আনন্দমেলায় বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ মানেই ৩২ দল আর ৬৪টি ম্যাচ নয়। সেই গণ্ডি ছাড়িয়ে বিশ্বকাপ হয়ে ওঠে বর্ণিল মহোৎসব। বিশ্বকাপ কাভার করতে গিয়ে কাছ থেকে সেই উৎসব দেখেছেন পবিত্র কুন্ডু। সেই অভিজ্ঞতা নিয়ে এই ধারাবাহিক রচনাবিশ্বকাপ ফুটবলে কী দেখতে যায় মানুষ? অবশ্যই খেলা। গ্রহের সবচেয়ে আকর্ষণীয় খেলা ফুটবলের শ্রেষ্ঠ প্রদর্শনী। একই সঙ্গে বিশ্ব মেলাও। বিশ্বমানবের মেলা, বিশ্ব সংস্কৃতির মেলা। আপনি স্টেডিয়ামের গেট দিয়ে ঢুকছেন, আপনার পাশাপাশি হেঁটে যাচ্ছে গোটা বিশ্ব। মিডিয়া সেন্টারে বসে কাজ করছেন, আপনার চারপাশে ঘিরে আছে বিশ্ব বলয়। গ্যালারিতে নম্বর দেওয়া সিটে বসে খেলা দেখছেন, আপনার চারপাশে নানা রঙের মানুষ। কেউ সাদা, কেউ কালো, কেউ বাদামি। কালো চুলের একজনের পাশে একজন সোনালি চুলো মানুষ, কারও বা বাদামি। এখানে খেলা দেখতে এসে উপজাত হিসেবে পেয়ে যাচ্ছেন একটা মেলা। কোনটা মুখ্য আর কোনটা গৌণ সে হিসেবে মাঝেমধ্যেই গরমিল করে ফেলতে পারেন। নিখাদ দর্শক হলে এমন গরমিলে সমস্যা নেই। আপনি অপার্থিব এক আনন্দেই হারিয়ে গেলেন, ক্ষতি তো নেই। কিন্তু সাংবাদিক হলে বড্ড ঝামেলা। গ্যালারির রং আর উদ্যাপনের ভঙ্গির মধ্যে একটা মুহূর্তকে বিসর্জন দিয়েছেন তো খেলার সবচেয়ে রোমাঞ্চকর ঘটনাটাই হয়তো হারিয়ে ফেলেছেন। তখন আপনার ম্যাচ রিপোর্টের মধ্যে সজীব ভাবটাই হয়তো রইল না। তারচেয়ে খেলা শুরুর আগে যখন দর্শকের স্রোত বয়ে যায় স্টেডিয়ামে, সেটাই দেখা ভালো। ম্যাচ শেষেও দর্শকের আনন্দ-বেদনার সাক্ষী হতে পারেন। তবে তাতেও একটা ঝুঁকি থেকে যায়। যদি সংবাদ সম্মেলন বা মিক্সড জোনের টিকিট পান, তাহলে আপনাকে ছুটতে হবে রুদ্ধশ্বাসে। সংবাদ সম্মেলনে দুদলের কোচ আসতে দেরি করছেন, কিছুই করার নেই। আপনি বসে বসে নখ কামড়াতে থাকলেন। মিক্সড জোনে দুদলের খেলোয়াড়েরা আসতে দেরি হলো, আপনি উসখুস করলেন। এটাই সংবাদ সংগ্রহের রীতি। দর্শকদের রং-রূপ যদি দেখতে চান, তাহলে সংবাদ সম্মেলন বা মিক্সড জোনের টিকিট না পাওয়াটাই আপনার জন্য শুভ। একেই আমি অংশগ্রহণকারী দেশের সাংবাদিক নই, তারপর আমার দেশের র‌্যাঙ্কিং এত নিচে যে ওসব জুটত খুব কমই। সুতরাং আমার জন্য ম্যাচের আগের ও পরের মুহূর্তগুলো ছিল রোমাঞ্চকর। আমি দুচোখ ভরে দর্শকের আনন্দ-বেদনা দেখতাম। জয়ীদের আনন্দ ভাগ করে নিতাম, পরাজিতদের দুঃখের হতাম অংশীদার। কত বিচিত্র সাজ-পোশাক পরা সব দর্শক! ব্রাজিলিয়ানদের হলুদ-সবুজ-নীলের বাহার দেখতাম। আর্জেন্টিনার আকাশি-সাদায় চোখ ধাঁধিয়ে নিতাম। হল্যান্ডের তীব্র কমলায় আমার চোখ যেত ঝলসে। ইতালির নীল দিত কোনো সুদূরের হাতছানি। মেক্সিকোর লাল-সবুজের মধ্যে খুঁজে দেখতাম উচ্ছ্বল জীবন।