আনন্দ শ্রদ্ধা স্বীকৃতির সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনের উপস্থিতিতে মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে উঠেছিল দ্যুতিময়। সংস্কৃতি অঙ্গনের কৃতী তারকাদের সমাবেশে দারুণ জমকালো ছিল এ আয়োজন।গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছিলেন বেলা গড়ানোর পর থেকেই। মঞ্চটি সাজানো হয় জাঁকজমকভাবে। এক যুগ থেকে ধারাবাহিকভাবে চলতে থাকা এই আয়োজন এখন আর কেবল নিছক পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের মধ্যেই সীমিত নয়। এটি পরিণত হয়েছে দেশের শিল্প, সাহিত্য, ব্যবসা, প্রশাসন, রাজনীতি ও সুশীল সমাজের প্রতিনিধিদের অন্যতম প্রধান মিলনমেলায়। এই পুরস্কার যেমন সুবিবেচনা, নিরপেক্ষতা ও জনমতের প্রতিফলনে অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে বিবেচিত, তেমনি দেশের সংস্কৃতিমান মানুষও গভীর আগ্রহ ও ঔৎসুক্য নিয়ে লক্ষ রাখেন এ আয়োজনের প্রতি। জানতে চান, কারা পুরস্কার পেলেন।প্রতিবছরই চেষ্টা করা হয় নতুন আঙ্গিকে উপস্থাপন করার। দীর্ঘদিন ধরে চলতে থাকে মহড়া। আনন্দঘন করে তোলার চেষ্টার কমতি থাকে না। একই সঙ্গে বিভিন্ন পরিবেশনা ও সঞ্চালনার ভেতর দিয়ে তুলে ধরা হয় দেশের আবহমানকালের সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক সমস্যা ও অসংগতি। মহান মুক্তিযুদ্ধের চেতনা। সর্বোপরি আহ্বান থাকে বিদ্যমান সব সংকটকে অতিক্রম করে দেশকে সমৃদ্ধ, সমাজকে উদার ও শান্তিময় করে তোলার পথে এগিয়ে নিয়ে যাওয়ার। প্রথম আলো বলে, আসুন, দেশকে বদলে দিই।শিরোনাম সংগীত ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ দিয়েই আনুষ্ঠানিকতা শুরু। তারপর ঢোলের বোলে মিলনায়তন মুখর করে মঞ্চে এলেন বাউলশিল্পীরা। শোনালেন লালন সাঁইজির গান ‘তিন পাগলে হইল মেলা’। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান স্বাগত জানিয়ে বললেন, ‘আসুন, সবাই মিলে হাততালি দিই, শ্রদ্ধা ও সংহতি জানাই এই বাউলদের। এই বাউলদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এর মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি, বাংলাদেশের অসাম্প্রদায়িক সংস্কৃতির ওপর যেকোনো ধরনের ষড়যন্ত্রের।’ তিনি মঞ্চে আমন্ত্রণ জানান স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে। অঞ্জন চৌধুরী বলেন, এই অনুষ্ঠানটি এখন দেশের সাংস্কৃতিক অঙ্গনের কৃতীজনদের মিলনমেলায় পরিণত হয়েছে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও যাঁরা দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। এরপর নন্দিত এক জাদুকরকে আমন্ত্রণ জানিয়ে মঞ্চ ছাড়েন মতিউর রহমান।