আনিসুজ্জামানকে তৃতীয় দিনে চার ঘণ্টা জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে গতকাল বুধবার প্রায় চার ঘণ্টা জেরা করেছে আসামিপক্ষ। গতকাল তাঁকে তৃতীয় দিনের মতো জেরা করা হয়।এদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ করেছে, আসামিপক্ষ জেরার নামে আনিসুজ্জামানকে হয়রানি এবং অপ্রাসঙ্গিক প্রশ্ন করে জেরা দীর্ঘায়িত করছে।সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শুরু হয়। আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে আনিসুজ্জামানকে জেরা শুরু করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। একাত্তরের আগে সাকা চৌধুরীর নাম পত্রিকায় দেখেছেন কি না—আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাক্ষী ‘না’ সূচক জবাব দেন। রাজাকার ও শান্তি কমিটির মধ্যে কোনটি আগে গঠিত হয়েছে—এ প্রশ্নে তিনি বলেন, শান্তি কমিটি আগে গঠিত হয়েছে। এপ্রিলের শেষ দিকে শান্তি কমিটি গঠিত হয়। পরের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব রাজনৈতিক দল একাত্তরে পাকিস্তান সরকারকে সমর্থন দিয়েছিল, তাদের সঙ্গে শান্তি কমিটি ও সহযোগী বাহিনীগুলোর কোনো না কোনো সম্পর্ক ছিল। চট্টগ্রামে শান্তি কমিটির প্রধান ছিলেন মাহমুদুন নবী চৌধুরী—এ প্রশ্নে সাক্ষী ‘হ্যা’ সূচক জবাব দিলে আইনজীবী বলেন, তিনি (মাহমুদুন) পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির চট্টগ্রাম শাখার প্রধান ছিলেন, এই দলের প্রধান ছিলেন নুরুল আমিন।একাত্তরে সাকা চৌধুরীর বয়স ২০-২১ ছিল কি না—এ প্রশ্নের জবাবে আনিসুজ্জামান বলেন, তা জানা নেই, তবে হওয়া সম্ভব। আইনজীবী বলেন, তখন তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তখন সাক্ষী বলেন, হতে পারে। নিরাপদ মনে করে পরিবারকে কুণ্ডেশ্বরীতে পাঠিয়েছিলেন কি না—এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার সব পরিবারকে দুটি পথে স্থানান্তরিত করা হয়। এর মধ্যে অনেকে নাজিরহাটের দিকে যান, অনেকে কুণ্ডেশ্বরীতে আশ্রয় নেন। ওই মুহূর্তে ক্যাম্পাসের তুলনায় কুণ্ডেশ্বরীকে নিরাপদ মনে হয়েছিল।এর পরের কয়েকটি প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী বলেন, ‘কুণ্ডেশ্বরীর প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহ প্রতিরোধ যুদ্ধে অনন্য ভূমিকা রেখেছিলেন কি না, তা বলতে পারি না। তবে তাঁর দুই ছেলে মুক্তিযুদ্ধ শুরুর আগে থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখতেন। জানতে পারি, স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও তাঁদের যোগাযোগ ছিল। এই সূত্রে তাঁরা প্রতিরোধ যুদ্ধে সাহায্য করেছিলেন।’ আইনজীবী বলেন, এ বিষয়ে সেনাবাহিনীর কাছে গোয়েন্দা তথ্য ছিল এবং এ জন্য তাঁরা কুণ্ডেশ্বরীতে গিয়েছিলেন। সাক্ষী বলেন, এটা বলা তাঁর পক্ষে সম্ভব নয়।এক প্রশ্নের জবাবে আনিসুজ্জামান বলেন, প্রফুল্ল রঞ্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাঁকে বলেছিলেন, কোনো সমস্যা হলে তাঁরা কুণ্ডেশ্বরীতে গিয়ে থাকতে পারেন। তবে প্রফুল্লর বাবা নূতন চন্দ্র তাঁকে এ কথা বলতে পাঠিয়েছিলেন কি না, তা তিনি বলতে পারবেন না। একপর্যায়ে আহসানুল হক প্রশ্ন করেন, কুণ্ডেশ্বরী ঔষধালয়ের তৈরি সুরা ‘মৃতসঞ্জীবনী’ দেশের একটি প্রসিদ্ধ ব্র্যান্ড, এটা জানেন? জবাবে আনিসুজ্জামান ‘না’ সূচক জবাব দেন। আইনজীবী বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, অনেক নামীদামি লোক কুণ্ডেশ্বরীতে যান ওই সুরা খাওয়ার মতলবে। এ প্রশ্নে ট্রাইব্যুনাল আপত্তি জানিয়ে বলেন, এ ধরনের প্রশ্ন করা যাবে না। তখন দুই পক্ষের আইনজীবীদের মধ্যে কিছুক্ষণ বিতর্ক হয়।