লম্বা হতে হতে মিলন চত্বর পার হয়ে গিয়েছিল গতকাল গ্রন্থমেলায় প্রবেশের সারি। সাপ্তাহিক ছুটির দিনের ভিড়কে ছড়িয়ে গিয়েছিল রোববারে গ্রন্থানুরাগীদের উপস্থিতি। শেষ বলেই এতটা। আজ সোমবার থেকে ভাঙছে বই নিয়ে দেশের এই সবচেয়ে বড় উৎসব। যাঁরা প্রায়ই আসতেন, তাঁরা শেষ দিনগুলোতে হাজিরা বাদ দিতে চান না। আর যাঁরা আগে আসেননি, তাঁরা বঞ্চিত হতে চাননি মেলায় আসা থেকে। সে কারণেই শেষের দিনগুলোতে মেলার মাঠ এমন জনারণ্য।রুচিশীল মানোন্নত বই প্রথমার সাফল্যবিকেল থেকেই প্রথমার স্টলের সামনে ক্রেতাসমাগম প্রচুর। তার মধ্যে থেকে বেশ কসরত করেই পছন্দের বইটি কিনে বেরিয়ে এলেন জাহিদুজ্জামান। বাসা তাঁর মালিবাগে, পেট্রোবাংলায় চাকরি করেন সহকারী ব্যবস্থাপক হিসেবে। কিনেছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস আমার দুঃখভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথা। তিনি বললেন, ‘এর আগেও দুই দিন এসেছিলাম মেলায়। প্রথমা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক বইগুলো কিনেছি। এবার এই উপন্যাসটি নিলাম। মার্কেজ আমার প্রিয়।’ প্রথমার বই সম্পর্কে তাঁর মন্তব্য হলো, ‘এই নিয়ে দ্বিতীয়বার মেলায় অংশ নিলেও প্রকাশনাটি দারুণ সাড়া জাগিয়েছে।’ কারণ হিসেবে তিনি মনে করেন, ‘বইয়ের মান উন্নত। ভুল নেই। বাঁধাই ভালো। বিষয়বস্তুর দিক থেকেও প্রথমার বইগুলো অন্যদের থেকে ব্যতিক্রম। এখান থেকে যে বইটিই কিনি, সেটি ভালো হবে—এমন একটা আস্থা দুই বছরেই তৈরি করেছে প্রতিষ্ঠানটি।’প্রথমা এবার প্রায় ৩০টি নতুন বই নিয়ে এসেছে মেলায়। সারা মেলায় বেশি বিক্রি হওয়া বইয়ের মধ্যে অন্যপ্রকাশের হুমায়ূন আহমেদের হিমুর আছে জল-এর পরই রয়েছে প্রথমার মুহম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনী প্রডিজি। এ ছাড়া রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে রবীন্দ্রবিষয়ক গ্রন্থের গ্রন্থসিরিজ। এতে ইতিমধ্যে পাঁচটি বই প্রকাশিত হয়েছে, যাতে আছে প্রায় শতবর্ষ আগের দুর্লভ সমালোচনাগ্রন্থ এক্রামদ্দীন রচিত রবীন্দ্র-প্রতিভা। হাসান ফেরদৌসের রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ও দুই হ্যারিয়েট, ভূঁইয়া ইকবালের রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ। আমাদের মহান স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষেও মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের একটি সিরিজ রয়েছে। এতে আছে স্বাধীন বাংলা বেতারকর্মীদের প্রথম জবানবন্দি নিয়ে সৈয়দ আবুল মকসুদের গবেষণাগ্রন্থ অরণ্য বেতার, মালেকা বেগমের মুক্তিযুদ্ধে নারী, কর্নেল শওকত আলীর সত্য মামলা আগরতলা ইত্যাদি। এ ছাড়া এ বছর রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি হচ্ছে। ঢাকা নিয়েও সিরিজ গ্রন্থমালা প্রকাশ করেছে প্রথমা। এই সিরিজে আছে মীজানুর রহমানের ঢাকাপুরাণ। এ ছাড়া আছে সৃজনশীল সাহিত্য, বিজ্ঞানবিষয়ক বই, রান্নার বই, প্রবন্ধ, ভ্রমণকাহিনি ও শিশুতোষ গ্রন্থমালা।