আনসার থেকে পালিয়ে ফের চরমপন্থী দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আত্মসমর্পণ করে আনসারে চাকরি পেয়েছিলেন কয়েকটি চরমপন্থী দলের ৭৬৫ জন সদস্য। তাঁদের একটি অংশ চাকরি থেকে পালিয়ে পুরোনো পেশায় ফিরে গেছে। প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, কমপক্ষে দেড় শতাধিক আনসার সদস্য কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় চরমপন্থী দলে ফিরে সক্রিয় হয়েছেন।আনসার ও ভিডিপির পরিচালক (অপারেশন) প্রণব সাহা প্রথম আলোকে বলেন, ১৯৯৯ সালে চরমপন্থী দলের আত্মসমর্পণকারী সদস্যদের বিশেষ আনসার হিসেবে অস্ত্র ও শৃঙ্খলা প্রশিক্ষণ দিয়ে নিয়োগ দেওয়া হয়। এঁদের অনেকেই চাকরিরত অবস্থায় পালিয়েছেন। পুলিশের খুলনা বিভাগীয় উপমহাপরিদর্শক (ডিআইজি) হেমায়েত উদ্দিন বলেন, ‘আনসারে চাকরি ছেড়ে যেসব চরমপন্থী পালিয়েছেন, তাঁদের কেউ কেউ আবার খারাপ পথে পা বাড়িয়েছেন। এঁদের অনেকেই আটক হয়েছেন। আবার কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী দমনে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে।’আনসার সদর দপ্তর সূত্র জানায়, ১৯৯৯ সালে তত্কালীন সরকার চরমপন্থীদের আত্মসমর্পণের সুযোগ দেয়। এ সুযোগ নিয়ে ওই বছরের ৭ জুন থেকে ২৭ জুলাইয়ের মধ্যে বিভিন্ন চরমপন্থী দলের দুই হাজার ৭০০ সদস্য আত্মসমর্পণ করেন। জমা পড়ে দুই হাজার ১০০ অস্ত্র। এঁদের মধ্যে মোট ৭৬৫ জনকে ধাপে ধাপে আনসারে নিয়োগ দেওয়া হয়। সফিপুর আনসার-ভিডিপি প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ শেষে পরে ৪৪৫ জনকে চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ, কক্সবাজার এবং ১৪৮ জনকে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এবং ১৭২ জনকে ডিএমপিসহ অন্যান্য মেট্রোপলিটন শহরে চাকরি দিয়ে পাঠানো হয়। কিন্তু নিয়োগের ছয় মাসের মধ্যে ৭৪-৭৯ জন চাকরি ছেড়ে পালান। দেড় বছরের মধ্যে ১৯৪ জন বাহিনীতে পুরোপুরি অনিয়মিত হয়ে পড়েন। আনসার কর্তৃপক্ষ ওই অনিয়মিতদের শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে বরখাস্ত করে। বাকি ৪৯২ জন এখনো চাকরিতে বহাল।পুলিশ, আনসার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরখাস্ত হওয়া ২৭৩ জন আনসার সদস্যের মধ্যে কুষ্টিয়ায় ৪৭ জন, চুয়াডাঙ্গায় ৬২ ও মেহেরপুরে ৪৭ জন আবার চরমপন্থী দলে ফিরে গেছেন। এঁদের অনেকেই এখন দলের নেতৃত্ব দিচ্ছেন। বাকিদের মধ্যে অনেকে নিজ দলীয় সদস্যদের হাতে খুন হয়েছেন, অনেকে পালিয়ে বিদেশে চলে গেছেন। কয়েকজন বিভিন্ন মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। একটি অংশ অবশ্য স্বাভাবিক জীবনে ফিরে গেছে।মেহেরপুরের চিত্র: মেহেরপুরে ১৯৯৯ সালে চরমপন্থী দলের ১৩৮ জন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছিলেন। এঁদের মধ্যে ৪১ জন মেহেরপুর সদর উপজেলার, ৭৯ জন গাংনী উপজেলার, ১৬ জন মুজিবনগর উপজেলার এবং দুজন মেহেরপুর পৌরসভা এলাকার বাসিন্দা। এঁদের মধ্যে ৪৭ জন আনসার সদস্য চাকরি ছেড়ে আবার চরমপন্থী দলে যোগ দিয়েছেন। অস্ত্র প্রশিক্ষণ পাওয়া এসব চরমপন্থীই এখন দলের দক্ষ নেতা হয়ে নতুন সদস্যদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন। এঁদের কেউ চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি-এমএল জনযুদ্ধ ও এমএল লাল পতাকা এবং মাওবাদী কংগ্রেস দলের সঙ্গে যুক্ত। অনেকে ক্ষুদ্র ক্ষুদ্র চরমপন্থী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন। দল ত্যাগ করায় কয়েকজনকে খুন করা হয়েছে। কয়েকজন পালিয়ে বিদেশে চলে গেছেন। অবশ্য প্রায় ৩০ জন স্বাভাবিক জীবন যাপন করছেন। মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইয়ার নবী ও জোহর আলী ১৯৯৯ সালে অস্ত্রসহ আত্মসমর্পণ করে আনসারে চাকরি নেন। পরে চাকরি ছেড়ে পালিয়ে এসে আবার চরমপন্থী দলে যোগ দেন। মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের এনামুল হক হত্যা মামলায় অভিযুক্ত হলে গত ফেব্রুয়ারিতে আদালত তাঁদের কারাদণ্ডাদেশ দেন। একই অপরাধে কারাবন্দী আছেন আমতৈল গ্রামের জান্টু ও শুকলাল। তাঁরাও আনসার থেকে পালিয়ে আবার চরমপন্থী দলে যোগ দিয়েছিলেন।