আনন্দমোহন কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে। ২০১১ সালের মধ্যে দেশে দেড় হাজার নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ময়মনসিংহ সরকারি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে আজ শুক্রবার সকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। কলেজ মাঠে দুই দিনব্যাপী এই উত্সবের উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী আরও বলেন, দারিদ্র্য, ক্ষুধা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আর এই ডিজিটাল বাংলাদেশ গড়তে সবচেয়ে বেশি দরকার নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করা। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে সরকার কাজ করছে। সরকার এমন শিক্ষানীতি চায়, যা দলীয় নয়, জাতীয় ও নিরপেক্ষ হবে। সরকার শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো গঠন ও বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির।উল্লেখ্য, শতবর্ষ পূর্তি উত্সবের আগে থেকেই কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য শিক্ষার্থীরা বারবার দাবি করে আসছিল। অনুষ্ঠানেও তারা আবারও এই দাবি জানায়। ১৯০৮ সালে কলেজটির যাত্রা শুরু হয়েছিল। ১৯৬৪ সালে সরকারীকরণের পর কলেজে বর্তমানে ১৮টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৩২ হাজার।