আনসার সদস্যদের চাকরি স্থায়ী করার আশ্বাস প্রধানমন্ত্রীর (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার ব্যাটালিয়নের সদস্যদের চাকরি পর্যায়ক্রমে স্থায়ী করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী অর্থবছর থেকে এ প্রক্রিয়া শুরু হবে। যেহেতু এবার বাজেট হয়ে গেছে, তাই এবার চাকরি স্থায়ী করা সম্ভব নয়। আগামী বাজেটে এ জন্য অর্থ বরাদ্দ রাখা হবে।আজ মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর ৩৩তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এ বাহিনীর ৫৯ লাখের বেশি সদস্য গ্রামগঞ্জে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন। আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে এ বাহিনীর সদস্যরা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছেন। এ বাহিনীর প্রায় অর্ধেক সদস্য নারী। প্রশিক্ষণপ্রাপ্ত নারী সদস্যরা বিভিন্ন অর্থকরী কাজে নিজেদের সম্পৃক্ত করে পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। সামাজিক আন্দোলনে জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন। এ ক্ষেত্রে এই সুশৃঙ্খল বাহিনী কাজে লাগিয়ে আমরা যেকোনো কঠিন কাজই সম্পন্ন করতে পারি।’প্রধানমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার নিষ্ঠার সঙ্গে কাজ করছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারকাজ চলছে। ইতিমধ্যে দুজনের রায় দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যদের বিচারও শেষ করা হবে। এর আগে প্রধানমন্ত্রী জাতীয় সমাবেশে বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজে আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর চারটি কনটিনজেন্ট অংশ নেয়। বীরত্বপূর্ণ ও সেবামূলক ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য এ বছর আনসার ও ভিডিপি সদস্যদের পদক দেন প্রধানমন্ত্রী। কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি একাডেমির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।বাংলাদেশ আনসার ও ভিডিপির উপপরিচালক মো. হিরা মিয়া জানান, ‘বীরত্বপূর্ণ’ ও ‘সেবামূলক’ ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতি জানাতে ৭৮ জন আনসার ও ভিডিপি সদস্যকে পদক দেওয়া হয়। তাঁদের মধ্যে ১৪ জন নারী সদস্য রয়েছেন। এ বছর পদকের জন্য মনোনীত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ আনসার পদক, রাষ্ট্রপতি আনসার পদক সেবা, বাংলাদেশ ভিডিপি পদক সেবা, রাষ্ট্রপতি ভিডিপি পদক সেবা, রাষ্ট্রপতি আনসার পদক, বাংলাদেশ ভিডিপি পদক ও রাষ্ট্রপতি ভিডিপি পদক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।