‘কী’ আর ‘কি’-এর মধ্যে পার্থক্য কী? কাকতাড়ুয়া তো শুধু কাক তাড়ায় না, সব পাখিই তাড়ায়, তাহলে এটার নাম কি ‘পক্ষীতাড়ুয়া’ হওয়া উচিত ছিল না? বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে একটি সময়কে অবহিত করা হয়, কিন্তু সে সময় তো লক্ষ্মণ সেনের একটি বই রচনার কথা জানা যায়, সুতরাং সময়টি অন্ধকার সময় হলো কেন?বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে এমন সব কঠিন কঠিন প্রশ্ন, মাঝেমধ্যেই হাসির লহরা বইয়ে দেওয়া কৌতুক, মন ভরানো গান আর আবৃত্তি নিয়ে একেবারে মাতিয়ে রাখা আয়োজন। ওদিকে আবার স্কুলে যাওয়ার তাড়া নেই। ছুটির দিন। তাই গতকাল শুক্রবার সকাল থেকে বেলা গড়ানো অবধি সারাটা দিন আনন্দ-উৎসবে মেতে উঠেছিল এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের চূড়ান্ত পর্বের অংশগ্রহণকারীরা। সারা দেশের চার শতাধিক প্রতিযোগীকে নিয়ে এই জাতীয় উৎসবটি হলো রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। এটি ছিল ভাষা প্রতিযোগের সপ্তম আয়োজন।এ বছর ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে দেশের নয়টি অঞ্চলে ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হয়। ওই নয় অঞ্চল থেকে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চারটি বিভাগে বিজয়ী চার শতাধিক শিক্ষার্থী জাতীয় প্রতিযোগিতায় অংশ নেয়।এবার বাংলা সাহিত্যের প্রধান পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী, পাশাপাশি আমাদের স্বাধীনতার ৪০ বছর পূর্তি হচ্ছে। সে কারণে বিশেষ মাত্রা পেয়েছিল এবারের উৎসব। গানে, আবৃত্তিতে, উদ্ধৃতিতে কবির প্রসঙ্গ যেমন অনুষ্ঠানকে রবীন্দ্রময় করে তুলেছিল, তেমনি দেশের প্রতি ভালোবাসা ও আত্মনিবেদনের অঙ্গীকারে ছিল দৃপ্ত। একইভাবে নবীন প্রজন্মের শিক্ষার্থীরা সব ক্ষেত্রে মাতৃভাষার ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করা এবং বিকৃতি রোধ করার প্রত্যয় জানিয়েছে।গতকাল সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে জাতীয় পতাকা ও উৎসবের পতাকা এবং বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা প্রতিযোগ পর্ষদ ২০১১-এর আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, ‘আমরা যেমন মায়ের কোলে জন্ম নিই, তেমনি মাতৃভাষার কোলেও জন্ম নিই। মাতৃভাষা আমাদের সহজাত। তার পরও মাতৃভাষা চর্চা ও অনুশীলনের বিষয় থাকে।’প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমরা মাতৃভাষা বাংলাকে আরও বেশি ভালোবাসতে চাই; মাতৃভাষায় শুদ্ধ করে কথা বলতে, পড়তে, লিখতে চাই; দেশকে আরও বেশি ভালোবাসতে চাই—এটি ছড়িয়ে দিতেই এই আয়োজন।’এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা সামি হাফিজ এই আয়োজনের সঙ্গে তাঁদের সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন।এ সময় অন্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, ভীষ্মদেব চৌধুরী, সৈয়দ আজিজুল হক, ভাষাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ শাহরির রহমান, সহকারী সম্পাদক অরুণ বসু, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম, বাংলা একাডেমীর উপপরিচালক ড. আমিনুর রহমান সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষে অনেকেই যখন ‘ইশ্, আরেকটু সময় যদি পেতাম! এটা সহজ ছিল, পারলাম না’—এমন আক্ষেপ নিয়ে শ্রেণীকক্ষ ছেড়ে বের হয়ে আসছিল, তখন বিদ্যালয়ের মিলনায়তন তাদের আনন্দে মাতিয়ে তুলেছিলেন সঞ্চালনার দায়িত্বে মঞ্চে উপস্থিত প্রথম আলোর উপসম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক। তাঁর মজার মজার কৌতুক আর বুদ্ধিদীপ্ত প্রশ্নোত্তরের পালা মুহূর্তেই উৎফুল্ল