আনন্দময়, উচ্চকিত মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলা বাঙালির জীবনে এক উৎসবের আয়োজন। উৎসব যেমন হয়, তেমনই আনন্দময়, উচ্চকিত ছিল গতকাল ছুটির দিনে একুশে গ্রন্থমেলার পরিবেশ। সকাল থেকেই মেলা খোলা ছিল। দুপুরের পর শুরু হয়েছিল আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ। টিএসসির মোড়ে বিশাল পর্দা। গায়ে লাল-সবুজ জার্সি, মাথায় ব্যান্ড পরে তরুণের দল সমবেত হয়েছিল সেখানে। তাদের হর্ষধ্বনিতে সচকিত পরিবেশ। হরেক রকমের পণ্যের পসরা বসে গিয়েছিল চারুকলা অনুষদের সামনে থেকে ফুটপাতজুড়ে। বিকেল থেকে লোক সমাগমও ছিল বিপুল। টিএসসি মোড় থেকেই মেলায় প্রবেশের জন্য দুটি সারি। তবে এগোনো গেছে বেশ স্বচ্ছন্দেই।বাংলা একাডেমী পুরস্কার বিতরণী আজগতকাল সকালে ছিল শিশু-কিশোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। চিত্রাঙ্কন, সংগীত, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, পাপিয়া সারওয়ার ও এভারেস্ট-জয়ী মুসা ইব্রাহীম।আজ শনিবার বিকেলে মেলামঞ্চে ২০১০ সালের বাংলা একাডেমী পুরস্কার বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমীর সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী। বিকেলে মেলামঞ্চে আলোচনা হবে ‘চীনে রবীন্দ্রসহিত্য’ বিষয়ে। প্রবন্ধ পড়বেন ইয়াং ওয়েইমিং (স্বর্ণা)।প্রকাশনা ২৭০১গতকাল পর্যন্ত ২৫ দিনে মেলায় নতুন বই প্রকাশিত হয়েছে ২৭০১টি। যথারীতি কবিরা ধরে রেখেছেন শীর্ষস্থান। তাঁরা মেলায় নিয়ে এসেছেন ৬০৩টি কাব্যগ্রন্থ। ঔপন্যাসিকেরা দ্বিতীয় স্থানে আছেন ৪৪৬টি প্রকাশনা নিয়ে। গল্পকারেরা তৃতীয় স্থান অধিকার করেছেন ৩৫৫টি গ্রন্থ প্রণয়ন করে। এর পরে আছেন প্রাবন্ধিকেরা, তাঁদের বই ২২২টি। আর কেউ তিনের ঘরে পৌঁছাতে পারেননি। গবেষণাগ্রন্থ ৯৯টি, শিশুতোষ এবং মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনবিষয়ক বই ৯৪টি করে। বিজ্ঞানবিষয়ক গ্রন্থ ৫৩টি ও অভিধান তিনটি।নতুন বইগ্রন্থানুরাগীদের মতো নতুন গ্রন্থেরও প্রাচুর্য ছিল গতকাল মেলায়। তথ্যকেন্দ্রের তালিকা অনুসারে নতুন বই প্রকাশিত হয়েছে ১৮৭টি। নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন করা হয়েছে ৩৯টি বইয়ের। নতুন বইয়ের কয়েকটি হলো: ঝিঙেফুল থেকে আল মাহমুদের ফড়িং ধরার গল্প, আগামী থেকে তোফায়েল আহমেদের প্রবন্ধ বৃত্ত ও বৃত্তান্ত: বিকেন্দ্রীকরণ, স্থানীয় শাসন ও দারিদ্র্য দূরীকরণ, ফরহাদ মজহারের কবিতা এবাদতনামা ও মেজর নাসির উদ্দিনের মুক্তিযুদ্ধবিষয়ক যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা; জ্যোৎস্না থেকে সন্তোষ গুপ্তের প্রবন্ধ শিল্পের কথা, মাওলা থেকে ড. আবদুল ওয়াহাবের গবেষণা বাংলার বাউল সুফি সাধনা ও সংগীত এবং মালেকা বেগম, সেলিনা হোসেন ও মাসুদুজ্জামান সম্পাদিত নারীবিষয়ক বই বেইজিং কর্মপরিকল্পনা নারীর অগ্রগতির পথরেখা, ঝিঙেফুল থেকে সৈয়দ শাহ এমরানের প্রবন্ধ প্রসঙ্গ নজরুল, রিদম থেকে গোলাম কিবরিয়া পিনুর কবিতা ও বৃষ্টি ও বারিধারা, বুকস ফেয়ার থেকে তারেক শামসুর রেহমানের প্রবন্ধ আন্তর্জাতিক রাজনীতি, লেখা থেকে মাসুদুজ্জামানের গবেষণা দূরের জানালা, ঝিনুক থেকে হরিপদ দত্তের শ্রেষ্ঠ গল্প, বাঁধন থেকে আবুল কাশেম ফজলুল হকের প্রবন্ধ স্বদেশ চিন্তা, এমাজউদ্দীন আহমদের প্রবন্ধ বাংলাদেশ লোক প্রশাসন, রোদেলা থেকে বেলাল চৌধুরীর প্রবন্ধ মুহূর্ত ভাষ্য, জয়ন্তী থেকে প্রশান্ত মৃধার উপন্যাস আপন সাকিন, আদিগন্ত থেকে কামরুল আমীনের ছড়া এক ফালি চাঁদ, জিনিয়াস থেকে প্রত্যয় জসীমের একটি ছড়ায় বাংলা ভাষার সব বর্ণমালা, ফয়েজ রেজার ছড়া বাংলার বাঘ বাংলার বিড়াল, খোন্দকার মেসবাহুল ইসলাম ও কে এম মুজাহিদুল ইসলামের ক্রীড়াবিষয়ক বই বিশ্বসেরা ক্রিকেট বিশ্বকাপ প্রভৃতি। আজ শনিবারও ছুটির দিনে মেলা শুরু হবে সকাল থেকেই।