আনন্দযজ্ঞের ভেতর-বাহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর যা-ই হোক, আনন্দ-ফুর্তির দিক দিয়ে এই শহরের মানুষ কম যায় না—ঢাকায় এসে ভিনদেশি অনেক তারকাই এমন কথা বলেন। এটা যে মোটেও বাড়িয়ে বলা নয়, তা গত কয়েক মাসে শহরে আসা বিশ্বখ্যাত কয়েকজন তারকার তালিকা দেখলেই আঁচ করা যায়। কে কত বড় তারকাকে হাজির করতে পারবে, তা নিয়ে আয়োজক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। প্রিয় তারকার পরিবেশনা চোখের সামনে দেখতে দর্শকেরাও হুমড়ি খেয়ে পড়ছেন। নগরের তারকা শো, কনসার্ট আর ডিজে পার্টির মতো আনন্দ-আয়োজনের কথা লিখেছেন আলী আসিফ।শাহরুখ থেকে ব্রায়ান অ্যাডামস‘ঢাকা কি আর ঢাকা আছে? ঢাকায় এহন দুই দিন পরপরই শাহরুখ খান, সালমান খান, অক্ষয়, ক্যাটরিনারা আসে।’ বলছিলেন বারিধারা নতুনবাজারের এক মুদি দোকানি রিফাত হোসেন। তাঁর কথায় দ্বিমত করার উপায় কোথায়? এই তো ডিসেম্বর মাসে ঢাকায় এসে মাতিয়ে গেলেন বলিউউ-বাদশাহ শাহরুখ খান। সঙ্গে নিয়ে এসেছিলেন রানী মুখার্জি, অর্জুন রামপাল, ইশা কোপিরকারসহ বেশ কয়েকজন তারকাকে। তার রেশ কাটতে না-কাটতেই বিশ্বকাপের শহরে সালমান খান এসে জানিয়ে গেলেন, তিনি এই নিয়ে দুবার পা রাখলেন ঢাকার মাটিতে। একই আয়োজনে ক্যাটরিনা কাইফকে দেখার জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে আদতেই ঘুম হারাম করেছিল যুবকের দল।অপর দিকে সংগীতপিয়াসীদের তেষ্টা মেটাতে গত কয়েক মাসের মধ্যেই বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, গজলশিল্পী গুলাম আলী, মার্কিন গায়ক ব্রায়ান অ্যাডামসের মতো মহারথীরাও ঢাকা ঘুরে গেছেন।তারকার পেছনে যাঁরাএখন যদিও অনেকেই বড় ধরনের তারকা শো করছেন, কিন্তু একটা সময় নগরে এ ধরনের আয়োজন সহজ ছিল না। এসব জানালেন তারকা শো আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। ১৯৯০ সালে জন্ম নেওয়া অন্তর শোবিজ এরই মধ্যে ঢাকার মঞ্চে হাজির করেছেন আদনান সামী, বাপ্পী লাহিড়ী, নচিকেতা, পবন দাস বাউল থেকে শুরু করে শাহরুখ খান, রানী মুখার্জির মতো বড় মাপের শিল্পীদের। তাদের ডাকে বোম্বে ভাইকিংসের মতো ব্যান্ডদলও ঢাকা মাতিয়ে গেছে।দেশি-বিদেশি তারকাদের নিয়ে অনুষ্ঠান করাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কেউ কেউ। তাঁরা গড়ে তুলেছেন আয়োজন-প্রতিষ্ঠান। এমন একাধিক প্রতিষ্ঠানের কর্ণধারেরা জানান, একটা সময় বড় বাজেটের অনুষ্ঠান আয়োজন করে পয়সা উসুলের চিন্তা করা লাগত। এখন আর সেটা নিয়ে না ভাবলেও চলে। নগরে এখন বেশ বড় একটা দর্শক শ্রেণী রয়েছে। তারা আগ্রহ নিয়ে দেশি-বিদেশি তারকাদের শোতে আসে। দর্শকদের ভালো লাগাই আয়োজক কোম্পানিগুলোকে অনুপ্রেরণা দিচ্ছে ও সাহস জোগাচ্ছে।