বিদগ্ধ পাঠকদের কাছে মাত্র দুই বছরের মধ্যে প্রথমার বইগুলো প্রশংসিত হওয়ার কারণ সম্পর্কে সংস্থার প্রধান নির্বাহী অরুণ বসু বলেন, ‘আমরা রুচিশীল ও উন্নতমানের বই করতে চেয়েছি। এক শ ভাগ নির্ভুল বলব না, তবে প্রথমার বইগুলো মেলার নির্ভুল বইয়ের অন্যতম। আমাদের একটি পরামর্শক ও সম্পাদনা পর্ষদ আছে। সেখানে আমরা পাণ্ডুলিপি নির্বাচন ও সম্পাদনার কাজটি করি। লেখকদের সঙ্গে আমরা লিখিত চুক্তি করি এবং চুক্তি অনুসারে প্রাপ্য তাঁকে পৌঁছে দিই। শুধু একুশের মেলাকেন্দ্রিক বই প্রকাশ না করে আমরা সারা বছর ধরেই বই করছি। আসলে বই নিয়ে, প্রকাশনা নিয়ে, বিপণনব্যবস্থা নিয়ে আরও অনেক কিছু করার আছে। আমরা সবে শুরু করেছি। পাঠকেরা আমাদের বই গ্রহণ করেছেন, এটা আমাদের উৎসাহিত করেছে। প্রকাশনাকে আরও পেশাগত উৎকর্ষতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, আরও ভালো করার চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।’নতুন বই গতকাল মেলায় নতুন বই এসেছে ৮৮টি এবং মোড়ক উন্মোচন হয়েছে ৩৯টি বইয়ের। নতুন বইগুলোর মধ্যে ছিল পাঠক সমাবেশ থেকে আকবর আলি খানের সমাজ ও সাহিত্যবিষয়ক প্রবন্ধ অন্ধকারের উৎস হতে, বিষ্ণু বিশ্বাসের কবিতা স্মৃতি কুসুম, সাইদা খানমের জীবনী স্মৃতির পথ বেয়ে। বৈশাখী থেকে তপন বাগচীর প্রবন্ধ সাহিত্যের সঙ্গ অনুষঙ্গ, রফিকুর রশীদের গল্প স্বপ্নের ঘরবাড়ি। অবসর থেকে মানচিত্র ও ইতিহাসের সমন্বয়ে ব্যতিক্রমী বই এ কে এম শাহনাওয়াজ ও মাসউদ ইমরানের মানচিত্রে বাংলার ইতিহাস, ড. মুস্তাফিজুর রহমানের অভিনয়বিষয়ক স্তানিস্লাভিস্কর অভিনয় পদ্ধতি: তত্ত্ব ও প্রয়োগ এবং ছোটদের অভিনয়, অনন্ত বিজয় দাস সম্পাদিত বিজ্ঞানবিষয়ক ডারউইন: একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা, মাহফুজ উল্লাহর রাজনীতিবিষয়ক গ্রন্থ অভ্যুত্থানের উনসত্তর। ইছামতি থেকে নাজনীন মর্তুজা সম্পাদিত বাংলা পুঁথি সাহিত্য। আগামী থেকে নাসির আলী মামুনের নিবন্ধ চাঁড়ালনামা। অন্যপ্রকাশ থেকে ডা. সজল আশফাকের চিকিৎসাবিষয়ক নাক কান গলার অসুখ। অনন্যা থেকে হাসান হাফিজের কাব্য বল ভরসা দাও হে দয়াল। ভাষাভূমি থেকে রাসেল আশেকীর কবিতা শান্তির প্রবেশ প্রভৃতি। আজ শেষ দিনে মেলামঞ্চে থাকবে সেরা বই, সেরা স্টলের পুরস্কার বিতরণী। শেষ দিনের মেলায় যেতে যে অনেকেই উন্মুখ হবেন তা বলার অপেক্ষাই রাখে না।