আনন্দের পাশাপাশি হতাশা, বৈষম্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় অর্ধযুগ পর এক হাজার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় আনন্দের পাশাপাশি হতাশাও সৃষ্টি হয়েছে। সাত হাজার যোগ্য আবেদনের মধ্যে এই সংখ্যা খুবই কম। তালিকায় কয়েকটি জেলার প্রাধান্য থাকায় বৈষম্য সৃষ্টিরও অভিযোগ উঠেছে।গত বৃহস্পতিবার গভীর রাতে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, কিছু জেলায় বেশিসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। আবার কিছু জেলায় দু-তিনটি প্রতিষ্ঠান এই সুবিধা পেয়েছে। জয়পুরহাট জেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানও এমপিওভুক্ত হয়নি। পঞ্চগড় জেলায় আবেদন করা ১৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র সাতটি তালিকায় এসেছে। পুরো তালিকায় উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সংখ্যা তুলনামূলক কম।এক হাজার ২২টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় ১২ হাজার শিক্ষক খুশি। কারণ, তাঁরা গত জানুয়ারি থেকে শতভাগ মূল বেতন সরকারি কোষাগার থেকে পাবেন। তবে প্রায় ৫০ হাজার শিক্ষক এই সুবিধা পাওয়ার আশায় ছিলেন। তাঁরা হতাশ হয়েছেন। তাঁদের অভিযোগ, সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব হয়েছে। সরকারের নীতিনির্ধারক পর্যায়ের কিছু ব্যক্তি ও মন্ত্রীর অঞ্চলে তুলনামূলক বেশি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।তবে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চারটি নির্দিষ্ট শর্তের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এগুলো হচ্ছে একাডেমিক স্বীকৃতি থাকা, ছাত্রসংখ্যা, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ও পরীক্ষার ফলাফল।এমপিও-সংক্রান্ত নীতিমালা কমিটির সদস্য ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিতাই চন্দ্র সূত্রধর বলেন, দীর্ঘদিন পর এমপিও হওয়ায় প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। এটা নিয়মিত প্রতিবছর হলে এ নিয়ে এত চাপ থাকবে না। তিনি আরও বলেন, এমপিওভুক্তির ক্ষেত্রে এবার যোগ্যতা ও উপযুক্ততা বিচার করা হয়েছে।বাছাই কমিটির কয়েকজন সদস্য জানিয়েছেন, জোট সরকারের মেয়াদে বগুড়া, দিনাজপুর, ফেনীসহ কিছু জেলায় প্রাপ্যতার চেয়ে বেশিসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। ফলে এক ধরনের বৈষম্য আগে থেকেই তৈরি হয়ে আছে। বর্তমানে দেশে এমপিওভুক্ত এবং একাডেমিক স্বীকৃতি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা সরকারি হিসাবে ৩৪ হাজার ৯৯১। শিক্ষার রাজস্ব বাজেটের ৬৪ শতাংশ খরচ হচ্ছে বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা খাতে। ব্যয় যেভাবে বাড়ছে, তাতে শিক্ষার রাজস্ব বাজেটের বাকি ৩৬ শতাংশও ধীরে ধীরে এই খাতে চলে যাবে বলে মনে করেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশ্লেষণে দেখা গেছে, মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হয়েছে ২০৪টি। এর মধ্যে সর্বাধিকসংখ্যক ১৪টি এমপিও হয়েছে সিলেট জেলায়, এরপর হবিগঞ্জ জেলায় ১২টি এবং সুনামগঞ্জ জেলায় ১১টি। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১২ ও কিশোরগঞ্জ জেলায় ১০টি বিদ্যালয় এমপিওভুক্ত হয়েছে। ফেনী, নোয়াখালী, জামালপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মাগুরাসহ বেশ কয়েকটি জেলায় একটি বা দুটি বিদ্যালয় এমপিওভুক্ত হয়েছে।দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হয়েছে ১৬৩টি। এর মধ্যে সিলেট জেলায় ১১, কুমিল্লায় ১০, গোপালগঞ্জে আট ও ফরিদপুর জেলায় নয়টি মাদ্রাসা এমপিওভুক্ত হয়েছে। তবে লক্ষ্মীপুর, রাঙামাটি, ঝালকাঠি, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, পাবনা, সুনামগঞ্জসহ কয়েকটি জেলায় একটি করে মাদ্রাসা এমপিওভুক্ত হয়েছে।নিম্নমাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হয়েছে ২২৮টি। এর মধ্যে হবিগঞ্জ জেলায় সর্বাধিক ১৭টি প্রতিষ্ঠান এমপিওভুক্তি পেয়েছে। এ ছাড়া সুনামগঞ্জ জেলায় ১৪, চট্টগ্রামে ১০, শেরপুরে ১১, ময়মনসিংহে ১১, সিলেটে নয়টি, জামালপুরে ১০, গোপালগঞ্জে সাত, মৌলভীবাজারে সাত, ফরিদপুরে ছয়, ব্রাহ্মণবাড়িয়ায় নয়টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্তি পেয়েছে। একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায় রয়েছে নীলফামারী, নওগাঁ, দিনাজপুর, কুষ্টিয়া, যশোর, বরিশাল, বান্দরবানসহ কয়েকটি জেলা।