতাদেশ থাকায় আনন্দ শিপইয়ার্ডের ঋণকে খেলাপি হিসেবে চিহ্নিত করা না গেলেও পুরো অর্থের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের নির্দেশ দিয়েছে। শুধু জামানত রাখা জমির মূল্য বাদে পুরো অর্থ প্রভিশন করা হলে ব্যাংকের ২০১২ সালের যে ৫৬১ কোটি টাকার নিট মুনাফা, তার বিরাট অংশই থাকবে না। আর ইসলামী ব্যাংক বাকি ঋণ অনিয়ম সম্পর্কে বিধিবিধান পালনের যে দাবি করেছে তা বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল সরেজমিনে পায়নি বলে তদন্ত প্রতিবেদনে বলা আছে।অন্যদিকে আনন্দ শিপইয়ার্ডের দাবি অনুসারে অর্থ হাতিয়ে নেওয়ার অভিপ্রায় নেই প্রসঙ্গে বলা যায়, এই শব্দগুলো প্রথম আলোর নিজস্ব নয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনেই ‘গ্রাহককে হাতিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে’ উল্লেখ রয়েছে।