আনসার-ভিডিপির ‘শান্তি র‌্যালি’ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আনসার-ভিডিপির উদ্যোগে আজ রোববার ও কাল সোমবার পূর্বনির্ধারিত ‘শান্তি র‌্যালি’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। অশান্তি, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তিন দিনের ‘শান্তি র‌্যালি’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। গতকাল শনিবার প্রথম দিনের মতো র‌্যালিটি অনুষ্ঠিত হয়।আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী আজ প্রথম আলোকে জানান, অনিবার্য কারণে এটি স্থগিত করা হয়েছে। তাই আজ ও কালকের র‌্যালিটি হবে না।প্রসঙ্গত, ‘নৈরাজ্য-বিশৃঙ্খলা’র বিরুদ্ধে রাজপথে আনসার-ভিডিপি!—শিরোনামে আজ প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়। আনসার-ভিডিপির সদর দপ্তরের পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ) শহিদুল আলমের সই করা নির্দেশনায় বলা হয়, ‘সাম্প্রতিককালে লক্ষ করা যাচ্ছে যে অশান্তি, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সমাজে বিস্তৃতি লাভ করেছে। এ পরিপ্রেক্ষিতে আনসার ও ভিডিপি অধিদপ্তর জননিরাপত্তা বিধানকল্পে শান্তি র‌্যালি করার সিদ্ধান্ত নিয়েছে।’ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা ও সিলেট রেঞ্জের অধীনের সব জেলা সদরে এই র‌্যালি করার নির্দেশ দেওয়া হয়। তবে গতকালের কোনো কোনো র্যালিতে হরতালবিরোধী স্লোগান দেওয়ায় আয়োজনটি নিয়ে প্রশ্ন ওঠে। হরতাল সামনে রেখে এ ধরনের কর্মসূচি পালন শৃঙ্খলা বাহিনীকে প্রশ্নের মুখে ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে আনসার-ভিডিপির মহাপরিচালক বলেছিলেন, হরতাল ঘোষণার অনেক আগেই এ কর্মসূচি ঠিক ছিল। এর সঙ্গে রাজনৈতিক কর্মসূচির কোনো সম্পর্ক তৈরি ঠিক হবে না। এ ধরনের বাহিনীকে নিয়ে রাজনীতি করার কিছু নেই।