কে আর তাঁকে না চেনে। ‘বাংলার জুয়েল’ জুয়েল আইচ তাঁর জাদুর ইন্দ্রজালে গয়নার বাক্স থেকে মঞ্চে হাজির করলেন অভিনেতা জাহিদ হাসানকে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব দিয়ে গেলেন তাঁকে। জুয়েল আইচের শেখানো রুমালের জাদুতে জাহিদ মঞ্চে হাজির করলেন তাঁর দুই সহযোগী লাক্স চ্যানেল আই তারকা মৌসুমী ও মাশিয়াতকে। দেখানো হলো এক মিনিটের একটি ছবি। বলা হলো, এটি বিজ্ঞাপন বিরতি। ছবিটি যেমন ইচ্ছা রাস্তা পারাপারের ওপর নির্মিত।আর নয় দিন পরই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু হলো অনুষ্ঠানের মূল পর্ব। অদিতি মহসিনের ‘এসো শ্যামল সুন্দর’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের শিল্পীরা। সংগীত পরিচালনা করেন তানভীর আলম।পুরস্কার বিতরণীর পালা শুরু হয়েছিল আজীবন সম্মাননা দিয়ে। কিংবদন্তিতুল্য নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম পেলেন এই সম্মাননা। পর্দায় দেখানো হলো তাঁর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র। অঞ্জন চৌধুরী, মতিউর রহমান, মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এবং শিল্পী ফেরদৌসী রহমান মঞ্চে নিয়ে এলেন ফিরোজা বেগমকে। এ কে খন্দকার তাঁর হাতে তুলে দেন সম্মাননা স্মারক। উত্তরীয় পরিয়ে দেন ফেরদৌসী রহমান। দর্শকেরা দাঁড়িয়ে বিপুল করতালিতে অভিনন্দন জানালেন শিল্পীকে। প্রতিক্রিয়ায় তিনি বললেন, ‘জীবনের বিদায় সায়াহ্নে যে সম্মান আপনারা দিলেন, তাতে আমি ধন্য। সারা জীবন মানুষের যে ভালোবাসা পেয়েছি, তা চিরস্মরণীয় হয়ে আছে।’ আগেই সঞ্চালক জানিয়ে দিয়েছিলেন, এবার আমাদের মহান মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি হচ্ছে। প্রথম আলোর এই বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বীর মুক্তিযোদ্ধারা। তাঁদের সঙ্গে ছিলেন খ্যাতনামা শিল্পীরা। এর ভেতর দিয়ে দেশের সব মুক্তিযোদ্ধা ও ৩০ লাখ শহীদের অমর স্মৃতির প্রতি নিবেদন করা হলো বিনম্র শ্রদ্ধা। আজীবন সম্মাননার পর বিভিন্ন ক্ষেত্রে সেরাদের পুরস্কার দেওয়ার পালা। এবার টিভি ও চলচ্চিত্রে সমালোচনা এবং তারকা জরিপ—এই দুটি বিভাগে মোট ১৪টি বিষয়ে পুরস্কার দেওয়া হয়। প্রথমেই সমালোচনা পুরস্কার পর্ব। বিচারকমণ্ডলীতে ছিলেন রামেন্দু মজুমদার, সাইদুল আনাম টুটুল, গিয়াসউদ্দিন সেলিম, জাহিদুর রহিম অঞ্জন ও রোকেয়া প্রাচী। টেলিভিশনে চিত্রনাট্যকার, নির্দেশক, অভিনয়শিল্পী (পুরুষ) ও অভিনয়শিল্পীর (নারী) সেরা পুরস্কার বিতরণের পর আবার এক মিনিটের একটি বিজ্ঞাপন। এবারের বিষয় ফেসবুক।ছবির এক অভিনব পরিবেশনা। অংশ নিলেন চলচ্চিত্র ও নাটকের নন্দিত তারকা রোজিনা, অঞ্জনা, ফেরদৌস, রিয়াজ, সুমন পাটওয়ারি ও মাজহার। বিভিন্ন সিনেমার কাহিনির সারাংশ নিয়ে একটি চিত্রনাট্য। নেপথ্যে হ্যাঁ ভাইখ্যাত মাজহারুল ইসলামের ধারাবর্ণনা। এ পর্বে নৃত্য পরিচালনা করেন সোহেল রহমান ও আবহ সংগীতে ছিলেন আলী আকরাম।এরপর চলচ্চিত্র সমালোচনা পুরস্কার। বিচারকমণ্ডলীতে ছিলেন, মুর্তজা বশীর, মহম্মদ হান্নান, অনুপম হায়াৎ, ইলিয়াস কাঞ্চন ও মোস্তফা সরয়ার ফারুকী। যথারীতি মনোনয়নের ক্লিপিং দেখানো হচ্ছিল পর্দায়। তারপর বিজয়ীর নাম ঘোষণা। মুহুর্মুহু করতালির মধ্যে বিজয়ীদের মঞ্চে আগমন, অনুভূতি প্রকাশ। এ পর্বে দেওয়া হলো সেরা চলচ্চিত্র, পরিচালক, নারী ও পুরুষ অভিনয়শিল্পীর পুরস্কার।গান না হলে অনুষ্ঠান জমে কী করে? হাবিব ও কণার সাম্প্রতিক জনপ্রিয় গান ‘লাজুক পাতা’ গানের সঙ্গে নাচ দেখালেন তিন জুটি শখ-সজল, মিম-শুভ ও সারিকা-নিরব।নাচের পর আবার পুরস্কারের পালা। এবারে তারকা জরিপ পর্ব। বিচারক হলেন পাঠক-দর্শক। তাঁদের রায়ে পুরস্কার দেওয়া হলো সেরা নারী ও পুরুষ কণ্ঠশিল্পীকে। পুরস্কারের প্রতি পর্বের পরই দেখানো হয় এক মিনিটের একটি ছবি। পর্দায় দেখা গেল একটি মোমবাতির শিখা। তারপর অনেকগুলো। সেগুলো ছড়িয়ে গেছে দেশের মানচিত্রজুড়ে। তারপর নেপথ্য কণ্ঠ ‘মোমবাতির আলোয় আলোকিত হোক সারা দেশ। জনস্বার্থে বিদ্যুৎ বিভাগ।’ বিশ্বকাপ ক্রিকেটের স্মৃতি এখনো অম্লান। তার রেশ ধরেই এবারের গান ‘ঘাড় ঘুরিয়ে’। সঙ্গে সঙ্গে শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, সিদ্দিক, ফারিয়া, ঈশানা, স্বাগতা, হাসান মাসুদ, চঞ্চল চৌধুরী ও সাজু খাদেমের জমকালো নাচ। তবে এই নাচটি নারীদের উত্ত্যক্তকারীদের ঘাড় ঘুরিয়ে দেওয়ার জন্য। সেভাবেই উপস্থাপন করা হয়েছিল। নৃত্য পরিচালনায় ছিলেন নয়ন ও সংগীত আয়োজনে উজ্জ্বল সিনহা।গানের শেষে সঞ্চালক জাহিদ হাসান বললেন, ‘আমারও একটা মেয়ে আছে। আমরা সব নারীর জন্য একটি নিরাপদ সমাজ চাই।’ বললেন, ইভ টিজিং বা যৌন হয়রানির জন্য আত্মহত্যা কোনো সমাধান নয়। এটা তো মেয়েদের কোনো দোষ নয়। অভিভাবকদের বললেন, ‘কন্যাটিকে বকবেন না। আসুন, পাশে দাঁড়াই। সবাই মিলে প্রতিবাদ করি। প্রতিরোধ করি।’ শ্রোতা-দর্শকদের জাহিদ বললেন, আপনারা কি আমাদের কিশোরী-তরুণীদের নিরাপত্তার জন্য পাশে দাঁড়াবেন না? মিলনায়তন থেকে দীপ্ত কণ্ঠের জবাব, ‘হ্যাঁ’।তারকা জরিপের পর্বে এবার সেরা নারী-পুরুষ টিভি অভিনয়শিল্পী পুরস্কার। সঞ্চালক বললেন, অনুষ্ঠান একটু ঝুলে যাচ্ছে, তাই চাঙা করতে হয়ে যাক গান। সঙ্গে নাচ তো থাকবেই। ‘কই গেলা নিঠুর বন্ধুরে, এক নজর না দেখিলে বন্ধু, পোলা তো নয় যেন আগুনেরই গোলা’ গানের সঙ্গে জমকাল নৃত্য পরিবেশন করেন রোমানা, বিন্দু, নিপুণ ও তাঁদের সহযোগীরা। নৃত্য পরিচালনা করেন তানজিল। বিজ্ঞাপনচিত্রগুলো নির্মাণ করেছেন ইফতেখার আহমেদ ফাহমি ও রেদোয়ান রনি। গানের পর চলচ্চিত্রের সেরা নারী-পুরুষ অভিনয়শিল্পী পুরস্কার দিয়ে শেষ হলো পুরস্কার বিতরণের পালা। পুরস্কার তো শেষ কিন্তু এই দেশটা তো থাকবে। শুরু হলো দেশের গান। পৃথিবীতে প্রথম চ্যারিটি বলে স্বীকৃত ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের মেডিসন স্কয়ার গার্ডেনে জর্জ হ্যারিসনের সেই অবিস্মরণীয় গানটি পরিবেশন করল মাইলস ‘বাংলাদেশ বাংলাদেশ’। স্মরণ করা হলো আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা দেওয়া দেশ-বিদেশের সব বন্ধুকে।