মাইক্রোবাসে চড়ে ফেনীতে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন কক্সবাজার শহরের ব্যবসায়ী শেখ ইফতিজা হোসেন (৬০) ও তাঁর দুই ভাইয়ের পরিবারের ১১ সদস্য। কিন্তু তাঁদের আর বিয়ের অনুষ্ঠানে যাওয়া হয়নি।গতকাল শুক্রবার সকাল আটটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসের সঙ্গে ইফতিজাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইফতিজাসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।এর দুদিন আগে গত বুধবার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়।চকরিয়ায় নিহত অন্য ব্যক্তিরা হলেন, ইফতিজার স্ত্রী শেফায়েতুল আলম রেনু (৫৫), মেয়ে সাবরিনা সুলতানা (২১), বড় ভাই শেখ মুর্তোজা হোসেন (৬৫), তাঁর স্ত্রী হোসনে আরা বেগম (৫০), আরেক ভাই শাহিদুজ্জামান (৪০), তাঁর মেয়ে আভা (৮) এবং মাইক্রোবাসের চালক মো. শাহজাহান (৩৫)। শাহজাহানের বাড়ি কক্সবাজার পৌরসভার বাহারছড়া গ্রামে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত শাহিদুজ্জামানের স্ত্রী মাসুমা আফরীন (৩২), ছেলে আবিদ (৭), বোন রেবেকা সুলতানা (৩৫) ও চাচি মোকাররমা বেগমকে (৫০)।হতাহত ব্যক্তিরা সবাই কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রহিমের আত্মীয়। মুঠোফোনে তিনি জানান, আহত ব্যক্তিদের চারজনের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ছয়টার দিকে কক্সবাজার পৌরসভার টেকপাড়া কালুর দোকান এলাকার ব্যবসায়ী শেখ ইফতিজা হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল ভাড়া করা মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-১১-৪৮৩৭) নিয়ে ফেনীর উদ্দেশে রওনা হয়। সকাল আটটার দিকে চকরিয়ার ডুলাহাজারা এলাকায় মহাসড়কের একটি বাঁক অতিক্রম করার সময় শ্যামলী পরিবহনের একটি চেয়ারকোচের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৭৯৩) সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাসের চালক শাহজাহান ও গৃহবধূ হোসনে আরা। অন্য ছয়জনের মৃত্যু হয় স্থানীয় ডুলাহাজারা খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পর।দুর্ঘটনায় আহত মাসুমা আফরীন (৩২) গতকাল সকাল সাড়ে ১০টার দিকে খ্রিস্টিয়ান হাসপাতালে স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নয়জনসহ ১২ জনের মৃত্যুর খবর সংবাদপত্রে দেখে অনেকবার বলেছিলাম ফেনীতে বিয়ের অনুষ্ঠানে না যেতে। কিন্তু আমার কথা কেউ শোনেনি।’ বলেই কান্নায় ভেঙে পড়েন মাসুমা।গতকাল বিকেলে কক্সবাজার জেলা স্টেডিয়ামে ব্যবসায়ী ইফতিজাসহ সাতজনের জানাজা হয়। এতে অংশ নেন হাজারো মানুষ। জানাজা শেষে শহরের টেকপাড়ায় পারিবারিক কবরস্থানে নিহত ব্যক্তিদের দাফন করা হয়।দুর্ঘটনার ব্যাপারে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. খালেকুজ্জামান বলেন, সকালে প্রবল বৃষ্টির সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের একটি বাঁক অতিক্রম করার সময় ওই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, শ্যামলী পরিবহনের বাসচালক দ্রুতগতিতে বেপরোয়াভাবে চালানোয় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপর চালক বাস রেখে পালিয়ে যান।