বাবা-মা, পাঁচ বোন। সপ্তাহ দুয়েক আগে এক বোনের বিয়েউপলক্ষে প্রবাসী বোন ঢাকায়এল। সবাই মিলে কক্সবাজার বেড়াতে যাওয়া। কিন্তু ফেরার পথেসড়ক দুর্ঘটনা। মা, বাবা, ছোট বোন চলেগেল। হাসপাতালেবাকি দুই বোন...
আনন্দের পর বেদনা
হঠাত্ একটি দুর্ঘটনা তছনছ করে দেয় পুরো পরিবারকে। গত বুধবার যাত্রাবাড়ীতে ঘটে এমনি এক দুর্ঘটনা। তৈয়বুল ইসলাম, তাঁর স্ত্রী ও পাঁচ মেয়ে ১৫ জানুয়ারি গিয়েছিলেন কক্সবাজারে। ফেরার পথে যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় তাঁদের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তৈয়বুল ইসলাম, স্ত্রী রোকেয়া ইসলাম ও ছোট মেয়ে মম ইসলাম নিহত হন। দুই মেয়ে ডা. সাদিয়া ইসলাম ও সামিয়া ইসলাম মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন। অন্য দুই মেয়ে সুস্থ আছেন। পুরো পরিবারে এখন শোকেরা ছায়া। এ দুর্ঘটনা তাঁরা মেনে নিতে পারছেন না। শোকসন্তপ্ত সেই পরিবারকে ঘিরেই এবারের নারীমঞ্চ প্রতিবেদন। গ্রিন রোডের জাহানারা গার্ডেনের চতুর্থ তলা। কলিংবেল বাজতেই দরজা খুলে দিল একজন। জিজ্ঞেস করল, ওদের পরিচিত কেউ কি না। ঘরে ঢুকেই বোঝা গেল হঠাত্ ঝড়ে এলোমেলো হয়ে গেছে সবকিছু। আত্মীয়স্বজন এসেছেন। কান্না আর সান্ত্বনায় পরিবেশ বেশ ভারী। ২২ জনুয়ারি শুক্রবার নোয়াখালী পারিবারিক কবরস্থানে নিহতদের দাফন করা হয়। পরে গ্রামে কুলখানি শেষে রাতেই সবাই ঢাকায় ফিরে আসেন। বাবা-মা ও ছোট বোনকে হারিয়ে নির্বাক সাবরিনা ইসলাম। সপ্তাহ দুয়েক আগে তাঁর বিয়ে হয়েছে। বিয়ে উপলক্ষে বড় বোন সাদিয়া অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছেন। ‘সময় পেলেই তাঁরা ঘুরতে যেতেন। সাবরিনার খালারাও এসেছেন। তাঁরা দেশের বাইরে থাকেন। তাঁর নানিও এবার তাঁদের সঙ্গে অস্ট্রেলিয়া যেতেন। ২২ তারিখ তাদের ফ্লাইট ছিল। সেজন্য সবাই মিলে কক্সবাজারে ঘুরতে যান। একটি গাড়িতে সাদিয়া আপু, সামিয়া, মম, আন্টি ও আঙ্কেল ছিলেন। অন্য গাড়িতে সানজিদা, সাবরিনা ও তার স্বামী ছিলেন। বাকিরা বাসে ফিরছিলেন। আঙ্কেল ছিলেন সামনের সিটে। ভোর ছয়টার দিকে ঘটে দুর্ঘটনাটি।’ বলেন সাবরিনার সবচেয়ে কাছের বন্ধু সোনিয়া। এমবিবিএস পাস করে সাদিয়া স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়া চলে যান। বিয়ের পর এবারই তিনি প্রথম দেশে আসেন। এ মাসের শেষে তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু ওই দুর্ঘটনায় তিনি মাথায় মারাত্মক আঘাত পান। সামিয়া ইসলামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সামান্য কথা বলতে পারলেও তাঁরা এখনো জানেন না বেঁচে নেই তাদের বাবা-মা ও আদরের ছোট বোনটি। কী বলবে জানেন না সাবরিনা। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন সামনের দিকে। ভাবছেন কেন এমন হলো? এক সপ্তাহ আগে যে বাসায় বিয়ের হৈ-হুল্লোড় চলছিল, সেখানেই এখন ঘিরে আছে স্তব্ধতা। হাসপাতালে থাকা দুই বোনকে নিয়েই বেশি চিন্তিত তাঁরা। সাবরিনার স্বামী মুন্না জানান, ‘ভোররাতের দিকে আমরা খেতে এসিছেলাম। আমি এ গাড়িটি চালাচ্ছিলাম। খাওয়া শেষে ড্রাইভার ওই গাড়িতে ওঠেন। আমি সাবরিনাদের গাড়িতে উঠি। একবারও বুঝতে পারিনি এমনটি ঘটতে যাচ্ছে। রোকেয়া ইসলামের মা জানান, আমার মেয়ে ও মেয়েজামাই এত আদর দিয়ে মেয়েদের বড় করেছে, নাতনিদের কোনো আবদার অপূর্ণ রাখত না। আমার বিদেশ যাওয়ার কথা ছিল। এখন কীভাবে এদের ছেড়ে যাব, জানি না। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তৈয়বুল ইসলামের বড় ভাই চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহেব্বুল ইসলাম। পাশাপাশি বাড়িতেই থাকতেন তাঁরা। ভাইয়ের এমন অস্বাভাবিক মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। তিনি জানান, ঘাতক ট্রাকটি নিয়ম ভেঙে ভুল রাস্তা দিয়ে আসায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িচালকও নিহত হন। সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। দুটি সন্তানও রয়েছে তাঁর। তাদের জীবনেও অন্ধকার নেমে এল। জাহানারা গার্ডেনের এই ফ্ল্যাটে সাবরিনা-সানজিদা শুধু বাবা-মা ও ছোট বোনের হাজারো স্মৃতি হাতড়াচ্ছেন। ভাবছেন, এখনই হয়তো তাঁরা চলে আসবেন। সময়ই বলে দেবে এমন শোক কীভাবে কাটিয়ে উঠবে এই পরিবারটি।