আনন্দে মেতেছে মসলিন তাঁতিরা
ঢাকা নগরীকে সুবা বাংলার রাজধানী হিসেবে এলান করার পর এই অঞ্চলের মসলিনশিল্পের দিগন্তে নয়া রোশনাই দেখা দিয়েছে। সুবাদার ইসলাম খান ঢাকায় আসছেন, এ খবরে আগেই ঢোল পড়ে গিয়েছিল। কবে তিনি ঢাকায় তশরিফ রাখবেন, সেই দিনটির জন্য ব্যাকুল হয়ে ছিলেন ঢাকা ও সুবর্ণ গ্রাম বা সোনারগাঁওয়ের মসলিনের কারিগরেরা। সুবাদার ঢাকায় পা রাখার পরপরই তাই তাঁতিপল্লিগুলিতে উত্সবের আমেজ ছড়িয়ে পড়ে। ঢাকা ও এর আশপাশের তাঁতিরা কলাপাতায় দই-চিঁড়া-গুড় দিয়ে প্রতিবেশী ও মেহমানদের আপ্যায়িত করেন। তবে আমাদের সোনারগাঁও প্রতিনিধি জানিয়েছেন, স্থানীয় শাসকদের মন্দ নজরে পড়ার আশঙ্কায় সেখানকার তাঁতিরা ঢাকার মতো তাঁদের মনের আনন্দ খোলামেলা প্রকাশ করতে পারেননি।তাঁতিরা বলেছেন, দিল্লি থেকে আসা আমির-ওমরাহেদর পরিবার ও আশরাফ জেনানাদের মধ্যে মসলিনের বাহারি শাড়ির কদর বিপুল। এ ছাড়া তাঁদের মাধ্যমে দিল্লিতেও মসলিনের রপ্তানি কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁতিপল্লিগুলোয় এখন রপ্তানিযোগ্য আব-এ-রওয়াঁ, খাসসা ও শবনম—এই তিন রকমের মসলিন তৈরির ধুম পড়েছে।এই নতুন সুযোগ কাজে লাগানোর জন্য কারিগরেরা মহাজনদের কাছ থেকে উচ্চ সুদে ঋণ করছেন। মসলিনের বণিক খয়বর আলী জানালেন, তিনি এরই মধ্যে উত্কৃষ্ট মসলিন তৈরি করার জন্য তিতাবাদি, বাজিতপুর ও ধামরাই থেকে ফুটি কার্পাস খরিদ করেছেন। মদন পরামানিক নামে একজন বণিক ও ইতু মিয়া নামে একজন অবস্থাপন্ন কারিগরের সঙ্গে কথা হলে তাঁরাও একই ধরনের উদ্যোগ নিয়েছেন বলে জানান। মসলিন কারিগরেরা মোগল সুবাদারের নতুন প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন এ অঞ্চলের শাড়ির বাজার প্রসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। মওকা বুঝে মহাজনেরা যেভাবে সুদের হার বাড়াতে শুরু করেছেন, তাতে তাঁরা গভীর শঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা এ ব্যাপারেও নতুন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।আমাদের সোনারগাঁও প্রতিনিধি যে খবর পাঠিয়েছেন, তাতে সেখানে মানুষের মতামত অনেকটা মিশ্র। মোগল শাহানশাহ্ জাহাঙ্গীর বাংলা সুবার দায়িত্ব দিয়ে ইসলাম খানকে ঢাকায় পাঠানোতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেখানকার স্থানীয় শাসকেরা। সোনারগাঁওয়ের কয়েকজন ভূঁইয়া ইসলাম খানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাঁরা যেন কোনোক্রমেই সোনারগাঁওয়ে আর নাক গলাতে না আসেন। উল্লেখ্য, মোগল বাহিনী কাছে বারো ভূঁইয়াদের মধ্যে মশহুর বীর মসনদ-ই-আলা মরহুম ঈসা খানের পুত্র মুসা খান রসম্প্রতি পরাজিত হওয়ার পর স্থানীয় শাসকেরা আবার সংগঠিত হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। এই জটিল পরিস্থিতিতে সেখানকার তাঁতিদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা থাকলেও প্রকাশ্যে তাঁরা তা চেপে রাখছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কারিগর অবশ্য বলেছেন, রাজা-বাদশাহদের বিরোধের সঙ্গে তাঁদের নিজেদের রুটি-রুজির কোনো সম্পর্ক নেই। তাঁদের আয়-রোজগারের নতুন যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেটিকে তাঁরা যথাসাধ্য কাজে লাগানোর চেষ্টা করবেন। প্রবীণ মহাজনেরা ধারণা করছেন, ঢাকা রাজধানী হওয়ায় এ অঞ্চলে লোকজনের সমাগম বাড়বে। তাতে শুধু মসলিন নয়, নানা দিকেই ব্যবসা-বাণিজ্য আরও বাড়বে, নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হবে। মসলিনশিল্পও এর সুফল থেকে বঞ্চিত হবে না। তাই মসলিনসহ বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন শাড়ির নয়া সম্ভাবনার আলোয় কারিগরদের চোখমুখ এখন উজ্জ্বল।