আনন্দে ভাসছে দেশ
বুকে চরম উত্তেজনা চেপে সারা দেশ অপেক্ষা করে ছিল সেই মুহূর্তটির জন্য। ৪৯তম ওভারের শেষ বলে অসাধারণ এক চার মেরে মাহমুদউল্লাহ সেই দমবন্ধ করা প্রতীক্ষার অবসান ঘটালেন। এল কাঙ্ক্ষিত বিজয়। গোটা দেশ ভাসল উচ্ছ্বাস-আনন্দে। বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপাগল দর্শক বিজয়ের আনন্দে যে কতটা মাততে পারে, আর কতভাবেই যে সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে পারে, তার প্রমাণ আরেকবার মিলল গতকাল। কেবল চট্টগ্রাম বা ঢাকা নয়, জয়ের আনন্দ উদ্বেল করেছিল দেশের প্রতিটি জনপদকে।খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকার রাস্তায় জনতার স্রোত। ফার্মগেট-কারওয়ান বাজার-বাংলামোটর-শাহবাগ হয়ে টিএসসির দিকে ছুটেছে উচ্ছ্বসিত জনতা। রাস্তায় কেবল লোক আর লোক। হাতে-মাথায় তাদের লাল-সবুজ পতাকা। মুখে একটাই স্লোগান—বাংলাদেশ, বাংলাদেশ! ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন চলছে অন্য রকম বিজয় উৎসব। টিএসসি প্রাঙ্গণে দুটি বড় পর্দায় খেলা দেখছিল শিক্ষার্থীরা। ইংল্যান্ডকে ২২৫ রানে আটকে দেওয়ায় সবার মধ্যেই জেগেছিল জয়ের আশা। কিন্তু ব্যাটিং শুরুর পর একসময়ে মনে হয়, সাকিবের দল বুঝি হেরেই যাবে। অনেকের মনেই তখন হতাশার মেঘ ভর করে। তার পরও হাল ছাড়েনি দর্শক। শেষ পর্যন্ত অপেক্ষা করেছে আশা নিয়ে। সে আশা ব্যর্থ হয়নি তাদের।ক্যাম্পাসে সমবেতদের আনন্দ উদ্যাপনের কথা ভাষায় বোঝানো অসম্ভব। উপস্থিত সবাই তখন একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করছে। ছাত্ররা উল্লাস করতে করতে বেরিয়ে আসছিল হলগুলো থেকে। রাজধানীর বিভিন্ন স্থান থেকেও ততক্ষণে হাজির হয়েছেন হাজারো মানুষ। টিএসসি হয়ে ওঠে উৎসবস্থল। টিএসসিতে উল্লাসরত সূর্য সেন হলের ছাত্র কাজল আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘কতটা খুশি, কতটা আনন্দ লাগছে, সেটা বলার মতো ভাষা আমার নেই। শুধু এটুকু বলছি, এই বিজয় বাংলাদেশের বিশাল পাওয়া। মাহমুদউল্লাহ আর শফিউল আমাদের নতুন জীবন দিয়েছে। ওরা বাংলাদেশের বীর। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট দলকে।’ আনন্দের আতিশয্যে মাটিতে লুটোপুটিও চলে। অনেকের হাতেই ছিল ঢোল আর বাঁশি। তবে উচ্ছ্বাসের উচ্চকিত রোল ছাপিয়ে ওঠে অজস্র কণ্ঠের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনি। আনন্দের এই আবহ ছড়িয়ে পড়েছিল পুরো রাজধানীতেই। কেবল রাস্তায়ই নয়, আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল ঘরে ঘরে। ছুটির দিনে দুপুর থেকেই আশা-নিরাশায় দোদুল্যমান চিত্তে টিভির পর্দায় চোখ রেখে বসে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। সবার মনে একটাই প্রশ্ন—আজ আমরা জিতব তো? রুদ্ধশ্বাস কয়েকটি ওভারের পর জয়ের অন্যতম নায়ক মাহমুদউল্লাহ চার মেরে সে প্রশ্নের জবাব দিতেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও আশপাশ পরিণত হয় আনন্দলোকে। সে আনন্দের আলো নিমিষে ছড়িয়ে পড়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, রাতের বগুড়া শহর মিছিলে মিছিলে মেতে ওঠে। শফিউল ইসলাম আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক, ইংল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত ব্যাটিং। তাই বগুড়া শহর ভেসেছে আনন্দে। শফিউল ইসলাম অবশ্য বগুড়াবাসীর কাছে বেশি পরিচিত ডাক নাম সুহাসেই। বিশ্বকাপে খেলছেন বগুড়ার আরেক ক্রিকেটার উইকেটকিপার মুশফিকুর রহমান। এ কারণেই যেন বগুড়াবাসীর আনন্দ অন্যদের চেয়ে একটু বেশি। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শহরজুড়ে একের পর এক পটকা ও আতশবাজি নিয়ে আনন্দ মিছিল বের হয়। শফিউল ও মুশফিকের জন্মস্থান জয়পুরপাড়া ও মাটিডালি এলাকায় অসংখ্য মানুষ ঘর থেকে বেরিয়ে আনন্দ মিছিল করে। ইউরোপ জুড়ে আনন্দের বন্যা: হ্যানোভার (জার্মানি) থেকে সরাফ আহমেদ জানান, বাংলাদেশের ক্রিকেট দল আবার গর্জে ওঠায় প্রবাসে লাখ লাখ বাঙালি আনন্দে উদ্বেল হয়ে ওঠেন। ইউরোপের সময় সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ছড়িয়ে পড়ে বাংলাদেশ দলের বিজয়ের খবর।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার দুঃসহ স্মৃতির পর গতকাল সবাই আশায় বুক বেঁধে তাকিয়ে ছিলেন চট্টগ্রামের দিকে। খেলা দেখার আগ্রহে ইউরোপে বসবাসরত অনেক প্রবাসী সকাল সকাল বাড়ি ফেরেন।৩০ বছরেরও বেশি সময় বার্লিনে থাকেন চট্টগ্রামের নোমান খালেদ। গতকাল তিনি খেলা দেখেছেন দল বেঁধে। বললেন, চট্টগ্রাম বাংলাদেশের মুখ রেখেছে। গোটিনগেনের সুজিত চৌধুরী খেলা দেখেছেন পুরোটাই। বললেন, ‘আমাদের চাটগাঁর একটা আলাদা মর্যাদা রয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের জন্য চট্টগ্রামে ১৯৩৪ সালে মাস্টারদা সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়েছিল। আজ সেখানেই বাংলার দামাল ছেলেরা কীভাবে ব্রিটিশদের নাস্তানাবুদ করল!’লন্ডন বাঙালিপাড়ায় বাংলাদেশ আর ইংল্যান্ডের পতাকা নিয়ে আনন্দ মিছিল হয়েছে, হয়েছে মিষ্টি বিতরণ। আর শুক্রবারের রাতটা আজ অনেক দীর্ঘ হবে বলে জানালেন লন্ডনের বাসিন্দারা। একইভাবে আনন্দে ভাসছেন রোমে বসবাসরত বাংলাদেশিরা।অভিনন্দন: রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বাংলাদেশ দলের কৃতিত্বপূর্ণ বিজয়ে খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাই এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন।রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ দল বিশ্বকাপে সাফল্যের ধারা অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলকে জয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। বিএনপির চেয়ারপারসন তাঁর বার্তায় আগামী খেলাগুলোতেও বাংলাদেশ দলের সাফল্য কামনা করেন। বাসস ও ইউএনবি।