আনন্দরাঙা এক উৎসবের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানে কিশে মজা? প্রশ্নটা করলেন তারিক মনজুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এবারের ভাষা প্রতিযোগের সমন্বয়ক। এ প্রশ্নের উত্তরটা অবশ্য তখন মেলেনি। উত্তর পাওয়া গিয়েছিল অনুষ্ঠানের শেষ পর্বে দিনটা ছিল ২৪ মার্চ। স্থান ময়মনসিংহ জিলা স্কুল। নুসরাত জাহান বললেন, কবি বলতে স্ত্রী-পুরুষ উভয়কেই বোঝায়। অথচ ‘কবি’ পুরুষবাচক শব্দ। এমনটা কেন হলো? উত্তর দিলেন বিশ্বজিৎ ঘোষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আদিতে হয়তো পুরুষেরাই কবিতা লিখত। নারীরা লিখলেও ছিটেফোঁটা। যাদের ধর্তব্য বলে মনে করেননি ওই সময়ের ব্যাকরণবিদ। তোমার প্রশ্নটা যৌক্তিক। ভালো প্রশ্নের জন্য পুরস্কার। নুসরাত পেল বই। তাবাসসুম ফেরদৌস জানতে চাইল, বাংলা সন-তারিখের পরিবর্তে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন? উত্তর দিলেন তারেক রেজা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। প্রচলনটা বেশি তা-ই। আমাদের কোনো ভাষার প্রতি বিদ্বেষ নেই; বরং ভালোবাসা আছে। প্রশ্নের পর প্রশ্ন। রথ দেখা কলা বেচার সুযোগ চায় সবাই। কারণ, প্রশ্নে উত্তরও মেলে, পুরস্কারও জোটে। শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলনে, ভাষাকে ঘিরে তাই দিনটা হয়ে উঠেছিল অভূতপূবর্, আনন্দরাঙা। যার প্রধান ক্রীড়নক ছিল, উপস্থিত চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। ঢাকা থেকে আরও গিয়েছিলেন ড. সাইফুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষক। প্রশ্নোত্তরের ফাঁকে শুভেচ্ছা বক্তব্য দেন এইচএসবিসির কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। ভাষা আন্দোলনের ৬০ বছর উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের ভাষা আন্দোলনের ইতিহাস সংক্ষেপে, সহজ ভাষায়, সুন্দর করে বলেছেন, রাধা সুন্দরী উচ্চবিদ্যালয়ের (অব.) শিক্ষক আবদুল আজিজ তালুকদার। এ সময় মঞ্চে আরও ছিলেন আনন্দ মোহন কলেজের আফজালুর রহমান, মুমিনুন্নিসা কলেজের জাহানারা জামান, মাকসুদ আলম এবং ময়মনসিংহ জিলা স্কুলের মায়া সরকার।‘ঠাঁই নাই, ঠাঁই নাই ছোট সে তরী, আমারি সোনার ধানে গিয়াছে ভরি।’ এমন পরিস্থিতিতে সবাই প্রশ্ন করতে উদগ্রীব, কিন্তু সবাইকে সুযোগ দেওয়া কি সম্ভব? একজন শিক্ষক অভিযোগ করলেন, তাঁদের স্কুলের শিক্ষার্থীরা প্রশ্ন করার কোনো সুযোগ পায়নি। ওদেরও সুযোগ দেওয়া হলো।সকালের কাঁচা রোদে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। জাতীয় সংগীতের সঙ্গে, জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন যথাক্রমে ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. ইউনুছ ফারুকী ও অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। উদ্বোধন পর্বে প্রধান শিক্ষক বাংলা, ইংরেজি, হিন্দি মিলিয়ে কথা না বলার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করেন। এরপর অনুষ্ঠিত হয় আধা ঘণ্টার লিখিত পরীক্ষা। যার ভিত্তিতে চার বিভাগে ৬০ জন পায় জাতীয় উৎসবে অংশগ্রহণের সুযোগ।সাংস্কৃতিক পর্বের আকর্ষণ ছিল পরানের গান। গান, আবৃত্তি, নৃত্য ও কৌতুক পরিবেশন করে ক’জন শিক্ষার্থী এবং প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা। ইতিমধ্যে জানা হয়, অনুষ্ঠান শুরু করা মুহূর্তের প্রশ্ন ‘টানেকিশেমজা’র অর্থ। ট-টাঙ্গাইল, নে-নেত্রকোনা, কি-কিশোরগঞ্জ, শে-শেরপুর, ম-ময়মনসিংহ, জা-জামালপুর। বৃহত্তর ময়মনসিংহের এই ছয় জেলাকে জারি গানে জানা গেল, নতুন করে। অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. ইউনুছ ফারুকীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। শুভেচ্ছা বক্তব্যে তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আরও বক্তব্য দেন প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি মোমেনা আক্তার হ্যাপী এবং ময়মনসিংহ প্রতিনিধি মো. কামরুজ্জামান। সর্বশেষে আসে বুক ঢিবঢিবক্ষণ। ফলাফল ঘোষণা করেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক কাজল রশীদ। বিজয়ীদের হাততালি দিয়ে অভিনন্দন জানায় সবাই। শেষ হয়ে আসে আনন্দরাঙা উৎসবের সব আয়োজন। ধ্রুবতারার মতো থেকে যায় এই প্রত্যয়, ‘বাংলাভাষায় কাঁদি হাসি, সকল ভাষা ভালোবাসি’।