আনন্দযাত্রায় স্বপ্নচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই চতুর্থ শ্রেণীতে প্রথম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া, তখন নিশ্চয়ই ঘুণাক্ষরেও ভাবিনি একদিন এই গণিতেরই বিশ্বমঞ্চে দেশের পতাকা নিয়ে দাঁড়াব! ৬ জুলাই কাজাখস্তানের রাজধানী আস্তানায় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে যখন বাংলাদেশের লাল-সবুজকে সবার সামনে তুলে ধরলাম, তখন মনে হলো, আহ! পূরণ হলো আমার শৈশব-লালিত স্বপ্ন। দেশের সহস্র মানুষের শুভ কামনা, অনুপ্রেরণা, বাংলাদেশ গণিত উৎসবের সঙ্গে যুক্ত শত মানুষের শ্রম, সময় ও চেষ্টা, শ্রদ্ধেয় কোচ মাহবুব স্যার ও মুনির স্যারের নির্দেশনা আর সঙ্গে হয়তো আমার কিঞ্চিৎ প্রচেষ্টা আজ আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে আর আমার ভান্ডার ভরিয়ে দিয়েছে বিচিত্র সব অভিজ্ঞতায়, যেগুলো লিখতে গেলে একটা এনসাইক্লোপিডিয়াই হয়ে যাবে। বাংলাদেশ থেকে সাড়ে চার ঘণ্টা বিমান ভ্রমণ করে দুবাই এয়ারপোর্টে নেমেই আমার আক্কেল গুড়ুম হওয়ার অবস্থা। আদ্যন্তবিহীন বিশাল এয়ারপোর্ট। এখানে নেমে চেকইন আর বোর্ডিয়ের জন্য হেঁটে যখনই একটু বিশ্রাম নেওয়ার কথা ভাবছি, তখনই জানতে পারলাম, ভুলপথে হেঁটে এসেছি এতক্ষণ, আরও প্রায় দেড় গুণ পথ হেঁটে আসল গন্তব্যে যেতে হবে! এ রকম হাঁটাহাঁটি আর অপেক্ষার পর্ব পেরিয়ে ৫ জুলাই পৌঁছলাম আস্তানায়। উষ্ণ অভ্যর্থনা দিয়ে নিয়ে যাওয়া হলো পাঁচতারা হোটেল দুমানে। আমার জন্য বরাদ্দ করা রুমে প্রবেশের পর আবিষ্কার করলাম সিরিয়ার চারজন মেয়ে ও নিউজিল্যান্ডের একজন শিক্ষিকা রুমের পাঁচটি বেড দখলে নিয়ে আছেন এবং আমার জন্য কোনো বেড অবশিষ্ট নেই। আমি তো ভড়কেই গেলাম, শেষ পর্যন্ত কি পাঁচতারা হোটেলে ফ্লোরিং করা হবে? কর্তৃপক্ষকে বলার পর তারা আমার জন্য একটি বেডের ব্যবস্থা করে দিল। জানতে পারলাম, সব রুমেই একই অবস্থা। ডাইনিং হলে প্রবেশের পর আমাদের আরেকবার আক্কেল গুড়ুম হওয়ার জোগাড়। নানা স্বাদের, রঙের, ঢঙের খাবার সাজানো। নতুন দেশের খাবার-দাবার নিয়ে এমনিতেই উত্তেজনা কাজ করছিল, তার ওপর শুনেছিলাম এখানে ঘোড়ার মাংস-দুধসহ বিচিত্র খাবার খাওয়া হয়; তাই সবাই প্লেট ভর্তি করে খাবার নিয়ে খেতে বসলাম। কিন্তু মুখে দেওয়ার পর বাংলাদেশে ফেলে আসা ডাল-ভাতের জন্যই মনটা হাহাকার করে উঠল। আমরা কিছুতেই বুঝলাম না, তেলসমৃদ্ধ দেশ হলেই কেন এত তেলসমৃদ্ধ খাবার খেতে হবে! যদিও ইশফাক ভাইয়া যথারীতি সব ধরনের খাবারই গলাধঃকরণ করা শুরু করলেন এবং ফলটাও যথারীতিই পেলেন। এর পরদিন লেক, পাহাড়, বন আর বিশাল নীলাকাশের অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা শহর বেলডারেনে আমাদের নিয়ে যাওয়া হলো। ওখানে আমার রুমে ছিল