ইদানীং ভাইরাসবাহিত জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকেই। সঙ্গে শরীরে ভীষণ ব্যথা। আর এমন জ্বরে পড়লে পরিবারের বয়োজ্যেষ্ঠরা প্রথমেই যে ওষুধটির নাম বলেন, তা হলো আনারস! বাজারে এত ওষুধপত্র থাকতে আনারস কেন? নিশ্চয়ই এর পেছনে শক্ত যুক্তি আছে। আমাদের বয়োজ্যেষ্ঠরা তাঁদের অভিজ্ঞতা থেকেই দেখে এসেছেন, আনারস এমন জ্বর এবং ব্যথা-বেদনায় বেশ কার্যকর। মেডিকেল গবেষকেরাও একই কথা বলেন, এসব রোগবালাইয়ের ক্ষেত্রে আনারস সত্যিই দারুণ কার্যকর। আনারসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’; যা কিনা ভাইরাসবাহিত জ্বরে আক্রান্ত রোগীদের জন্য অতি জরুরি। এ ছাড়া এই ফলটিতে আছে আরও অনেক ভিটামিন। খনিজ পদার্থ, এনজাইম এবং প্রচুর পরিমাণে পানি। এসব উপাদানের গুণে খাবার হজম হয় খুব সহজেই। পাশাপাশি পুষ্টিমাত্রা এবং ওজন নিয়ন্ত্রণে রাখতেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। আনারসে চর্বির পরিমাণ খুব সামান্য। সোডিয়ামও আছে, তবে তা কোলেস্টেরলমুক্ত।তবে আনারসের গুণ শুধু জ্বরজারি আর ব্যথা উপশমেই সীমাবদ্ধ নয়; ক্যানসারের মতো ঘাতক ব্যাধির বিরুদ্ধেও তা শক্তিশালী প্রতিষেধক। বিশেষজ্ঞদের গবেষণা মতে, আনারসে প্রচুর পরিমাণে ক্ষুদ্র ক্ষুদ্র পুষ্টিদায়ক পদার্থ বিদ্যমান। আর এই ক্ষুদ্র উপাদানগুলোই ক্যানসারের বিরুদ্ধে জোর লড়াই করে। পাশাপাশি শরীরের ভেতর রক্তের জমাট বাঁধা রোধ এবং হূৎপিণ্ড ও কিডনি সুস্থ রাখতেও বেশ সহায়ক। পাকা আনারস মূত্রবর্ধক ও পিত্তনাশক। এর জুস আন্ত্রিক জীবাণু ধ্বংসে বেশ পটু। এ ছাড়া এই ফল কৃমিনাশক। আর্থ্রাইটিস, বাত ব্যথা, সাইনোসাইটিসেও বেশ উপকারী। মাহফুজ রহমান