এ বিষয়ে তারকা শো আয়োজন-প্রতিষ্ঠান সংস্থা মিররের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া বলেন, ‘আজকাল অনেকেই বড় আয়োজন করছেন। তবে আমরা সব সময় চেষ্টা করি খ্যাতিমান সংগীতজ্ঞদের নিয়ে আসতে। তাই তো উপমহাদেশের কিংবদন্তিতুল্য শিল্পী আশা ভোঁশলেকে আনার চেষ্টা করছি। সব ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই তিনি ঢাকায় আসবেন।’ তিনি আরও যোগ করেন, ‘বিশ্বকাপের থিম সং গাওয়া শংকর, এহসান ও লয়কে আনার চেষ্টা করব জুলাইয়ের মাঝামাঝিতে। এ ছাড়া অস্কারবিজয়ী সংগীত পরিচালক এ আর রহমানকে ঢাকায় নিয়ে আসারও পরিকল্পনা করছি।’ডিজের খোঁজতারকা শো তো আর হররোজ হয় না। তাই নগরে প্রতি রাতে, প্রতি সন্ধ্যায়ই একাধিক ডিজে পার্টি হয় বলে জানালেন ডিজে শিক্ষালয় স্পিনিং হাউসের চেয়ারম্যান ডিজে জুবায়ের। আগ্রহীদের চাহিদার ভিত্তিতে তাঁরা একেকটি ডিজে শো আয়োজন করে দেন। ডিজে জুবায়ের জানান, পার্টির ধরনের ওপর নির্ভর করে খরচটা কেমন পড়বে। সাধারণত সান্ধ্যকালীন (ইভিনিং) পার্টি আর মাঝ রাতের (লেটনাইট) পার্টি, এই দুই ধরনের পার্টির চল এখন বেশি। কেউ যদি বিয়ে, জন্মদিন, বৌভাতের মতো অনুষ্ঠান কিংবা কোনো করপোরেট পার্টিতে ডিজে অয়োজন করতে চান, সে ক্ষেত্রে ৫০ হাজার থেকে শুরু করে ১০-২০ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।এদিকে ডিজে হূদয়ের প্রতিষ্ঠান ডিজে ওয়ার বিডি ছোট-বড় হাউস পার্টি, ক্লাব পার্টি আয়োজন করে। তাদের আয়োজনটা হয় গ্রাহকদের চাহিদার ওপর ভিত্তি করে, এমনটাই জানালেন ডিজে হূদয়। থাকতে হবে মাত্রাজ্ঞানআমোদপ্রিয় নগরবাসীর বিনোদন-বন্দনা আবার অনেকের কাছেই উৎপাত হয়ে দেখা দিতে পারে। যেমন, যেসব বাড়ির ছাদে লেটনাইট পার্টির আয়োজন করা হয়, তার পাশের বাড়ির মানুষের ঘুম হারাম হয়ে যেতে পারে শব্দের তোড়ে।এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা বিভাগীয় কার্যালয়) সুকুমার বিশ্বাসের পরামর্শ হচ্ছে, ‘উচ্চশব্দযুক্ত অনুষ্ঠান করতে হলে অবশ্যই পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে অনুমতি নিতে হবে। রাতের বেলা উচ্চশব্দ উৎপন্নকারী অনুষ্ঠানের ফলে এলাকার অন্যরা যদি বিরক্ত হন, তবে বিরক্তির শিকার হওয়া ব্যক্তি আবেদন করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’এদিকে আয়োজনস্থলে যদি গাড়ি রাখার জায়গা না থাকে কিংবা কম থাকে, তবে অনেক সময় রাস্তায় যানজট সৃষ্টি হতে পারে। তাই গাড়ি রাখার জায়গা আছে কি না তা আগেই দেখে নিতে হবে আয়োজকদের। আবার বড় ধরনের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হওয়ার আশঙ্কা থাকে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদের ভাষ্য হচ্ছে, ডিজে পার্টি, ব্যান্ড শো কিংবা তারকা শো, যেটাই আয়োজন করা হোক না কেন, তা যদি বিনোদনের জন্য হয়ে থাকে তবে তাঁদের কোনো আপত্তি নেই। তবে আনন্দের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকে।