লক্ষ্মণ দাস মানুষের মনে আনন্দ দেওয়ার ব্রত নিয়ে সার্কাস দল প্রতিষ্ঠা করেন, আমি তাঁর উত্তরসূরি হিসেবে সার্কাস দেখিয়ে আনন্দ পাই। অপসংস্কৃতির আগ্রাসন ঠেকাতে দেশীয় সংস্কৃতিচর্চার বিকল্প নেই। তাই নিজস্ব সংস্কৃতির ধারা অক্ষুণ্ন রেখে পল্লি বাংলার সাধারণ মানুষের দুঃখ-কষ্ট-বেদনা ভুলিয়ে দিতে ৬০ বছর ধরে লক্ষ্মণ দাস সার্কাস নিয়ে ছুটে চলেছি গ্রাম থেকে গ্রামান্তরে। এর পোশাকি নাম দি রয়েল বেঙ্গল সার্কাস পার্টি হলেও মানুষ একে লক্ষ্মণ দাসের সার্কাস নামেই জানে। যখন দেখি মানুষ সার্কাস দেখে আনন্দ পায়, তৃপ্তি বোধ করে, তখনই আমার মনে হয় আমাদের কষ্ট, আমাদের প্রচেষ্টা, আমাদের সাধনা সার্থক হয়েছে। যত দিন বেঁচে আছি, তত দিন লক্ষ্মণ দাসের সার্কাস নিয়ে দেশজুড়ে মানুষকে আনন্দ দিতে চাই।বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামে জন্মগ্রহণ করেন আমার বাবা লক্ষ্মণচন্দ্র দাস। তাঁর বাবা অশ্বিনীকুমার দাস ছিলেন একজন সফল ব্যবসায়ী। অশ্বিনী দাসের তিন ছেলে রঘুনাথ দাস, যদুনাথ দাস ও লক্ষ্মচন্দ্র দাস। ছোট ছেলে লক্ষ্মণচন্দ্র দাস ছেলেবেলা থেকেই ছিলেন হাসিখুশি ও চঞ্চল প্রকৃতির। যৌবনে ছিলেন সুঠাম দেহের অধিকারী ও শক্তিবান যুবক। লক্ষ্মণচন্দ্র দাস খেলার ছলে শৈশবের বন্ধুদের নিজস্ব আঙ্গিকে শারীরিক কসরত দেখিয়ে আনন্দ দিতেন। লেখাপড়ায় ছিল খুব অমনোযোগী। তিনি স্কুলে স্কুলে ঘুরে শারীরিক কসরত দেখাতেন। চল্লিশের দশকের মাঝামাঝি কোনো একদিন বাবার শাসনে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যান। তারপর তাঁর মেসোমশাই সাধুচরণ দাসের ‘দি সাধনা লায়ন সার্কাস’-এ চলে যান। একজন নবীন শিল্পী হিসেবে কাজ করতে গিয়ে অল্পদিনের মধ্যেই সার্কাস দেখতে দেখতে নিজে শারীরিক কসরত রপ্ত করে একাধিক খেলা দেখানোর অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীকালে তাঁর মেসোমশাই সাধু দাসের সঙ্গে কিছুদিন থাকার পর তুচ্ছ ঘটনা নিয়ে তাঁর সঙ্গে মনোমালিন্য হওয়ায় ১৯৪৮ সালে তিনি নিজেই একটি সার্কাস দল গঠনের উদ্যোগ নেন। নিজ গ্রাম উত্তর পালরদী এসে লক্ষ্মণচন্দ্র দাস ৮-১০ জন খেলোয়াড় নিয়ে একটি দল গঠন করেন এবং নিজের নামেই নামকরণ করেন। ‘লক্ষ্মণ দাস সার্কাস’ হিসেবে আত্মপ্রকাশ করেন। এতে তাঁর ভাইয়েরা তাঁর ওপর বিরাগ হন। তাঁর মেসোমশাই সাধু দাসের সার্কাসে থাকাকালে বন্ধুত্ব গড়ে ওঠা দু-তিনজন সহকারী শিল্পী তাঁর সঙ্গে যোগ দেন। গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের ম্যাজিক শিল্পী রাসু ঠাকুর তাঁর সহকারী হিসেবে যোগ দেন। তখন সার্কাসের তেমন কোনো খেলাধুলার উপকরণ কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত জীবজন্তু ছিল না। লক্ষ্মণ দাস সার্কাসের যাত্রা শুরুর পর মানুষকে আনন্দ দেওয়ার লক্ষ্যে বিরামহীনভাবে ছুটে যেতেন দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে। দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়ানোর সুযোগে ধীরে ধীরে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ খেলোয়াড়, পশুপাখি ও খেলাধুলার উপকরণ সংগ্রহের মধ্য দিয়ে পঞ্চাশের দশকে লক্ষ্মণ দাস সার্কাস একটি পূর্ণাঙ্গ সার্কাস দলে পরিণত হয়। লক্ষ্মণ দাস নিজেও সার্কাসে দাঁত দিয়ে রড কাটা, গলা ও চক্ষু দিয়ে রড বাকা করা ও ভারোত্তোলন খেলা প্রদর্শন করতেন। তিনি বরিশাল ব্যামাগারের একজন সদস্য ছিলেন। অল্প সময়ে সুনাম-সুখ্যাতি ও বিসৃ্ততি লাভ করে দেশজুড়ে। দেশের মানুষের কাছে লক্ষ্মণ দাস সার্কাস একটি জনপ্রিয় নাম হিসেবে পরিচিতি লাভ করে। বাবার সার্কাসকে ঘিরেই (লক্ষ্মণ দাসের) পারিবারিক ঐতিহ্য তৈরি হয়। গৌরনদীর দাস পরিবার সারা দেশে একটি সুপরিচিত পরিবার হিসেবে প্রতিষ্ঠিত হয়।পশ্চিম পাকিস্তান সরকারের বৈষম্যের প্রতিবাদে পূর্ব পাকিস্তানের মানুষ ক্রমেই বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। মুক্তিকামী মানুষ যখন স্বাধীনতার জন্য সোচ্চার, ঠিক তখন পশ্চিমা হায়েনারা ২৫ মার্চ সেই কালরাত্রির হত্যাযজ্ঞের সময় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা এলাকায় লক্ষ্মণ দাস সার্কাস নিয়ে সার্কাস প্রদর্শন করছিলেন। দেশ যখন পুরোপুরি সংগ্রামের দিকে এগিয়ে যাচ্ছে বিষয়টি বুঝতে পেরে লক্ষ্মণ দাস তাঁর সার্কাসের দলবল নিয়ে একাত্তরের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে নিজ বাড়ি গৌরনদীতে ফিরে আসেন। গৌরনদীতে পাকিস্তানি হানাদার বাহিনী অবস্থান নিতে আসছে এ খবর শুনে লক্ষ্মণ দাস তাঁর পরিবার পরিজন ও সার্কাসের দলবল নিয়ে গৌরনদী গয়নাঘাট থেকে নৌকাবহরের কিছু নৌকা রেখে বাকি নৌকা নিয়ে বৃহত্তর গৌরনদীর বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের প্রত্যন্ত পল্লিতে অবস্থান নেন। বর্তমানে এটি আগৈলঝাড়া উপজেলার অন্তর্গত। সেখানে তাঁর পরিবারপরিজন নিয়ে কোদালধোয়া হাইস্কুলে এবং সার্কাসের লোকজন কোদালদোয়া খালে মিস্ত্রি বাড়ির কাছে নৌকা ভিড়িয়ে আত্মগোপন করে বসবাস শুরু করেন। পশুপাখি নৌকায় থাকলেও সার্কাসের একমাত্র হাতিটি স্কুলের পাশে একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখেন। এ সময় লক্ষ্মণচন্দ্র দাস সার্কাসের কলাকুশলী, শিল্পী, লোকজন ও স্থানীয়দের মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠিত করার উদ্যোগ নেন। এ সংবাদ স্থানীয় রাজাকাররা গৌরনদী কলেজে পাকিস্তানি হানাদার ক্যাম্পে পৌঁছে দেয়। একপর্যায়ে হানাদারদের আক্রমণের খবর পেয়ে লক্ষ্মণ দাসের পরিবার ও সার্কাসের লোকজন পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করেন। একমাত্র লক্ষ্মণ দাস সার্কাসের মায়ায় ওই স্থানেই থেকে যান। ১৯৭১ সালের ১৬ জুন পাকিস্তানি হানাদাররা রাজাকারদের সহায়তায় অতর্কিত গুলি করে সার্কাসের পশুপাখি, জীবজন্তু হত্যা করে। পরে স্কুলের কক্ষ থেকে লক্ষ্মণ দাসকে খুঁজে বের করে গুলি করে হত্যা করে। এ সময় প্রভুভক্ত একমাত্র হাতিটি গর্জন করে সর্বশক্তি দিয়ে গাছ উপড়ে ফেলে নিহত প্রভু লক্ষ্মণ দাসের লাশের কাছে ছুটে এলে হানাদাররা হাতিটিকে লক্ষ্য করে গুলি করে ঝাঁজরা করে দেয়। হানাদাররা চলে যাওয়ার পর তাঁর স্বজনেরা ফিরে এসে লক্ষ্মণ দাসের লাশ ও প্রভুভক্ত হাতিটিকে মাটিচাপা দিয়ে তাঁর পরিবারের সবাই ভারতে পালিয়ে যান। আমি যাই তিন মাস পরে। ভারতে গিয়ে প্রশিক্ষণ নিই। তবে আমি মুক্তিযোদ্ধার তালিকায় থাকলেও আমার বাবার নাম নেই শহীদ মুক্তিযোদ্ধার তালিকায়।দেশ স্বাধীনের পর লক্ষ্মণ দাসের দুই ভাই ও ছেলে অরুণচন্দ্র দাস, আমি বীরেনচন্দ্র দাস, চূড়ামণি দাস ও বাসকলাল দাস খোকন সার্কাসটি পুনরায় চালু করি। মালিক হিসেবে আমাকে এবং পরিচালক হিসেবে বড় ছেলে অরুণচন্দ্র দাসকে মা নীলা রানী দাস দায়িত্ব দেন। মুক্তিযুদ্ধের আঞ্চলিক কমান্ডার গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামের নিজাম উদ্দিন আকন রিলিফের তাঁবু থেকে কযেকটি তাঁবু ও অর্থ দিয়ে সাহায্য করেন। ১৯৭৩ সালে কৃষি সেচ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাদ সার্কাসের প্যান্ডেল তৈরির জন্য কিছু টিন প্রদান করেন। ১৯৭৫ সালে তিনি পাঁচ লাখ টাকা, একটি বাঘ শাবক, একটি ভাল্লুক ও একটি হাতি দেওয়ার ঘোষণা দেন। ১৫ আগস্টে তিনি শহিদ হন। দেশের পরিস্থিতি বদলে যায়। ১৯৭৬ সালে বরিশালের জেলা প্রশাসক আবদুল হাকিম সার্কাসের হাতি কেনার জন্য ঋণ দিয়ে সহায়তা করেন। আরও অনেকের সহায়তায় আমরা পুরোদমে সার্কাসটিকে চালু করি।১৯৭৯ সালে ঢাকার শিল্পকলা একাডেমীর আমন্ত্রণে ঢাকায় সার্কাস দেখাই। ওই সময় সরকারের কাছ থেকে দুই লাখ টাকার অনুদান পাই। ১৯৮০ সালে সরকারের পক্ষ থেকে জাতীয় পদক প্রদান করা হয়। বাবার স্মৃতি ধরে রাখতে আমার বড় ভাই অরুণচন্দ্র দাস বাবার কিছু খেলা দেখান। প্রায় ৪০ বছর ধরে তিনি খেলা দেখাচ্ছেন। চোখ দিয়ে ও গলা দিয়ে লোহার রড বাঁকা করা, ভারোত্তোলন ও গ্লোব খেলা ইত্যাদি দেখাতে তিনি দক্ষ। এর মধ্যে সবচেয়ে জীবনের ঝুঁকিপূর্ণ হলো লোহার পাত দিয়ে তৈরি ডিম্বাকৃতির ২০ ফুট ব্যাসের লোহার খাঁচার মধ্যে মোটরসাইকেল চালানো। কখনো কখনো হাত ছেড়ে বার বার চক্কর দেওয়ার একপর্যায়ে মোটরসাইকেল নিয়ে খাঁচার উপরিভাগে ১৬ ফুট ওপরে গিয়ে হুক ধরে ঝুলে থাকা। এই খেলাটি এতই ঝুঁকিপূর্ণ যে সামান্য ত্রুটিতে প্রাণহানির আশঙ্কা রয়েছে।আমাদের সার্কাসে বর্তমানে ৪২ জন নারী ও শিশুশিল্পীসহ প্রায় শতাধিক শিল্পী রয়েছেন। এ ছাড়া নৃত্যশিল্পী, দর্শকদের আরও বেশি প্রাণবন্ত ও আনন্দ দিতে জোকার রয়েছে। খেলার মধ্যে রয়েছে মোটরসাইকেল গ্লোব, ত্রিফলা বর্ষা, রিং নৃত্য, রশিনৃত্য, সাইকেল এক চাকা, সাইকেল দুই চাকা, হাই সাইকেল, তার সাইকেল, বাম্বু ব্যালেন্স, তারে যাতায়াত, অগ্নি রিংয়ে জাম্পসহ অসংখ্য খেলা। পশুপাখির মধ্যে রয়েছে বানর, হাতি, বাঘ, ভাল্লুক, ঘোড়া ও গাধা। আকর্ষণীয় ম্যাজিক তো রয়েছেই।দীর্ঘ সার্কাসজীবনে সব সময় সবচেয়ে বড় যে সমস্যায় আমাদের পড়তে হয় বা হয়েছে তা হলো সার্কাস প্রর্দশনের অনুমতি পাওয়া নিয়ে হয়রানি। শো প্রদর্শনের আগে যখনই আমরা প্রশাসনের কর্মকর্তাদের শরণাপন্ন হই তখন অনেকেই বাড়তি সুবিধা দাবি করে। প্রতিদিন সার্কাসের শিল্পী, কলাকুশলী, কর্মচারী, পশুপাখিদের ভরণ-পোষণ ও বেতনে প্রায় এক লাখ টাকা খরচ হয়। অনুমতি না পাওয়ায় সার্কাস বন্ধ থাকলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। বর্তমানে এর সঙ্গে আরও একটি সমস্যা যোগ হয়েছে—তা হলো সার্কাসের শো প্রদর্শন করতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ব্যবহার করতে না দেওয়া। এ সমস্যার কারণে আমরা অনেক সময় সার্কাস দেখাতে পারি না। সবকিছু ঠিকঠাক থাকলে অনুমতি নিয়ে হয়রানি না হলে রমজান মাস বাদ দিয়ে আমরা বছরে ১১ মাস সার্কাসের শো করতে পারি। সার্কাস বন্ধ থাকলে প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান হয়। সার্কাস শুরুর পর দীর্ঘ ৬২ বছরে সবচেয়ে বিপর্যয় দেখা দিয়েছিল জোট সরকারের সময়ে। দেশে জঙ্গি তৎপরতা শুরু হলে সার্কাস প্রদর্শনের অনুমতি দেওয়া বন্ধ হয়ে যায়। এ সময় শো বন্ধ করে দিয়ে বসে বসে কলাকুশলী, পশুপাখি ও কর্মচারীদের পকেটের টাকা খরচ করে মাসের পর মাস পালতে হয়েছে। শুধু তাই নয়, সার্কাস বন্ধ থাকায় খেলার উপকরণও বিনষ্ট হয়। অনুশীলন না থাকায় পশুপাখি তাদের প্রশিক্ষণ নেওয়া খেলা ভুলে যায়। গ্রামীণ মানুষের নির্মল বিনোদনের এই মাধ্যমটিকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলে আমাদের প্রত্যাশা।অনুলিখন: জহুরুল ইসলাম