আনিসাকে মায়ের হেফাজতে রাখার নির্দেশ দিলেন আদালত
চার বছরের মেয়ে আনিসা ছিদ্দিকাকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হয়। আনিসার মা মুর্শিদা আক্তারের রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ শিশু কন্যাটিকে তাঁর মার হেফাজতে রাখার আদেশ দেন। আদেশে আরো বলা হয়, আগামী ৭ তারিখ শিশু কন্যা আনিসা ছিদ্দিকার বাবা তাঁর সঙ্গে দেখা করতে পারবেন। আনিসার মা মুর্শিদা আক্তার রিট পিটিশনে অভিযোগ করেন, সম্প্রতি তাঁর উত্তরার বাসা থেকে তাঁর শিশু কন্যা আনিসা ছিদ্দিকাকে তাঁর সাবেক স্বামী খুলনা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারি পুলিশ কমিশনার মাহফুজার রহমান জোরপূর্বক নিয়ে যায়। আবেদনকারীর পক্ষে আইনজীবী আমিরুল ইসলাম আদালতে বলেছেন, আনিসা ছিদ্দিকার বাবা সহকারি পুলিশ কমিশনার মাহফুজার রহমান মেয়েকে অপহরণের অভিযোগে অভিযুক্ত। সেজন্য দন্ডবিধি ৩৬১ ও ৩৬৩ ধারায় তিনি অপরাধ করেছেন। শিশুটির মা, বাবা মাহফুজার রহমানের শাস্তি দাবি করেন। মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১২ মে ধার্য করা হয়েছে। প্রসঙ্গত, খুলনার সিএমএম কোর্ট এরআগে এক আদেশে চার বছরের শিশুকন্যাকে মায়ের হেফাজত থেকে নিয়ে যাওয়া বৈধ বলে রায় দেয়। শিশুকন্যাটির মা মুর্শিদা আক্তার এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। তাঁর রিটের প্রেক্ষিতে হাইকোর্ট গতকাল সোমবার স্বরাষ্ট্রসচিব, আইজিপি ও অভিযুক্ত মাহফুজার রহমানের ওপর রুল জারি করেছে। এতে বলা হয়েছে উত্তরায় বাসা থেকে আনিসা ছিদ্দিকাকে জোরপূর্বক নিয়ে যাওয়া কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না।