আনন্দে ও বিষাদে শেষ হলো তাঁবুবাস
গত নয় দিন তাঁবুবাসের আনন্দ আর বিদায়ের বিষাদ নিয়ে গতকাল শেষ দিনটি কাটিয়েছে অষ্টম জাতীয় জাম্বুরিতে অংশ নেওয়া প্রায় ১৩ হাজার স্কাউট। রাতে মহাতাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হয়েছে স্কাউটদের এই মহা মিলনমেলা। যোগ্য ও ভালো মানুষ হওয়ার প্রতিজ্ঞা নিয়ে আজ শনিবার বাড়ি ফিরে যাচ্ছে তারা। নিজেদের তাঁবুর সামনে মন ভার করে দাঁড়িয়ে ছিল ফেনীর ছাগলনাইয়া থানার করৈয়া উচ্চবিদ্যালয়ের স্কাউট আনিসুল হক। সে বলল, ‘এই কয়েক দিন একটি পরিবারের সদস্য হয়ে আমরা ছিলাম। দেশ-বিদেশের অনেক নতুন বন্ধু হয়েছে। ছেড়ে যেতে খারাপ লাগছে। জাম্বুরি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।’ সে শপথ নিয়েছে আজীবন মাদক ও মিথ্যা থেকে দূরে থাকবে।পঞ্চগড় পাইলট গার্লস উচ্চবিদ্যালয়ের ছাত্রী কেয়া আক্তার বলল, ‘ক্যাম্পে এসে বুঝতে পেরেছি, অন্যকে খারাপ অভ্যাস ত্যাগ করতে বলার আগে নিজের খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে।’এবারের জাম্বুরির প্রতিপাদ্য বিষয় ছিল ‘দিনবদলে স্কাউটিং’। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ১৪ জানুয়ারি শুরু হয় নয় দিনব্যাপী জাতীয় স্কাউট জাম্বুরি। গতকাল সন্ধ্যায় আয়োজন করা হয় মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ স্কাউটসের আন্তর্জাতিকবিষয়ক কমিশনার আবদুল করিম, গাজীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার ও জাম্বুরি-প্রধান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘আশা করছি জাম্বুরির শিক্ষা স্কাউটরা নিজ এলাকায় গিয়ে কাজে লাগাবে। তবেই জাম্বুরি সফল হবে। জাম্বুরির এবারের প্রতিপাদ্য বিষয় “দিনবদলে স্কাউটিং”, যা খুবই তাত্পর্যপূর্ণ। এর মর্মবাণীকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ স্কাউট সদস্য বাড়ানোর লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে তিনি জানান। সমাপনী অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন বিষয় নিয়ে অংশ নিয়েছে ১৮টি স্কাউট দল। মহাতাঁবু জলসায় অংশ নেওয়ার জন্য কয়েক দিন ধরেই তারা মহড়া দিয়েছে। এবারই প্রথম জাম্বুরিতে ১৪টি চ্যালেঞ্জে অংশ নেওয়া এক হাজার ২০০ ইউনিটের মধ্যে সব চ্যালেঞ্জের সেরা ইউনিটকে একটি ইউনিট নির্বাচন করে দেওয়া হয়েছে রুপার তৈরি রানিংশিল্ড। আগামী জাম্বুরির আগ পর্যন্ত রানিংশিল্ডটি ওই ইউনিটের কাছেই থাকবে। পরবর্তী জাম্বুরিতে সেরা ইউনিটকে দেওয়া হবে ওই শিল্ডটি। পুরোনো ইউনিটকে দেওয়া হবে শিল্ডের রেপ্লিকা।স্কাউটের নির্বাহী সচিব নজরুল ইসলাম জানান, জাম্বুরির শেষ দিনেও অংশ নেওয়া ১৩ হাজার স্কাউট গতকাল সকাল থেকেই নতুন নতুন কার্যক্রমে অংশ নেয়। কার্যক্রমের মধ্যে ছিল কারিগর, বন্ধুর পথ, সমাজ চেতনা, কুশলী, বন্ধু ও পড়শি, আমার লক্ষ্য, আনন্দে শিখি, অভিযাত্রা, তাঁবু জলসা ইত্যাদি। স্কাউটরা খুব আগ্রহ নিয়ে এসব চ্যালেঞ্জে অংশ নেয়। অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরিতে ১৩০ জন প্রতিবন্ধী ও ৬৩ জন পথশিশুসহ প্রায় ১৩ হাজার ছেলেমেয়ে অংশ নিয়েছে। মৌচাক প্রশিক্ষণকেন্দ্রে চার বছর পর নবম জাতীয় স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হবে।গতকাল বেলা ১২টায় মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত তিনটি পৃথক মঞ্চে ‘বিশ্বায়ন’ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক শওকত হোসেন, ফিরোজ জামান চৌধুরী, আশীষ-উর-রহমান। এ সময় তাঁরা স্কাউটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।অপর দিকে মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয়ের মাঠে নয় দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের কার্মকাণ্ড প্রদর্শিত হয়েছে। এতে প্রথম আলো, বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন অঞ্চল, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, মুক্তিযুদ্ধ জাদুঘর, সার্ভ, বিবিসি জানালা, কোয়ান্টাম, ফায়ার সার্ভিস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ ৪৫টি প্রদর্শনী স্টল ছিল। এ ছাড়া নয় দিন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্কাউটারদের চিকিত্সার জন্য ক্যাম্প স্থাপন করে।