আনন্দে ভাসছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। চারিদিকে একই আওয়াজ, ‘ইন্ডিয়া জয় হো’। জহির খানের বলে মিসবাহ-উল-হক মিড উইকেটে বিরাট কোহলির হাতে ধরা পড়তেই উৎসবে ফেটে পড়ল পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। বাঁধভাঙা উল্লাসে মেতে উঠল শতকোটি মানুষের দেশ ভারত। উল্লাস অবশ্য আগেই শুরু হয়ে যায়। শহীদ আফ্রিদিকে ফেরানোর পরই ধোনিদের জয় নিশ্চিত ভেবে নিজেদের মধ্যে ‘হাই ফাইভে’ মেতে ওঠে সমর্থকেরা। পুনে থেকে আসা তেহসিন পুনাওয়ালা যেমন বলছিলেন, ‘চিৎকার চেঁচামেচিতে আমার গলা ভেঙে যায়। আফ্রিদি আউট হওয়ার পরই উৎসব শুরু। ৪৯ ওভার শেষে আমরা স্টেডিয়ামে একে অন্যকে শুভেচ্ছা জানাতে থাকি।’গ্যালারির এই উল্লাস যেন সুনামির মতো আছড়ে পড়ে ভারতের রাস্তাঘাট, অলিগলিতে। জয় নিশ্চিত হওয়ার পর কোটি মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এল। হইহুল্লোড় করেই পার! মোটরসাইকেল ও প্রাইভেট কারের অবিরাম হর্ন বাজল। রাতের নিস্তব্ধতা বলে রইল না আর কিছু। ‘ইন্ডিয়া জয় হো’ স্লোগানে প্রকম্পিত গোটা দেশ। আতশবাজির আলোকচ্ছটায় উজ্জ্বল রাতের ভারত।সেমিফাইনালের জীবন-মরণ লড়াইয়ে ২৬০ রান লড়াই করার মতো স্কোরই। কিন্তু প্রতিপক্ষের নাম পাকিস্তান বলে খেলা শেষ না হওয়া পর্যন্ত অস্বস্তিতে ছিল ভারতীয় সমর্থকেরা। তরুণ যোগেশ গাইধানি যেমন বললেন, ‘একপর্যায়ে আমার মনে হয়েছিল, ম্যাচটি পাকিস্তানের নিয়ন্ত্রণেই চলে যাচ্ছে। কিন্তু আমাদের বোলাররা প্রমাণ করেছেন তাঁরাও ব্যাটসম্যানদের মতো ভালো। সেঞ্চুরি না পাওয়ায় শচীনের জন্য দুঃখ হচ্ছে আমার।’ সেই দুঃখকে এক পাশে রেখে সমর্থকেরা আনন্দ করল। ‘ম্যাচটি ছিল অসাধারণ। পাকিস্তানকে হারিয়ে ভারত বিশ্বকাপে জয়ের ধারা ধরে রেখেছে। আমরা খুবই খুশি।’ বলেছেন ওমকর পারাঞ্জে। শুধু দলকে ফাইনালে দেখেই তৃপ্ত হতে চান না এই তরুণ। আগামীকাল ধোনির হাতেই কাপটা দেখার স্বপ্ন তাঁর, ‘দল যেভাবে খেলেছে আমার বিশ্বাস, শনিবার মুম্বাইয়ে ধোনিই ট্রফিটা উঁচিয়ে ধরবে।’ ওয়েবসাইট।