আনন্দে ভেসে যাওয়া এক দিন
ঘড়ির কাঁটা বলছে, সকাল নয়টা। রাজশাহী মেডিকেল কলেজে কাইছার রহমান চৌধুরী স্মৃতি মিলনায়তনের বাইরে তখন জিপিএ-৫ পাওয়া এক হাজার শিক্ষার্থীর ভিড়। মন যেন আর মানতেই চাচ্ছে না। অবশেষে খোলা হয় সেই সোনালি দুয়ার। গত ২১ জুন বৃহস্পতিবার সকালে রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানের শুরুটা এ রকমই ছিল। কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় ভরে উঠল পুরো মিলনায়তন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হলো অনুষ্ঠান। কৃতী শিক্ষার্থী নীলাঞ্জনা কাবেরী দেশের গান ‘জন্ম আমার ধন্য হলো মা গো’ গেয়ে সবাইকে আবেগাপ্লুত করে তোলে। কৃতী শিক্ষার্থী তালহার খাওয়াবিষয়ক একটি হাসির কবিতায় মিলনায়তনের ভেতর হাসির রোল পড়ে যায়। আবার সমুদ্রসৈকতে দুর্ঘটনায় নিহত কণ্ঠশিল্পী আবিদকে নিয়ে লেখা বন্ধুসভার বন্ধু আমিনা আনসারীর কবিতা সবার মন ছুঁয়ে যায়। একে একে কৃতী শিক্ষার্থী রাইয়া ও দৃষ্টির গান, শরমিন, নোভা, ফারহানা রহমান ও বন্ধুসভার বন্ধু গুনগুনের নৃত্য এবং জিপিএ-৫ পাওয়া নিয়ে বন্ধুসভার সবুজ সরকার ও সাইফের নাটিকায় মাতোয়ারা হয়ে ওঠে মিলনায়তনভর্তি কৃতী শিক্ষার্থীর দল। বিনোদনের পাশাপাশি গুণী ব্যক্তিদের জ্ঞানের কথাও অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব সাদেকুল আরেফিন কৃতী শিক্ষার্থীদের সময় এবং নিয়ম মেনে কাজ করা, কখনো হতাশ না হওয়া ও জীবনের শেষ দিন পর্যন্ত সৎ থাকার মাধ্যমে ভালো মানুষ হওয়ার আহ্বান জানান। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ইকবাল মতিন শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়া এবং দেশকে ভালোবাসার আহ্বান জানালেন।রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিতাই কুমার সাহা কৃতীদের আলোর সঙ্গে তুলনা করে বলেন, যে আলো সারা দেশে ছড়িয়ে সব কুসংস্কার দূর করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল ক্লোজআপ ওয়ান তারকা পলাশের গান। ‘একদিন মাটির ভেতরে হবে ঘর, কেন বান্ধ দালানঘর,’ ‘ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া’ সবাইকে যেন নতুন ভুবনে ভাসিয়ে নিয়ে যায়।