করে তুলেছিল প্রতিযোগীদের। খুদে শিক্ষার্থীদের জিজ্ঞাসার যেন অন্ত নেই। প্রশ্নোত্তর পর্বে আসে কবিগুরুর প্রসঙ্গ। কবির গান ‘আমার মুক্তি আলোয় আলোয়’সহ তিনটি গান গেয়ে শোনালেন বিশিষ্ট শিল্পী লাইসা আহমেদ লিসা। লোকছড়া নিয়ে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন ‘জিয়নকাঠি’র শিল্পীরা। গান ও আবৃত্তিতে অংশ নিয়েছে প্রতিযোগীদের অনেকেই। এর জন্য তারা আলাদা করে পুরস্কারও পেয়েছে। পুরস্কারগুলো ছিল বই। একটি গান বা আবৃত্তির পর প্রতিযোগীদের অনুপ্রেরণা দিতে, মাতৃভাষা শুদ্ধ করে বলতে, লিখতে, পড়তে আহ্বান জানিয়ে সংক্ষেপে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা। এরপর মধ্যাহ্নভোজের পালা। সঙ্গে আসা অভিভাবক আর শিক্ষার্থীদের খাবারের কুপন দিয়ে দেওয়া হয়েছিল সকালেই।বিকেলে পুরস্কার বিতরণ পর্ব। শুরু হয়েছিল নবীন প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের গান দিয়ে। ক্লোজআপ তারকা আবিদ ‘আমি চিনি গো চিনি তোমারে’সহ তিনটি গান গেয়ে শোনান। কণা শুনিয়েছেন তার জনপ্রিয় গান ‘লাজুক পাত লজ্জাবতী’সহ তিনটি গান। ইবরার টিপু শুনিয়েছেন, ‘জানি না কী যে হলো’। পরে তিনি ও কণা মিলে গেয়েছেন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের থিম সং, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’।এরপর ছিল আলোচনা ও পুরস্কার বিতরণ। এ পর্বে অতিথি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক বিশিষ্ট সাহিত্যিক রশীদ হায়দার বলেন, ‘ইদানীং ভাষা নিয়ে অনেক রকম রসিকতা, ইয়ার্কি, ফাজলামি দেখছি। এতে বাংলা ভাষার কোনো ক্ষতি হয় না। যারা বিকৃত ভাষা ব্যবহার করে, তাদেরই ক্ষতি হয়। এ ভাষার জন্য আন্দোলন হয়েছিল। এমনই দুর্ভাগ্য যে, ভাষাকে আমরা নষ্ট ও কলুষিত করে তুলছি। এই পরিস্থিতিতে নবীন প্রজন্মকে নিয়ে শুদ্ধ করে ভাষা শিখতে উৎসাহিত করার এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক বলেন, বাংলা ভাষার বিকৃতি রোধ এবং সব ক্ষেত্রে শুদ্ধতা রক্ষায় সবাইকে চেষ্টা করতে হবে।সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম, রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ এবং রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এ আই এম মূসা উপস্থিত ছিলেন। বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।নটর ডেম কলেজের সৌরভ কুমার মণ্ডল উৎসবে সবচেয়ে বেশি নম্বর পেয়ে সেরাদের সেরা নির্বাচিত হয়। সে উচ্চমাধ্যমিক বিভাগে প্রথম, উচ্চমাধ্যমিকে রংপুর সরকারি কলেজের মনিকা দাস দ্বিতীয় এবং ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের আহমদ নাফিস খান তৃতীয় স্থান অর্জন করে।মাধ্যমিকে প্রথম হয় রাজশাহী কলেজিয়েট স্কুলের মোস্তফা রাফিদ। এ ছাড়া ময়মনসিংহ জিলা স্কুলের ইফতিজা হক উসমানী দ্বিতীয় এবং রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের আতিক ইশরাক তৃতীয় স্থান জয় করে নেয়। নিম্নমাধ্যমিকে এসওএস হারম্যান মেইনার স্কুলের মো. হাসিবুল ইসলাম প্রথম, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আঁখি আলীম দ্বিতীয় এবং সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের আহনাফ শাহরিয়ার তৃতীয় হয়েছে। প্রাথমিকে প্রথম হয়েছে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ইশরাক আহসান, ময়মনসিংহ জিলা স্কুলের ইফতেখার আলম চৌধুরী দ্বিতীয় এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রদ্যোৎ দীপ বড়ুয়া তৃতীয় হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান ও বিশেষ পুরস্কার মিলিয়ে চার বিভাগে ৮০ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।