আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উঁচু একটা বেদির ওপর বসে হাসছে বিশ্বকাপ ট্রফিটা। সেটির পাশ দিয়ে মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছেন তিনি। একবার কি আড়চোখে তাকালেন কাপটার দিকে?বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের প্রায় চারতলা উচ্চতার গ্যালারি থেকে তাঁকে খুব ছোট দেখাচ্ছে। তার পরও এটা নিশ্চিত বলতে পারছি, তাঁর চোখ মাটিতেই ছিল। ওই চোখে একটু আগে জ্বলেছে দাউদাউ আগুন। সেটি কি তখন অশ্রুতে চিকচিক! অত দূর-অত উঁচু থেকে সাধ্য কি তা বোঝার!বার্লিন অলিম্পিক স্টেডিয়াম ‘নীল’। হার্থা বার্লিনের হোমগ্রাউন্ড। তাদের জার্সির রঙে রং মিলিয়ে মাঠের চারপাশে নীল অ্যাথলেটিক ট্র্যাক। নীল ফাইনালের দু দলের জার্সিও। কে জানত, ফুটবল মহানায়কের লজ্জা-বেদনার নীলে এমন একাকার হয়ে যাবে সব নীল!২.আরেকটি বিশ্বকাপ যখন দুয়ারে, চোখের সামনে বারবার ভেসে উঠছে ছবিটা। জিনেদিন জিদান বেরিয়ে যাচ্ছেন মাঠ থেকে, বিশ্বকাপ থেকে, ফুটবল থেকে। পড়া-দেখা-শোনা—বিশ্বকাপ ফুটবল যতভাবে মন ছুঁয়েছে, সব ছাপিয়ে ওই ছবিটা! দৃশ্যটা মাঠে বসে দেখা, শুধু কি এ কারণেই! হয়তো। তবে এটাই একমাত্র কারণ নয়। এমন দৃশ্য তো বিশ্বকাপই কখনো দেখেনি আগে। আর কোনো দিন হয়তো দেখবেও না।বিশ্বকাপ স্বপ্নপূরণের নাম, স্বপ্নভঙ্গেরও। কিন্তু জিদান-নাটক কল্পনার সব সীমা ছাড়িয়ে যেন রহস্যলোকের কোনো বিভ্রম! চোখের সামনে সব ঘটছে, তার পরও নিজেই নিজেকে বলছি—সত্যিই কি এমন হচ্ছে! যা দেখছি, ঠিক দেখছি তো! নাকি এটা ফ্লাডলাইটের আলোর তৈরি মায়াবী বিভ্রম!৩.বিশ্বকাপের আনন্দযজ্ঞে সবাইকে নিমন্ত্রণ জানাতে বসে হঠাৎ কেন চার বছর আগের সেই রাত? প্রশ্নটা করবেন, জানি। কিন্তু এই প্রশ্নের উত্তর জানি না। শুধু জানি, জিদানের ‘মহাপ্রস্থানের’ ওই মুহূর্তটার প্রত্যক্ষদর্শী হয়ে বাকি জীবন গল্প করার মতো বিষয় পেয়ে গেছি সঞ্চয়ে। সেই গল্প বেদনার, মানুষের অসহায়ত্বেরও কি নয়? মাতেরাজ্জি-টাতেরাজ্জি নিমিত্তমাত্র। ভবিতব্য যেন ওটাই ঠিক করে রেখেছিল। জিদান ক্রীড়নকের মতো শুধু অনুসরণ করে গেছেন কোন এক অদৃশ্যলোকে লেখা হওয়া পাণ্ডুলিপি। ৪.জিদানেরটা কল্পনাছাড়া। তবে বিশ্বকাপ ফুটবল মানেই তো এমন সব মানবীয় নাটকের সারি সারি ছবি। আনন্দ-বেদনা, কান্না-হাসি, উচ্ছ্বাস-বিষাদের কোলাজ।সেটি তো কুশীলবদের জন্য। তা খেলোয়াড়েরা কাঁদুক-হাসুক। আমাদের জন্য শুধুই আনন্দ। চার বছর পর পর এই একটা মাস এসে ভাসিয়ে নিয়ে যায় পুরো বিশ্বকে। আমরা ফুটবলে হাসি, ফুটবলে কাঁদি, ফুটবলে গান গাই। বিশ্বকাপ জাতীয়তাবাদের পালে সবচেয়ে বড় হাওয়া। আবার একই সঙ্গে বিশ্বায়নের পালেও কি নয়! কোথাকার কোন ব্রাজিল, কোথাকার কোন আর্জেন্টিনার জন্য বদলে যায় বাংলাদেশের কত সহস্র মানুষের দিনরাত্রি।৫.বিরক্ত হচ্ছেন? বিশ্বকাপের বিশেষ সংখ্যায় লিখতে বসেছিস, কে চ্যাম্পিয়ন হবে, সেই ভবিষ্যদ্বাণী কর। তা না, যত্ত সব প্যাঁচাল। বললে বলুন। ওই ফাঁদে আমি পা দিচ্ছি না। চার বছর আগে জার্মানি বিশ্বকাপে ‘ব্রাজিল না জিতলে ইতালি জিতবে’ ভবিষ্যদ্বাণী করে সত্যি হওয়ায় যে ‘সুনাম’টা হয়েছে, সেটি হারানোর ঝুঁকি নেব, হুঁ হুঁ, এত বোকা আমি নই। এবার এই বিপদে ফেলেছি আখতার হোসেন খানকে। উনার রেকর্ডও অবশ্য খুব ভালো। