আনানের উদ্যোগ সিরিয়ার জন্য শেষ সুযোগ: মস্কো
সিরিয়ায় গৃহযুদ্ধ এড়ানোর জন্য কফি আনানের তত্পরতাকে শেষ সুযোগ বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। গতকাল রোববার মস্কোয় কফি আনানের সঙ্গে সিরিয়া বিষয়ে এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। রাশিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। মেদভেদেভ বলেন, ‘দীর্ঘমেয়াদি ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এড়ানোর জন্য এটি সিরিয়ার জন্য সম্ভবত শেষ সুযোগ।’ একই সঙ্গে সিরিয়া প্রশ্নে জাতিসংঘ ও আরব লিগের দূত কফি আনানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে মস্কো। রাশিয়ার এ সমর্থন জানানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন কফি আনান। তিনি বলেন, ‘আমরা যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাই আমি রাশিয়ার সমর্থন ও উপদেশের ওপর আস্থার রাখছি। একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই শান্তিপূর্ণ সমাধান আসবে।’সিরিয়ার গত এক বছরেরও বেশি সময় ধরে চলা প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী আন্দোলনে আট হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। অপরদিকে সিরিয়ার সরকার দাবি করেছে, সশস্ত্র বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর প্রায় তিন হাজার সদস্যকে হত্যা করেছে।