আনন্দ স্কুলের বেদনা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিল এক লাখ ৪৩ হাজার ৪৬৬ জন ছাত্রছাত্রী। এদের মধ্যে ৬৬ হাজার ৮১৭ জন পরীক্ষা দেয়নি। অর্থাৎ নিবন্ধন করেও ৪৬ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।প্রায় অর্ধেক পরীক্ষার্থী পরীক্ষার আগেই ঝরে পড়ার পর সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৭৬ হাজার ৬৪৯ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৭ হাজার ৩০৮ জন বা ৪৮ দশমিক ৬৭ শতাংশ ছাত্রছাত্রী।প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল নয় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। গড় পাসের হার ৯২ দশমিক ৩৪ শতাংশ। কিন্তু আনন্দ স্কুলে পাসের হার সবচেয়ে কম। দেশের ৩০টি উপজেলার ছয় হাজার ৬৬১টি আনন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল।সরকারি হিসাবে দেশের ৩০ লাখ শিশু বিদ্যালয়ের বাইরে থাকছে। আর্থসামাজিক কারণে এরা স্কুলে যায় না, গেলেও অনেককেই ধরে রাখা যায় না। এমন পাঁচ লাখ ঝরে পড়া শিশুকে শিক্ষা দেওয়ার জন্য পরীক্ষামূলকভাবে রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্প নেওয়া হয় ২০০৪ সালে। পরিকল্পনা ছিল আনন্দর মাধ্যমে ২০১০ সালের মধ্যে তাদের প্রাথমিক শিক্ষা দেওয়া হবে, এ জন্য নাম রাখা হয় আনন্দ স্কুল। এ স্কুলের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী মাসে ভাতা পায় গড়ে ৬৭ টাকা, বছরে ৮০০ টাকা। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম শ্রেণীর একজন শিশু মাসে ভাতা পায় গড়ে ৮১ টাকা, বছরে ৯৭০ টাকা।এ ধরনের বিদ্যালয়ে যত শিক্ষার্থী ও শ্রেণী থাকুক না কেন, শিক্ষক একজন। তাঁর বেতন সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ এক হাজার ২০০ টাকা। দেশের পাঁচ লাখ পথশিশু বা ছিন্নমূল পরিবারের সন্তানকে এ ধরনের বিদ্যালয়ের মাধ্যমে সামান্য নগদ টাকায় প্রলুব্ধ করে প্রাথমিক শিক্ষা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার। স্থানীয় পর্যায়ে বেসরকারি সংস্থা কেন্দ্রগুলো চালাচ্ছে।দেশের আনন্দ স্কুলগুলোতে ঘর না থাকলেও সাইনবোর্ড দেখা যায়। কোথাও ঘরের চাল আছে তো বেড়া নেই। বেঞ্চ নেই, মাটিতে বসতে হয়। কখনো গায়ে রোদ লাগে, কখনো বৃষ্টিতে ভিজে যায় শরীর। দেশের ৬০টি উপজেলায় এমন আনন্দ স্কুল ঘিরে অনেক সমালোচনা।জানা যায়, বাংলাদেশে বিশ্বব্যাংকের এটি একমাত্র অনুদান প্রকল্প। এ ছাড়া বাংলাদেশ সরকার, সুইজারল্যান্ডভিত্তিক এসডিসি টাকা দিয়েছে এ প্রকল্পে। প্রকল্পের অন্যতম দুর্বলতা হচ্ছে এনজিও নির্বাচনে দুর্নীতি ও অনিয়ম।এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেছেন, শুরু থেকেই এনজিও নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চলে আসছে। এরই মধ্যে প্রায় ৪০০ এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে।অনুসন্ধানে দেখা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে আনন্দ স্কুলের শিক্ষার্থী হিসেবে দেখানোর বিষয়টি শুরু থেকেই চলে আসছে। সমাপনী পরীক্ষা চালু হলে গত বছরই প্রথম এই ফাঁকির বিষয়টি ধরা পড়ে। এ বছর সমাপনী পরীক্ষার নিবন্ধন শেষ হওয়ার পর থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আনন্দ স্কুলের ভুয়া শিক্ষার্থী ধরার চেষ্টা শুরু করে। এতে নিবন্ধন করা প্রায় অর্ধেক শিক্ষার্থী পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকে।অন্যদিকে পরীক্ষা শুরু হওয়ার পরও দেশের বিভিন্ন এলাকায় ভুয়া শিক্ষার্থী ধরা পড়ে। নওগাঁর পোরশা উপজেলার নীতপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন ভুয়া পরীক্ষার্থী ও তাদের সহায়তার অভিযোগে চার শিক্ষককে গ্রেপ্তার করে জেল-জরিমানা করা হয়। গত নভেম্বরে পরীক্ষা চলার সময় জয়পুরহাটে ৭১, আলমডাঙ্গায় ৩৭ ও বাঘায় ১২ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। জয়পুরহাটে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ৬৭ জন ধরা পড়লে তাদের বিরুদ্ধে মামলা হয়, তিনটি বেসরকারি সংস্থার প্রধানের বিরুদ্ধেও মামলা হয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা প্রথম জয়পুরহাটের বেশ কয়েকটি আনন্দ স্কুলে ভুয়া শিক্ষার্থী থাকার কথা জানতে পারি। সেখানে অন্যান্য বিদ্যালয়ে পড়া শিক্ষার্থীরা আনন্দ স্কুলে নিবন্ধন করে। এরপর আরও কয়েকটি জেলায় তদন্ত শুরু হয়। জেলা-উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রাথমিক কার্যালয়গুলোর সহায়তায় ভুয়া শিক্ষার্থী খোঁজা শুরু হয়। এ খবর ছড়িয়ে পড়লে ৪৬ শতাংশ ভুয়া শিক্ষার্থী ভয়ে পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকে।প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী মোতাহের হোসেন বলেন, আনন্দ স্কুলের মাধ্যমে ঝরে পড়া শিশুদের মূল ধারায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। কিন্তু শিক্ষককে সামান্য বেতন দেওয়া, শিক্ষার্থীর জন্য লেখাপড়ার ন্যূনতম পরিবেশ নিশ্চিত করতে না পারাটা অন্যায় এবং এক অর্থে উপহাসের শামিল।প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার প্রথম আলোকে বলেন, ৫ ডিসেম্বর আনন্দ স্কুল পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলোকে ডেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, আর কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। এরই মধ্যে অনিয়ম প্রমাণিত হওয়ায় কয়েকটি এনজিওর অর্থ ছাড় করা বন্ধ রাখা হয়েছে। কোনো এনজিওর বিরুদ্ধে অনিয়ম ধরা পড়লে কালো তালিকাভুক্ত করা হবে।