সারা দেশে ৫০টি উচ্চমাধ্যমিক কলেজ এমপিওভুক্ত করা হলেও টাঙ্গাইল জেলা থেকে এমপিওভুক্তি পেয়েছে ছয়টি প্রতিষ্ঠান। এ ছাড়া ময়মনসিংহ থেকে চারটি, জামালপুর থেকে তিনটি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। ঢাকা জেলা ও মহানগরে ধানমন্ডি এলাকার একটি কলেজ এমপিওভুক্তি পেয়েছে।জয়পুরহাটে এমপিওভুক্তি নেই: কালাই (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। ফলে জেলার কয়েক শ শিক্ষক-কর্মচারী ক্ষুব্ধ হয়েছেন। ওয়েবসাইটে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হলে তা দেখার জন্য শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রধানেরা স্থানীয় সাইবার ক্যাফেগুলোতে ভিড় করেন। এমপিও-বঞ্চিত কালাই উপজেলার আওড়া উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বলেন, ১০ বছর আগে বিদ্যালয়টি মাধ্যমিকে উন্নীত হয়। সব শর্ত পূরণ করা হলেও তালিকায় নাম না দেখে তাঁরা হতাশ হয়েছেন।কালাই মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন বলেন, শিক্ষার ব্যতিক্রমী পরিবেশ, প্রশংসনীয় ফল, অবকাঠামোগত সুবিধা বিবেচনা করে কলেজটি গোটা জেলার মধ্যে সেরা হলেও ডিগ্রি শাখা এমপিও পায়নি।আবেদন ১৩৩, প্রাপ্তি সাত: পঞ্চগড় প্রতিনিধি জানান, জেলায় একাডেমিক স্বীকৃতি পাওয়া ১৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র সাতটি এমপিওভুক্ত হয়েছে। একটিও স্কুল বা কলেজ নেই, সবই মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান। এমপিওভুক্তি না পাওয়া প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১৩৩টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করে। অধিকাংশ প্রতিষ্ঠানই মন্ত্রণালয়ের এমপিওভুক্তির সব শর্ত পূরণ করেছিল। তবে দুটি আলিম মাদ্রাসা, চারটি এইচএসসি (বিএম) এবং একটি এসএসসি (কারিগরি) প্রতিষ্ঠান এমপিও পেয়েছে।জেলা প্রশাসক বনমালী ভৌমিক ও জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেমউদ্দিন মনে করেন, জেলার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও পাওয়ার যোগ্য। পর্যায়ক্রমে এগুলো এমপিও পাবে বলে তাঁরা আশা করেন।বোদা উপজেলার কায়িলাগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ’৯৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ১২ জন শিক্ষক-কর্মচারী ১২ বছর ধরে বিনা বেতনে কাজ করছেন।এমপিও-প্রক্রিয়া যেভাবে শুরু: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপিওভুক্তির নীতিমালা প্রণয়নের জন্য গত বছরের ১১ জুন উপদেষ্টা আলাউদ্দিন আহমেদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে এমপিওভুক্তির জন্য চারটি শর্ত নির্দিষ্ট করে দেওয়া হয়। মোট সাত হাজার ৫৫৩টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এসব শর্তের আলোকে আবেদন করে। এগুলোর মধ্যে বাতিল হয় ৫৫৩টি আবেদন। বাকি সাত হাজারের মধ্যে এক হাজার ২২টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।আবার চার মাস পর: ২০০৪ সাল থেকে এমপিওভুক্তি বন্ধ আছে। এই খাতে বর্তমান বাজেটে বরাদ্দ আছে ১১২ কোটি ৩৫ লাখ টাকা। এই টাকা বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আসন্ন বাজেটে এমপিও খাতে অর্থ বরাদ্দ চাওয়া হবে। ওই বরাদ্দের আলোকে আগামী তিন-চার মাসের মধ্যে দ্বিতীয় দফা তালিকা চূড়ান্ত করা হবে।শিক্ষামন্ত্রী বলেছেন, এই তালিকা চূড়ান্ত করা হয়েছে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও আন্তমন্ত্রণালয়ের দিকনির্দেশনা মেনে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায্যতা বিবেচনা করে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে যোগ্য হলেও সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা যায়নি। শিক্ষামন্ত্রী জানান, পিছিয়ে পড়া ও দুর্গম এলাকা এবং নারীশিক্ষার বিষয়টি বিবেচনা করে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের বেলায় এমপিওর শর্ত শিথিল করা হয়েছে। তবে চারটি নির্দিষ্ট শর্ত অনুসরণের সর্বাত্মক চেষ্টা হয়েছে। তিনি আরও বলেন, এখন থেকে প্রতিবছর এই প্রক্রিয়া চলবে। যেসব প্রতিষ্ঠান যোগ্যতা নিয়ে অপেক্ষা করছে, তাদের জন্য সহানুভূতি প্রকাশের পাশাপাশি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, একটি বিষয় স্পষ্টভাবে সরকার বলে দিচ্ছে, এমপিও কোনো স্থায়ী বিষয় নয়। কেউ এটা পেলে তা পেতেই থাকবে, এমনটি আর চলবে না। এমপিও ধরে রাখার যোগ্যতা হিসেবে লেখাপড়ার ন্যূনতম মান নিশ্চিত করতে হবে।