আনন্দময় পরিবেশে শেষ হলো বর্ণিল ‘বর্ণমেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউবা আঁকছে, কেউবা নিজের লেখা অক্ষরগুলো আরেকটু সুন্দর করার চেষ্টায় ব্যস্ত। কেউ কেউ মনের রঙে রাঙিয়ে তুলছে মস্ত বড় সাদা এক ‘ক’কে। কেউবা আনন্দে আত্মহারা সিসিমপুরের বন্ধু টুকটুকি, হালুমদের সঙ্গ পেয়ে। ছোট্ট সোনামণিদের অনেকেই হাতেখড়ি নিচ্ছে বিখ্যাত শিল্পীদের হাতে। এটি রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রাঙ্গণের চিত্র।আজ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন প্রদর্শনী, আড্ডা, গল্প বলা, নাগরদোলা, পুতুল খেলা, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, ভাষার গান-জাগরণের গানসহ নানা আয়োজনে দিনভর উত্সবমুখর ছিল রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রাঙ্গণ। আনন্দময় পরিবেশে চলে বর্ণিল ‘বর্ণমেলা’।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে দিনব্যাপী এ বর্ণমেলার আয়োজন করে প্রথম আলো। বাংলা বর্ণ, ভাষা ও ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন। ঢাকার পাশাপাশি এবার প্রথমবারের মতো চট্টগ্রামে দামপাড়ার বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া স্কুলমাঠ) প্রাঙ্গণেও অনুষ্ঠিত হয় মেলা।আজ মঙ্গলবার সকালে বর্ণমেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক আবদুল্লাহ আবু সায়ীদ। প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, অভিনেতা আফজাল হোসেন, শিল্পী আবদুল মান্নান প্রমুখ।উদ্বোধনের পর একদিকে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রাঙ্কন শেষে অনুষ্ঠিত হয় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। অন্যদিকে চলে হাতেখড়ি। শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিত্ রায় চৌধুরী, সৈয়দ মনজুরুল ইসলাম, আবদুল মান্নান, আফজাল হোসেন শিশুদের হাতেখড়ি দেন। আর মূল মঞ্চে ছিল ভাষা ও দেশের গানসহ মেলায় আসা শিশুদের নিজস্ব উপস্থাপনাসহ নানা আয়োজন। শিশুদের আনন্দ দিতে হাজির হয় সিসিমপুর পরিবারের সদস্য টুকটুকি ও হালুম।এসব আয়োজনের পাশাপাশি মেলায় আছে ভাষা আন্দোলন ও বর্ণ নিয়ে বিভিন্ন স্টল। এসবের কোনোটিতে আছে বাংলা বর্ণমালার লিখিত রূপ কীভাবে এল তার রূপান্তর প্রক্রিয়ার চিত্র, কোনোটিতে স্থান পেয়েছে মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও স্মৃতিময় দুষ্প্রাপ্য অনেক ছবি, বর্ণমালাকে থিম হিসেবে ধরে তৈরি করা নানা ধরনের খাবার, পোশাক প্রদর্শনীসহ নানা আয়োজন।বিকেল পাঁচটায় শেষ হয় বর্ণমেলা। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সমাপনী বক্তব্যে জানান, ঢাকার পর এ বছর থেকে চট্টগ্রামেও বর্ণমেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এ মেলা দেশের অন্যান্য বিভাগেও ছড়িয়ে দেওয়া হবে।