আনিসুজ্জামানের বইয়ের মোড়ক উন্মোচন
শিক্ষাবিদ আনিসুজ্জামানের প্রবন্ধ সংকলন ‘ইহজাগতিকতা ও অন্যান্য’ প্রকাশিত হয়েছে কলকাতার জাতীয় জাদুঘরে। আজ শুক্রবার জাদুঘরের আশুতোষ জন্মশতবার্ষিকী মিলনায়তনে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বইটির মোড়ক উন্মোচন করেন। লেখকের ৫০ বছরের গবেষণালব্ধ প্রবন্ধ থেকে বেছে নেওয়া ৪০টি প্রবন্ধ নিয়ে ওই সংকলনটি করা হয়েছে। মোড়ক উন্মোচন শেষে সুনীল গঙ্গোপাধ্যায় আনিসুজ্জামানের হাতে বইটি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ৪০০ পাতার বইটি প্রকাশ করেছে কলকাতার গ্রন্থ প্রকাশনা সংস্থা কারিগর। এর দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ রুপি। কারিগরের কর্ণধার দেবশিস গাউ প্রথম আলোকে বলেন, বাংলাদেশের এই প্রথিতযশা লেখকের বইটি প্রকাশ করতে পেরে আমরা গর্বিত।প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত লেখিকা সেলিনা হোসেন, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম, কলকাতা জাতীয় গ্রন্থাগারের মহাপরিচালক স্বপন চক্রবর্তী, অধ্যাপক শিবাজী বন্দ্যোপাধ্যায় প্রমুখ।অনুষ্ঠানে আনিসুজ্জামান বলেন, কলকাতা থেকে তাঁর এই বই প্রকাশ হওয়ায় তিনি আনন্দিত। উপস্থিত অন্য অতিথিরা তাঁদের আলোচনায় বলেন, অধ্যাপক আনিসুজ্জামান বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি শুধু বাংলাদেশেরই নন, সমগ্র বিশ্বের বাংলা সাহিত্যের গর্ব।