এতদিন আনুশেহ্ গেয়েছেন লালন সাঁই থেকে শুরু করে সমকালীন গীতিকারদের গান। এবার তিনি গেয়েছেন নিজের রচিত গান। আশ্রয় নিয়েছেন বাংলার চিরায়ত প্রেম-দর্শনের সঙ্গে সমকালীন বৈশ্বিক বাস্তবতায়, এমনকি ধ্রুপদী সংগীতের গুরুবাদী ঘরানায়। এসব গান নিয়ে বেরিয়েছে আনুশেহ্র প্রথম একক অ্যালবাম রাই। আর আনুশেহ্ তা প্রকাশ করলেন ইন্টারনেটে, www.anushehanadil.com ঠিকানায়। বললেন, ‘আমার মনে হয়, শিল্পের সঙ্গে টাকাপয়সার কথা এলে শিল্পের মৃত্যু ঘটে। টাকা উপার্জনের চিন্তা করে গান গাইলে সে গান কতটুকু গান হয়, তা নিয়ে আমার সন্দেহ আছে। আমি প্রাণের ক্ষুধা মেটানোর জন্য গান গাই এবং আমি চাই অন্যরাও যেন প্রাণের ক্ষুধা মেটাতে আমার গান শুনতে পারে। এর জন্য কাউকে টাকা দিতে বাধ্য করতে চাই না। তাই ইন্টারনেটে আমার গান সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমরা বাংলা ব্যান্ডের দুটি অ্যালবাম করতে গিয়ে বুঝেছি, প্রমোটারের পেছনে ছোটা একজন শিল্পীর জন্য কতটা গ্লানির। আর তখন প্রমোটার ছাড়া অ্যালবাম বের করাও অসম্ভব ছিল। এখন ইন্টারনেট সেই প্রমোটারের জায়গা দখল করেছে, আমি সেই সুযোগটা নিয়েছি। রাই-এর সব গান ইন্টারনেটে যে কেউ জিরো থেকে শুরু করে ২০ ডলার/টাকা প্রেস করে কিংবা বিনা পয়সায়ও ডাউনলোড করতে পারবেন। এরই মধ্যে রাই অ্যালবামের গান প্রায় ১০ হাজার বার নামানো (ডাউনলোড) হয়েছে। বিদেশ থেকে অনেকেই পাঁচ ডলার, ১০ ডলার, ১৫ ডলার দিয়ে গানগুলো ডাউনলোড করেছেন। এখন সেই টাকা দিয়ে আমি নিজেই সিডি বের করব।’ রাই অ্যালবামে বাদ্যযন্ত্রে সঙ্গত করেছেন পবন দাস বাউল, ওস্তাদ রওশন আলী, তন্ময় বোসসহ আরও অনেকে। রাই নামটা একটু ব্যতিক্রম, কেন এই নামকরণ? আনুশেহ্ বললেন, ‘আমার ভেতর যে রাধা বাস করে, এই অ্যালবামের গানগুলো তারই লেখা। তাই এই অ্যালবামের নাম রেখেছি রাই।’ অ্যালবামে আছে ১১টি গান। এর মধ্যে নয়টি গানের কথা ও সুর আনুশেহ্র নিজের, অন্য দুটি গানের কথা নেওয়া হয়েছে প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের লেখা থেকে। তবে তারেকের একটি গানের আংশিক গীতিকার হলেন শাহ আলম বয়াতি। আনুশেহ্ তাঁর রাই অ্যালবামের গানগুলো লিখেছেন ও সুর দিয়েছেন ১৯৯৭ থেকে শুরু করে ২০১১ সালের মধ্যে। এসব গানের কথার ভেতর দিয়ে শ্রোতারা আনুশেহ্র রাই অ্যালবামের ভাব ও দর্শনগত তাৎপর্য অনুভব করতে পারবেন।