আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
আমরা কলকাতায় ফিরে এসে সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নেবার জন্য চিন্তাভাবনা করছি। আমরা সিদ্ধান্ত নিলাম যে, এই অনুষ্ঠান সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং বাংলাদেশের সীমানার ভেতরে হবে। ১৭ এপ্রিলের অনুষ্ঠানের ব্যাপারে ভীষণভাবে গোপনীয়তা রক্ষা করা হল।...আমি আর মান্নান সাহেব ১৬ তারিখ সন্ধ্যাবেলা কলকাতা প্রেস ক্লাবে গেলাম। এই প্রথম বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করবেন। লোকে লোকারণ্য প্রেস ক্লাব, তিল ধারণের স্থান নেই।পরদিন সকালেপ্রেসক্লাব থেকে সাংবাদিকদের নিয়ে রওনা দিলাম।...সবাইকে নিয়ে আমরা চলেছি বৈদ্যনাথতলাতে। আমরা সকাল ১১টার দিকে পৌঁছলাম। আমরা আগে থেকেই আম্রকাননে সবকিছু ঠিক করে রেখেছিলাম। স্টেজ তৈরি করা হয়েছিল।...সমস্ত পার্লামেন্ট সদস্যদের পক্ষ থেকে চীফ হুইপ হিসেবে অধ্যাপক ইউসুফ আলীকে প্লেনিপোটেনশিয়ারি নিযুক্ত করে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়, ইউসুফ আলি সাহেব ঘোষণাপত্রের বাংলা অনুবাদটি পাঠ করেন। সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দীন সাহেব তাঁদের লিখিত বক্তৃতা দিলেন এবং এই বক্তৃতার কপি সাংবাদিকদের দেয়া হল। সে দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে। সাংবাদিকরা কাভার করলেন যে, এটা হল আমাদের সরকারের আনুষ্ঠানিক সূচনা বা আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।সূত্র: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র, পঞ্চদশ খণ্ড