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিল-ফ্রান্স ফাইনালের ভবিষ্যদ্বাণীই শুধু করেননি, ‘ইতিহাসের অঙ্গুলি ইউরোপের দিকে’ ঘোষণা করে ইঙ্গিতে চ্যাম্পিয়নের নামও বলে দিয়েছিলেন। এবার ‘তাঁর’ ফাইনালের দুই দল ব্রাজিল ও স্পেন। তবে এখানেই থেমে গিয়ে নিরাপদ পথে হেঁটেছেন ‘জয়ী ব্রাজিল বা স্পেন’ বলে। কেন ভাই, আপনার ভবিষ্যদ্বাণী যখন ফলেই যায়, স্পেনকে বিশ্বকাপটা দিয়ে দিলে কী ক্ষতি হতো! দু-তিন বছর ধরে ফুটবলের সুন্দরতম ফুলগুলো তো ফুটছে স্প্যানিশদের পায়ে পায়েই। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মতো ক্লাব, কত যুগের ঐতিহ্য—ফুটবলকে ওরা এত দিয়েছে, বিনিময়ে ওদেরও কি কিছু প্রাপ্য হয়নি?এই বিশ্বকাপটা কি স্প্যানিশদের কাছে ফুটবলের দায় মেটানোর উপলক্ষ হতে পারে না!৬.১৯৯৮ বিশ্বকাপ তো ফ্রান্সের কাছে সেই দায়ই মিটিয়েছে। বিশ্বকাপ ফুটবলের ধারণা এক ফরাসির। ইউরো চ্যাম্পিয়নশিপও আরেক ফরাসির মস্তিষ্কপ্রসূত। সাহিত্য-শিল্পকলা যেমন ফরাসিদের ছোঁয়ায় রঙিন, ফুটবলও তা-ই। যেটির বর্ণনায় এক ফুটবলবোদ্ধা লিখেছিলেন, ‘লাভলি থিংকিং ফুটবল।’ সেই ফ্রান্সকে বিশ্বকাপ জিততে যে এত বছর অপেক্ষা করতে হয়েছে, সেটি তো ফুটবল-দেবতার অবিচার!শেষ পর্যন্ত ফ্রান্স তা-ও তো জিতেছে। কিন্তু ফুটবলের দায়মুক্তির যে বাকি আছে আরও। স্পেনের কথা তো আগেই বললাম। হল্যান্ডের নামটাও যোগ করতে চাই এর সঙ্গে। বিশ্বকাপ যে ওদের শুধু যন্ত্রণাই দিয়েছে! ‘রেকর্ড’ও যে যন্ত্রণার প্রতিশব্দ হতে পারে, এটি আপনি যেকোনো ডাচকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। দুবার ফাইনালে খেলেও বিশ্বকাপ জিততে না পারার বেদনায় হল্যান্ডের সঙ্গী নেই আর কেউ।৭.১৯৭৪ বিশ্বকাপে ইয়োহান ক্রুইফের দল বিশ্বকে রাঙিয়েছিল কমলা রঙে। ফাইনালে এক জার্মানরা ছাড়া বিশ্বের আর কেউ হল্যান্ডের পরাজয় কামনা করেনি। অথচ বেকেনবাওয়ারের পশ্চিম জার্মানি বড় নিষ্ঠুরভাবে ভেঙে দিয়েছিল ‘কমলা-স্বপ্ন’কে। ঠিক বিশ বছর আগে বেকেনবাওয়ারের পূর্বসূরিদের হাতে যেমন ধ্বংস হয়েছিল পুসকাসের হাঙ্গেরির স্বপ্ন। শুধু ‘ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স’ই নয়, একটা দেশের ফুটবলই ধ্বংস হয়ে গেছে ওই পরাজয়ে। হল্যান্ডের অবশ্য হাঙ্গেরির দশা হয়নি। ডাচ ফুটবল এখনো সম্ভ্রমজাগানিয়া। ‘সম্ভ্রম’—কারণ ফুটবলটাকে এখনো জয়-পরাজয়ের ঊর্ধ্বে ভাবতে পারে ওরা। ব্রাজিলের মতো দলও যেখানে সুন্দর ফুটবলকে তুচ্ছ মেনে জেতাটাকেই ধ্যানজ্ঞান মেনে নিয়েছে, মুক্ত আক্রমণাত্মক ফুটবল খেলায় হল্যান্ডের বিশ্বাস এখনো অটুট।ভবিষ্যদ্বাণী করব না, সে তো আগেই বলেছি। কিন্তু চাওয়াটা তো বলতেই পারি। ব্রাজিল-আর্জেন্টিনা আবেগে আক্রান্ত দেশে কথাটা বেসুরো শোনাবে জানি। তবে কল্পচোখে স্বপ্নের যে ফাইনালটি দেখি, সেটির সুরমাধুর্যে মন ভরিয়ে দেওয়ার ব্যাপারে শতভাগ গ্যারান্টি দিতেও রাজি। ফিকশ্চার কী বলছে, জানি না। সেই হিসেব-নিকেশে যেতেও চাচ্ছি না। শুধু মনে হচ্ছে, আহা, ফাইনালটা যদি স্পেন-হল্যান্ড হতো!৮.জিনেদিন জিদান, আপনি কী বলেন? গতবারের দুঃস্মৃতি হয়তো ফাইনাল থেকে মুখ ফিরিয়ে থাকতে বলবে। তার পরও বাজি ধরতে রাজি, স্পেন-হল্যান্ড সুন্দরের আবাহনে সাড়া না দিয়ে আপনি পারবেন না। ফুটবলটা যে এত সুন্দর খেলা, গত দেড় দশকে আপনার চেয়ে ভালো আর কে বোঝাতে পেরেছে! বার্লিনের ভুতুড়ে রাতের ওই ঢুসটাকে না-হয় বিভ্রমই ধরি!