নাইজেরিয়া, পাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান আর কম্বোডিয়ার পাঁচজন মেয়ে। তাঁদের সবার সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠল। আমি যখন তাঁদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প শোনাচ্ছিলাম, তখন তাঁদের চোখ-মুখের অবাক ভঙ্গি আমাকে খুবই গর্বিত করে তুলছিল। নিজের দেশকে জানানোর এর চেয়ে বড় সুযোগ আমি আর কোথায় পাব? ৭ ও ৮ জুলাই ছিল পরীক্ষা। প্রথম দিন পরীক্ষার পর মনটা খুব খারাপ ছিল। সহজ প্রবলেমটা বাদ দিয়ে আমি কঠিন দুটি সমাধান করতে চেষ্টা করে পুরো সাড়ে চার ঘণ্টা সময় ব্যয় করে ফেলেছি। যা-ই হোক, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরের দিনের জন্য মানসিক প্রস্তুতি নিলাম। দ্বিতীয় দিনে ৪ নম্বর সমস্যার সমাধান করে অনারেবল মেনশন নিশ্চিত করলেও প্রথম দিনের আফসোস বেশি খুশি হতে দিল না। বাংলাদেশকে হয়তো আরও ভালো ফল দিতে পারতাম। কিন্তু কী আর করা? ভবিষ্যতের আশায় থেকে প্রস্তুত হলাম আনন্দ ভ্রমণের জন্য। প্রাকৃতিক সৌন্দর্যের বিশাল সম্ভার নিয়ে কাজাখরা বলা যায় দিশেহারাই হয়ে পড়ল কোনটা ছেড়ে কোনটা দেখাবে। প্রথম দুই দিনের ভ্রমণ বেশ ভালো লাগল। তৃতীয় দিন আমাদের বলা হলো, আমরা একটা নতুন আবিষ্কৃত চার হাজার বছরের পুরোনো প্রাচীন শহর দেখতে যাচ্ছি। তিন ঘণ্টা বাসে বসে ক্লান্ত হয়ে যখন পৌঁছলাম তখন দেখলাম, ঘোড়ার প্রাকৃতিক কর্মে পরিপূর্ণ বিশাল মাঠ এবং জানতে পারলাম, এই মাঠের নিচেই আছে সেই প্রাচীন শহর, যার খোঁড়াখুঁড়ির কাজ কেবল শুরু হয়েছে! অতঃপর পুনরায় তিন ঘণ্টা বাস ভ্রমণ করে ডর্মে প্রত্যাবর্তন। ওদের বিস্তীর্ণ বিরানভূমি দেখে আমরা এক ফাঁকে একটু গবেষণা করে নিলাম, কীভাবে বাংলাদেশের কিছু মানুষকে কাজাখস্তানে পাঠিয়ে দেওয়া যায়। এতে বাংলাদেশ ও কাজাখস্তান—দুই দেশেরই লাভ হবে। প্রতিদিনের ভ্রমণের ফাঁকে আমরা উপভোগ করলাম কনসার্ট আর নাচ। বিকেলে ছিল খেলাধুলার ব্যবস্থা। সবচেয়ে মজা হতো রাতে, যখন আমরা বিভিন্ন দেশের সঙ্গে স্যুভেনির আদান-প্রদান করতাম। এ রকম আয়োজনে এতটাই মশগুল হয়েছিলাম যে বিদায়ের ক্ষণ যে ঘনিয়ে আসছে, তা ভুলেই গিয়েছিলাম। ১৩ জুলাই আস্তানায় ফিরে গিয়ে আমাদের লাল গালিচার ওপর দিয়ে স্বাধীনতা ভবনের অভ্যন্তরে নিয়ে যাওয়া হলো। নানা আনুষ্ঠানিকতার পর শুরু হলো পুরস্কার বিতরণ। মুন ভাইয়া যখন লাল-সবুজে নিজেকে জড়িয়ে মঞ্চে পদক আনতে উঠলেন, তখন কেন জানি আমার খুব ইচ্ছে হলো, এ মুহূর্তটাকে তুলে নিয়ে দেশের কোটি কোটি মানুষের নিউরনে ছড়িয়ে দিতে। এত দুঃখ-দারিদ্র্যের ভিড়ে এসব মুহূর্তই তো আমাদের সম্পদ। এই স্মৃতি আমাকে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি, প্রথম আলো ও ডাচ্-বাংলা ব্যাংককে।