আনন্দমুখর বাংলা একাডেমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক বাংলা একাডেমী। শনিবার ছিল প্রতিষ্ঠানটির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল একাডেমী প্রাঙ্গণ।সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের অনুষ্ঠানমালা। একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পুষ্পাঞ্জলি অপর্ণ করেন।এরপর সেমিনার হলে অনুষ্ঠিত হয় একাডেমীর কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা। বক্তৃতা, আবৃত্তি, সংগীত ও কৌতুক প্রতিযোগিতায় অংশ নেন সবাই। বিকেলে একাডেমীর রবীন্দ্র চত্বরে ‘মুসলিম সাহিত্য-সমাজ ও বাংলাদেশ’ শীর্ষক একক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক খোন্দকার সিরাজুল হক। স্বাগত ভাষণ দেন শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম।বক্তৃতায় সিরাজুল হক বলেন, ‘মুসলিম সাহিত্যসমাজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় সমসাময়িক কালের সৃষ্টি। বাঙালি মুসলমানের চিন্তার মুক্তিই ছিল এই দুটি প্রতিষ্ঠানের অভিন্ন উদ্দেশ্য। শিক্ষা ও সাহিত্যের মধ্য দিয়ে বাঙালি মুসলমানের মধ্যে আধুনিকতার উদ্বোধনের কথা বলেছিলেন মুসলিম সাহিত্যসমাজের সঙ্গে যুক্ত লেখক-বুদ্ধিজীবীরা। চিন্তার স্বাধীনতার এই আন্দোলনই বাঙালি মুসলমানের মধ্যে সাম্প্রদায়িকতামুক্ত উদার জাতীয়তাবাদী চেতনার স্ফুরণ ঘটায়।’বক্তৃতানুষ্ঠান শেষে ছিল চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নির্মিত প্রামাণ্যচিত্র ‘বাংলা ও বাঙালির বাংলা একাডেমী’ প্রদর্শনীর প্রিমিয়ার শো। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শাহীন সামাদ, ইয়াকুব আলী খান, শামা রহমান, অদিতি মোহসিন, পাগলা বাবলু প্রমুখ।