আমার চোখ খুঁজত ব্রাজিলের সাম্বা, আর্জেন্টিনার ট্যাঙ্গো, কিংবা আফ্রিকার ডিস্কি। কিন্তু তীব্র শীত কোনো নাচেরই ছন্দ তুলতে দিল না স্টেডিয়ামে। বিকেলের ম্লান আলোয় শীত জাঁকিয়ে বসার আগে দর্শকের আবরণ-আভরণই, যা দর্শনের আনন্দ হলো আর কি! ১৪ জুন জোহানেসবার্গের সকার সিটিতে হল্যান্ড-ডেনমার্ক ম্যাচের আগে হল্যান্ডের বিশাল একটা গ্রুপ দারুণ আনন্দ নিয়ে এল। একেবারেই হর্তাকর্তা না হলে নিরাপত্তার বেড়াজাল ছিঁড়ে গাড়ি নিয়ে স্টেডিয়ামের মূল গেটের কাছে পৌঁছানো কারও পক্ষেই সম্ভব ছিল না। আমার ট্যাক্সিচালক যেখানে গাড়ি থামালেন, সেখান থেকে স্টেডিয়ামের মূল গেট দেড় কিলোমিটার দূরে। এতখানি হেঁটে চলার যন্ত্রণার কথা ভাবছি, হইহই করে হল্যান্ড সমর্থকদের বিশাল একটা দল এসে নামল গাড়ি থেকে। দলের সবাই তরুণী। উজ্জ্বল সূর্যের নিচে তাদের মিনিস্কার্টের তীব্র কমলা রং মিলে যেন দাউ দাউ আগুন জ্বেলে দিল প্রকৃতিতে। অনেকটা দূরে নেমে একদিক দিয়ে ভালোই হলো আমার। কণ্ঠে ‘ওরাঞ্জে ওরাঞ্জে’ কোরাস তোলা ওই সমর্থকদের সঙ্গে যতই এগোতে থাকি, আবিষ্কার করি হাজার জোড়া চোখের আকর্ষণ। ক্যামেরার ফ্লাশ চমকাচ্ছে বারবার, টিভি ক্যামেরা বাঁক নিয়েছে এদিকটায়। বিশ্বকাপের চতুর্থ দিনের মধ্যে আমার দেখা সেরা সমর্থক দল এটি। যদি দর্শকদের ‘যেমন পারো তেমন সাজো’ প্রতিযোগিতা হতো, নির্ঘাত ওই দিনটা পর্যন্ত প্রথম পুরস্কার জিতে বসে থাকত ডাচ্ তরুণীদের এই গ্রুপ। স্টেডিয়ামের উত্তর-পশ্চিম কোনার গ্যালারিটাও আলো করে বসল তারা। মাতিয়ে রাখল হই-হুল্লোড় তুলে। কিন্তু খেলার দিকে মনোযোগ দিতে গিয়ে খেয়াল করিনি তেমন। দ্বিতীয়ার্ধে তাদের দেখাই গেল না আর গ্যালারিতে। ওরা কি তাহলে হল্যান্ডের আগাম জয়ের অনুভূতি নিয়ে বিরতির আগেই মাঠ ছেড়ে গেছে? পরে জানা গেল অন্য কিছু। ফিফা ওদের পাকড়াও করেছে। ওদের অপরাধ, ওরা ছদ্মবেশে একটা ওলন্দাজ বিয়ার কোম্পানির প্রচারণায় নেমেছিল। করপোরেট দুনিয়া যাকে বলে অ্যাম্বুশ মার্কেটিং! শুধু স্টেডিয়াম থেকে বের করে দিয়েই ক্ষান্ত হয়নি ফিফা, পুলিশে ধরিয়ে জেরায় জেরবার করেছে। পরের দিন দক্ষিণ আফ্রিকার সব পত্রিকায় বড় বড় ছবি দিয়ে ওদের খবর। ফিফার দাবি, ওরা বাভারিয়া বিয়ার কোম্পানির বিপণনে এসেছিল। যদিও ওদের একজন বারবারা কাস্টেইনের দাবি, ওরা খেলা দেখতেই এসেছিল। অ্যাম্বুশ মার্কেটিংয়ের ধান্দা যদি থাকত, তাহলে তো সংশ্লিষ্ট কোম্পানির লোগো থাকবে পোশাকে। সেসবের কিছুই ছিল না ওদের কমলা মিনিস্কার্টে। কাস্টেইন পুলিশি জেরার মুখে জোরের সঙ্গেই বলেছেন, ডাচেদর গর্বের কমলা রঙের ওপর খবরদারি করার কোনো অধিকার ফিফার নেই। মানুষের বিমলানন্দের উৎসমুখে যে ক্রীড়ানুষ্ঠান, তা এখন করপোরেট দুনিয়ার বেড়াজালে বন্দী। খেলাটা এখন শুধুই খেলা নয়, অতি চটকদার অর্থকরী পণ্যও। ওই ডাচ্ তরুণীরা সৎ কিংবা অসৎ—যে উদ্দেশ্য নিয়েই সেদিন আসুন না কেন, এই সত্যটা তাঁরা উন্মোচন করে দিয়ে গেছেন উজ্জ্বল সূর্যের মতোই।