গাংনী উপজেলায় বর্তমানে আনসারের চাকরি ছেড়ে আবার চরমপন্থী সংগঠন এমএল জনযুদ্ধে যোগ দিয়েছেন হাড়াভাঙ্গা গ্রামের মেছতাক, কাবেল, হবি। একইভাবে আনসার থেকে পালিয়ে এমএল লাল পতাকায় যোগ দেন গাংনীর আড়পাড়া গ্রামের সানোয়ার, রাইপুরের বিল্লাল হোসেন, মানজার আলী। এ ছাড়া উপজেলার কাথুলীর ধলা গ্রামের আমিরুল ও শহীদ, রাধাগোবিন্দপুর গ্রামের আলী হোসেন, নাসের, হাসা, সাদিমান, আলামিন, শহীদ, সিদ্দিকুর রহমান, রহিদুল, আমিরুলসহ প্রায় ২০ জন বিভিন্ন খুনের মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত হয়ে ভারতে অবস্থান করছেন। গাংনীর শালদাহ গ্রামের আতিয়ার রহমান অস্ত্রসহ আত্মসমর্পণ করে আনসারে চাকরি নেন। পরে দলচ্যুতির কারণে স্বগোত্রীয়দের হাতে তিনি খুন হন। একইভাবে খুন হন মানিকদী গ্রামের রহমান চুড়িওয়ালার ছেলে ডাবলু। তাঁরই ভাই টাইগার বাবলু চরমপন্থী দল ছেড়ে বাসের সময় নিয়ন্ত্রক পদে চাকরি নিয়েও প্রাণে রক্ষা পাননি। এ ব্যাপারে মেহেরপুর জেলা আনসারের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মুজিবুর রহমান বলেন, ‘হাই অথরিটির লিখিত পারমিশন ছাড়া এই সম্পর্কিত তথ্য দেওয়া নিষেধ।’ মেহেরপুর পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, আনসারে চাকরি পাওয়া অনেক চরমপন্থী আবার আগের অবস্থায় ফিরে খুন-খারাবি করে বেড়াচ্ছেন। এঁদের অনেককেই পুলিশ আটক করতে সক্ষম হলেও আদালতের মাধ্যমে তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন। এঁদের বিরুদ্ধে পুলিশের নজরদারি আছে। চরমপন্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ও তাঁদের অবস্থান জানতে প্রতিটি থানার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া পরিস্থিতি: জানা গেছে, মেহেরপুরের মতো কুষ্টিয়ায় ৬৩ জন এবং চুয়াডাঙ্গায় ৬২ জন আনসার সদস্য চাকরি ছেড়ে আবার চরমপন্থী দলে যোগ দিয়ে এলাকায় ত্রাস হয়ে উঠেছেন। এ ব্যাপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা জেলার ৭১ জন চরমপন্থী অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। এঁদের মধ্যে ৫৮ জন আনসারে চাকরি পান। কিছুদিন পর ১৩ জন পালিয়ে যান। এঁদের মধ্যে একজন মারা গেছেন, দুজন আটক আছেন, ছয়জন স্বাভাবিক জীবন যাপন করছেন, বাকিদের হদিস নেই। কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবুদ্দিন খান বলেন, আনসারে নিয়োগ পাওয়া চরমপন্থীদের অনেকেই পালিয়ে আগের অবস্থায় ফিরে গেছেন। কেউ স্বগোত্রীয়দের হাতে কিংবা নানাভাবে মারা গেছেন। চাকরি থেকে পালানোর কারণ: চাকরি ছাড়ার কারণ জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে চরমপন্থী দলের এক সদস্য বলেন, স্বাভাবিক জীবনে ফেরার আকাঙ্ক্ষা থেকেই তাঁরা আত্মসমর্পণ করে আনসারে গিয়েছিলেন। কিন্তু সেখানেও তাঁদের সন্ত্রাসী বলা হতো। তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা হতো। তাই চাকরি ছেড়ে পালিয়েছেন।অন্ধকার এই জীবন বেছে নেওয়ার কারণ কী জানতে চাইলে ওই সদস্য বলেন, ‘কেউ-ই শখ করে এই পথ বেছে নেয় না। সামাজিক ও রাজনৈতিক অবিচার-অনাচার, পুলিশি হয়রানি ও বিচার না পেয়ে প্রতিশোধের নেশায় অন্ধকার এই পথে নামে।’ একাধিক গোয়েন্দা সংস্থার মতে, চরমপন্থী দলে কেউ একবার নাম লেখালে তিনটি কারণে তিনি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না। প্রথম কারণ, দলের গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে, এই ভয়ে দলের অন্য সদস্যরা এ ধরনের দলচ্যুতদের হত্যা করেন। দ্বিতীয় কারণ, দলচ্যুত হয়ে চাকরি নিয়ে বাড়ি ফেরার পর তাঁকে আবার নানাভাবে চরমপন্থী দলে যোগ দিতে বাধ্য করা হয়। তৃতীয় কারণ, এলাকায় নিজের প্রভাব ও আধিপত্য রক্ষার জন্য তাঁরাও চরমপন্থী দল ছেড়ে বেশিদিন স্বাভাবিক জীবনে থাকতে পারেন না।