আনন্দে উদ্বেল শাহবাগ, কাল সমাবেশ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে আগামীকাল শুক্রবার বিকাল তিনটায় সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। পরদিন শনিবার সব স্কুল-কলেজ-বাসা-বাড়িসহ দেশের সব জায়গায় যে যেখানেই থাকবে, সেখান থেকেই জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানানো হয়েছে।আজ বৃহস্পতিবার রাতে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার এ কর্মসূচির ঘোষণা দেন।ইমরান বলেন, আগামীকাল জুমার নামাজের পর সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সব মসজিদে প্রার্থনার কর্মসূচি দেওয়া হয়েছে। এ সময় শাহবাগে আজ রাতের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন তিনি। এর আগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার সংবাদ পৌঁছালে উল্লাসে ফেটে পড়ে গোটা শাহবাগ চত্বর। হাজার হাজার মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে, জাতীয় পতাকা উড়িয়ে আদালতের রায়কে স্বাগত জানান। সাঈদীর বিরুদ্ধে এই রায়ে তাঁরা ফুল ও পানি ছিটিয়ে আনন্দ প্রকাশ করেন। কারো কারো চোখে ছিল আনন্দের জল।এ ছাড়া এই রায়ে শুকরিয়া আদায় করে আজ বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে বিশেষ মোনাজাত করা হয়েছে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হালিম সিরাজী।একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে শাহবাগের প্রজন্ম চত্বরে টানা ২৪ দিন ধরে এই আন্দোলন চলছে। আন্দোলনের উদ্যোক্তা ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় সাঈদীর ফাঁসির রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি এই রায়কে জনগণের বিজয় হিসেবে অভিহিত করেন।প্রথম আলো ডটকমের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় ইমরান বলেন, ‘এই রায় জনতার বিজয়। এই বিজয় স্বাধীনতাযুদ্ধের অযুত শহীদের আত্মত্যাগের প্রতি উত্সর্গ করলাম।’ তিনি দেশবাসীকে যার যার জায়গায় থেকে রাজপথে নেমে এই রায়ে আনন্দ-উত্সব করার আহ্বান জানান। তিনি দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নিয়ে জামায়াত-শিবির দেখামাত্র তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ারও আহ্বান জানান।দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আশপাশের এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষ শাহবাগে এসে জড়ো হন। এ মুহূর্তে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে একটি বিশাল মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যায় । রং-বেরঙের ব্যানার-ফেস্টুন ও অসংখ্য জাতীয় পতাকায় সজ্জিত এই মিছিলে স্লোগান উঠে, ‘এই মুহূর্তের খবর হলো, সাঈদীর ফাঁসি হলো’। মিছিলটি শহীদ মিনার ঘুরে আবার শাহবাগে গিয়ে মিলেছে। সেখানে চলছে আনন্দ উত্সব।