আনন্দলোকে ঈদের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরজায় কড়া নাড়ছে ঈদ। উৎসবের রং ছড়িয়ে পড়েছে সারা দেশে। আনন্দের আভায় উজ্জ্বল সাংস্কৃতিক অঙ্গনও। দোকানে দোকানে বাজছে নতুন গান। সিনেমা পাড়ায় চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। ব্যস্ত ঐতিহ্যবাহী শিল্প যাত্রার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও।এবার ঈদের দিনে মুক্তি পাচ্ছে পাঁচটি নতুন চলচ্চিত্র। ঈদ উপলক্ষ করে বাজারে এসেছে শতাধিক নতুন গানের অ্যালবাম। চলচ্চিত্র ও গানের অ্যালবাম দুটোরই সংখ্যা অবশ্য কয়েক বছর ধরে ক্রমশ কমে আসার ধারাবাহিকতা অক্ষুণ্ন রয়েছে। তার পরও যা আসছে তা নিয়েই সরগরম হচ্ছে সংস্কৃতি বাজার। পাঁচটি নতুন চলচ্চিত্র: রাজধানীর কয়েকটি সিনেমা হলের সংস্কার হতে দেখা গেছে। প্রযোজক, পরিচালক ও শিল্পী-কলাকুশলীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ছবি মুক্তির। প্রিয় তারকার নতুন ছবি দেখতে ভক্ত দর্শকদেরও তর সইছে না নিশ্চয়ই। এর মধ্যে হতাশার খবর একটাই, তা ওই ছবির সংখ্যা কমে আসার বিষয়টি। বড় পর্দায় মুক্তির প্রতীক্ষায় থাকা ছবি পাঁচটি হচ্ছে নিঃশ্বাস আমার তুমি, চাচ্চু আমার চাচ্চু, নাম্বার ওয়ান শাকিব খান, রিকশাওয়ালার ছেলে ও অবুঝ বউ। এবারের ঈদে শাকিব খান ও অপু বিশ্বাস জুটির জয়জয়কার। গ্রামীণ কথাচিত্র প্রযোজিত ছবি নাম্বার ওয়ান শাকিব খান-এর পরিচালক বদিউল আলম। একই পরিচালকের আরেকটি ছবি নিঃশ্বাস আমার তুমি। দুটি ছবিতেই শাকিব-অপু জুটি। অন্যদিকে পি এ কাজল বেশ আগেই শেষ করেছিলেন চাচ্চু আমার চাচ্চু ছবির কাজ। কাজলও নায়ক-নায়িকা হিসেবে বেছে নিয়েছেন শাকিব ও অপুকে। ফলে ঈদের পাঁচ ছবির তিনটিতেই এ তারকা জুটি।খল অভিনেতা ডিপজল প্রযোজনা করেছেন রিকশাওয়ালার ছেলে ছবিটি। মনতাজুর রহমান পরিচালিত এ ছবির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে রাজ্জাক ও শিশুশিল্পী দীঘিকে। ঢাকাই বাণিজ্যিক ঘরানার এ কয়টি ছবির পাশে নার্গিস আক্তার পরিচালিত অবুঝ বউ ছবিটি একটু ব্যতিক্রমী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি ঈদের পরদিন স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সমাপ্তি’ গল্প অবলম্বনে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন ববিতা, ফেরদৌস, শাকিল খান প্রমুখ।এবারের ঈদের ছবিতে নেই সমসাময়িক তারকাদের অনেকেই। রিয়াজ, আমিন খান কিংবা অমিত হাসান যেমন থাকছেন না ঈদের ছবিতে, তেমনি পাওয়া যাবে না শাবনূর, মৌসুমী, পূর্ণিমা কিংবা পপিকে। গানের অ্যালবাম নিয়ে পাইরেসি আতঙ্ক: প্রযোজকেরা দাবি করেছেন, এবার ঈদের অডিও বাজার মন্দা। তবে ঈদের কেনাকাটার ফাঁকে প্রিয় শিল্পীর নতুন অ্যালবামের খোঁজ করেছেন অনেকেই।এবার আগের বছরের চেয়ে কম হলেও শেষ পর্যন্ত শতাধিক অ্যালবাম বেরিয়েছে। এর মধ্যে রয়েছে বেবী নাজনীনের ইচ্ছে করে ভালোবাসি, বারী সিদ্দিকীর লোকগানের একক ভালোবাসার জ্বালা, সেলিম চৌধুরীর বাউলা বাতাস, আঁখি আলমগীরের চোখ দিয়ে ছোঁব তোমায়, ক্লোজআপ ওয়ান তারকা রাজীবের মিশ্র গানের একক অ্যালবাম একলা মানুষ, মাহাদীর অন্যরকম, রিংকুর একক ফকির লালন বলে, ক্লোজআপ ওয়ান তারকা সাজুর ০১৭১৪৫৫৮২৮৩, শফিক তুহিনের একক শফিক তুহিন ডট কম, আশেকের তৃতীয় একক অ্যালবাম দেখা হবে, অভির দ্বিতীয় একক অ্যালবাম প্রেমের মরা জলে ডোবে না, ক্ষুদে গানরাজ তারকা আশার রাজকুমারী ও ঝুমার বৃষ্টি নূপুর এককসহ আরও কিছু অ্যালবাম।পাইরেসি হচ্ছে?ঈদের অডিও-ভিডিও জাল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, গতকাল গুলিস্তান, সদরঘাট ও বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকার ফুটপাতে অ্যালবামের এমপি-থ্রি বিক্রি হতে দেখা গেছে। এ ব্যাপারে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কপিরাইট রেজিস্ট্রার মনজুরুর রহমান প্রথম আলোকে বলেন, এবারের ঈদে টাস্কফোর্স বাজারে বিশেষভাবে নজর রাখবে। কোনো ব্যবসায়ীও যাতে কপিরাইট আইন লঙ্ঘন না করেন, সে ব্যাপারেও সতর্ক হওয়ার অনুরোধ জানান তিনি। রাজধানীর বাইরে যাত্রাপালা: এদিকে ঈদ ও শারদীয় দুর্গোৎসব সামনে রেখে যাত্রা দলগুলোর পালা মঞ্চায়নের প্রস্তুতি জোরেশোরেই চলছে। বাংলাদেশ যাত্রাপালাকার পরিষদের সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান, ঈদের দিন থেকে বরিশালের গৌরনদীতে আর্য অপেরা, চুয়াডাঙ্গার টিপুদহ বাজারে নিউ রংমহল অপেরা, রাজশাহীর বাঘায় চৈতালী অপেরা, সোনালী অপেরা ও নিউ স্টার সার্কাস, খুলনার ডুমুরিয়ায় নিউ গীতশ্রী অপেরা, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৌসুমী অপেরা, কাজীপুরে নিউ ভোলানাথ অপেরা যাত্রা পরিবেশন করবে। এসব পালা ঈদের দিন থেকে টানা ১০ দিন চলবে।