রূপাই পুরান ঢাকার আদি বাসিন্দা। তাঁর গায়েহলুদের অনুষ্ঠানে গমগম করছে বাড়ি। পুরো বাড়িতে উৎসব লেগেই আছে। বরের জন্য রকমারি খাবারের ডালা সাজাতে হবে। তাই রান্নার ধুম। আস্ত খাসির কাবাব থেকে শুরু করে রাজহাঁস, মুরগি, কবুতর, গরুর মাংস, পোলাও, কাচ্চি বিরিয়ানি, নানা রকম রুটি, চটপটি, ফল, মিষ্টি, দধিসহ কত যে খাবার, তার হিসাব নেই। তবু রূপাইয়ের মন খারাপ। কারণ, বরের জন্য ইলিশের কাবাব নেই। কিছুক্ষণের মধ্যে সেই কাবাব হাজির হলো। এবার রূপাইয়ের মুখে হাসি ফুটে উঠল। তাঁর বাবা আসলে আগেই আনন্দ কনফেকশনারিতে ফরমায়েশ দিয়ে রেখেছিলেন। কিন্তু আনতে খানিক দেরি হয়ে যায়।আনন্দের ইলিশের কাবাব জনপ্রিয় একটি খাবার। গায়েহলুদ বলুন আর সুন্নতে খতনার অনুষ্ঠান, পুরান ঢাকায় আস্ত ইলিশের কাবাব চাই-ই চাই। আর যুগ যুগ ধরে এর জোগান দিয়ে আসছে ঐতিহ্যবাহী আনন্দ কনফেকশনারি। ঢাকাবাসীর কাছে যা ‘আনন্দ বেকারি’ নামেই বেশি পরিচিত। এর আরেকটি জনপ্রিয় পদ হচ্ছে ফ্রুট কেক। এই কেক নিয়ে মজার এক ঘটনার কথা জানালেন আনন্দের কর্ণধার আবদুর রহমান ও আবদুল হাকিম। সেটা ১৯৮০ সালের কথা। ঢাকা সিটি কলেজের এক ছাত্র ঠিক কনফেকশনারি বন্ধ করার সময় এসে উপস্থিত—‘ভাই, আমাকে ফ্রুট কেক দিন।’ ‘আজ বেকারি বন্ধ হয়ে গেছে, কাল আসেন।’ আবদুল হাকিমের এ কথায় যুবকের মুখ কালো হয়ে গেল। তারপর তিনি আমতা আমতা করে যা বললেন, তা হচ্ছে, তাঁর প্রেমিকা ফ্রুট কেকের খুব ভক্ত। কেক নিতে না পারলে তাঁর প্রেম ভাঙার উপক্রম হবে। শুনে মায়া লেগে গেল আবদুল হাকিমের। নিজে দোকান খুলে যুবককে ফ্রুট কেক দিয়েছিলেন।শুধু ইলিশের কাবাব আর ফ্রুট কেক নয়, আনন্দ বেকারির সব পদই জনপ্রিয়। বয়স ১০০ পার হতে চলেছে, তবু তার খাবারের স্বাদে এতটুকু চিড় ধরেনি। এখনো ভোজনবিলাসীরা ছুটে যান সাতরওজার আনন্দ বেকারিতে।এর গোড়াপত্তন শেখ চান মিয়ার হাতে। সেটা ব্রিটিশ আমলের কথা। তখন নগরে বেকারি ছিল হাতেগোনা। পাঁচজন বেকারি কারিগরের অন্যতম একজন ছিলেন শেখ চান মিয়া।পুরান ঢাকার সাতরওজা এলাকার আবুল হাসনাত রোডের বাসিন্দা চান মিয়ার বেকারি তখন সারা দেশেই ছিল বিখ্যাত। তখন বেকারির খাবারের কোনো শোরুম ছিল না। হাটে গিয়ে বেকারির খাবার বিক্রি করতে হতো। শুধু বিস্কুট বিক্রি করতেন চান মিয়া। সপ্তাহের একেক দিন একেক এলাকায় হাট বসত। শেখ চান মিয়া যেতেন আটিবাজার, জিনজিরা বাজার, মিরপুর ও টঙ্গীর হাটে। দেশের বিভিন্ন এলাকার লোকজন হাটে এসে বিস্কুট কিনে নিয়ে যেতেন।পরবর্তী সময়ে নগরের বিভিন্ন সিনেমা হলে বিরতির সময় প্যাটিস ও ক্রিম রোল বিক্রি শুরু করেন শেখ চান মিয়া। তাঁর মৃত্যুর পর ছেলেরা ব্যবসার হাল ধরেন। এখনকার আনন্দ কনফেকশনারির জায়গায় তাঁদের প্রথম দোকানকেন্দ্রিক ব্যবসা শুরু হয়। এরপর হাজি আবদুল ওয়াজেদ ও তাঁর সাত ভাই মিলে দোকানের নাম দেন আনন্দ কনফেকশনারি। এভাবেই তাঁদের বেকারির ব্যবসা নতুন রূপ পায়। এরপর থেকে এখন পর্যন্ত সুনামের সঙ্গে আনন্দ কনফেকশনারি চলছে। এর রহস্য জানতে চাইলে আবদুর রহমান জানান, খাঁটি ঘি ব্যবহার করা হয় খাবারে। খাবারের মান ঠিক রাখতে কোনো কিছুতে ঘাটতি রাখেন না তাঁরা।আনন্দ কনফেকশনারিতে পাওয়া যায় নানা রকম খাবার। এর মধ্যে আছে চিকেন পিৎজা, প্যাটিস, ক্রিম রোল, টিকিয়া, টানাপরোটা, সমুচা, বিস্কুট, আস্ত মুরগির কাবাব, মুরগির রোস্ট, আস্ত খাসির কাবাব, সুতিকাবাব, বাকরখানি, পনির, কেক ও লাচ্ছা সেমাই। শবে বরাত, রমজান মাস ও ঈদে থাকে বিশেষ আয়োজন। ইলিশ মাছের কাবাব, আস্ত খাসির কাবাব, সুতিকাবাব, বাকরখানি ও টানাপরোটার জন্য আগেই ফরমায়েশ দিয়ে রাখতে হয়। ইলিশের কাবাবের ফরমায়েশ দিতে হয় তিন-চার দিন আগে। আনন্দ কনফেকশনারির পাশেই আছে আনন্দ মিঠাই নামে একটি মিষ্টির দোকান।এখানকার মিষ্টিও সমান জনপ্রিয়। আনন্দ বেকারি এখন আর সাতরওজায় বসে নেই, চকবাজার শাহি মসজিদের কাছে ও বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের পাশে রয়েছে তাদের দুটি শাখা। তাই নগরের যে কেউ নিতে পারেন আনন্দের ঢাকাই স্বাদ।