পরের কয়েকটি প্রশ্নের জবাবে আনিসুজ্জামান বলেন, একাত্তরে কুণ্ডেশ্বরীতে বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বড় ভাই আবদুল্লাহ আল হারুনের সঙ্গে তাঁর দেখা হয়। ১৯৭৯ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচনে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন, তবে জামানত হারিয়েছিলেন কি না, তা জানা নেই। ১৯৮৬ সালে চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সংসদ নির্বাচনে সালাউদ্দিন কাদেরের কাছে পরাজিত হয়েছিলেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ১৯৯১ সালে আবদুল্লাহ হারুন আবার সালাউদ্দিন কাদেরের কাছে হারেন কি না, এটা তাঁর জানা নেই। আবদুল্লাহ হারুন বেঁচে নেই। তিনি ও প্রফুল্ল রঞ্জন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে আগে ও পরে যত মামলা হয়েছে, সেগুলো হারুনের ইন্ধনে প্রফুল্ল করেছেন কি না, তা তাঁর জানা নেই।জেরার একপর্যায়ে সাক্ষী বলেন, কলকাতায় শরণার্থীদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক তাঁর পরে গিয়েছিলেন, তাঁদের অনেকের সঙ্গেই নূতন চন্দ্র সিংহের হত্যার ব্যাপারে আলোচনা হয়েছিল। এঁদের মধ্যে রয়েছেন অনুপম সেন, মাহবুব তালুকদার, গোলাম মোস্তফা।মধ্যাহ্নবিরতির পর আনিসুজ্জামানকে আবারও জেরা করেন আহসানুল হক। চট্টগ্রামের শান্তি কমিটিতে কনভেনশন মুসলিম লীগের কোনো সদস্য ছিলেন না, সবাই পিডিপির ছিলেন—আইনজীবীর এ বক্তব্যে সাক্ষী বলেন, হতে পারে। সবার নাম জানা নেই। নূতন চন্দ্র সিংহের সৎকার তিন দিন পরে হয়েছিল, এটা তিনি শুনেছেন। সৎকারে নূতন চন্দ্রের পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। প্রফুল্ল রঞ্জনের আগে কেউ তাঁকে নূতন চন্দ্রের হত্যার ঘটনা বলেননি।রামগড় থানায় ওয়্যারলেস বার্তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা-বিষয়ক কোনো বার্তা এসেছিল কি না—আইনজীবী এ প্রশ্ন করলে ট্রাইব্যুনাল বলেন, এ প্রশ্ন করা যাবে না। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আপত্তি জানিয়ে বিভিন্ন মন্তব্য করেন। এ নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বিতর্ক শুরু হলে ট্রাইব্যুনাল বলেন, ‘আপনারা এখানে মারামারি বাধান, আমরা দেখি।’ রাষ্ট্রপক্ষের উদ্দেশে ট্রাইব্যুনাল বলেন, ‘এই প্রশ্ন করা যাবে না বললে আসামিপক্ষ চুপ ছিল। কিন্তু আপনারা কেন মন্তব্য করলেন?’নূতন চন্দ্র হত্যার বিষয়টি রাউজান এলাকার অন্য কারও কাছে যাচাই করেছিলেন কি না—আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ‘না করিনি, সে সুযোগও ছিল না।’ এই হত্যার বিষয়টি জানার পর পরিচিত ও জীবিত আছেন এমন কারও কাছে ঘটনাটি বলেছিলেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, এমন তিনজন হচ্ছেন ড. মাহমুদ শাহ কোরেশী, ড. রশিদুল হক ও ওসমান জামাল।আহসানুল মত দেন, নূতন চন্দ্র সিংহ একাত্তরের ১৩ এপ্রিল নয়, ৭ এপ্রিল নিহত হন। তখন আনিসুজ্জামান বলেন, ‘আমার শোনা মতে ১৩ এপ্রিল।’ আইনজীবী বলেন, প্রফুল্ল সিংহ বিশেষ উদ্দেশ্যে ৭ তারিখের পরিবর্তে ১৩ তারিখ বলেছেন। সাক্ষী বলেন, এটা সত্য নয়। আইনজীবীর অপর কয়েকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। সেখানে তিনি সদস্য ছিলেন। পরে গণ-আদালত প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেখানে তিনি একজন অভিযোগকারী ছিলেন। গণ-আদালতে সাকা চৌধুরীর বিচার করা হয়নি—আইনজীবীর এ প্রশ্নে তিনি বলেন, গণ-আদালত গঠন করা হয়েছিল শুধু গোলাম আযমের বিচারের জন্য। অন্য কারও বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের সুযোগ সেখানে ছিল না।কার্যক্রম মুলতবির আগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম বলেন, অপ্রাসঙ্গিক প্রশ্ন করে জেরা দীর্ঘায়িত করে সাক্ষীকে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। তিনি ট্রাইব্যুনালের কাছে এর প্রতিকার চান। ট্রাইব্যুনাল বলেন, আজ (বুধবার) জেরায় অপ্রাসঙ্গিক প্রশ্ন তেমন ছিল না। বৃহস্পতিবার আসামিপক্ষ সাক্ষীকে জেরা করবে। এক ঘণ্টার মধ্যে তাঁকে জেরা শেষ করতে হবে।বিকেল সোয়া চারটার দিকে জেরা অসমাপ্ত অবস্থায় কার্যক্রম আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।